ঢাকা,  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, কার্তিক ৭ ১৪৩৩

মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

বিনিয়োগ

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০,১২ অক্টোবর ২০২৬

সর্বশেষ

মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

ছবি- মোংলা ইপিজেড

দেশের তৈরি পোশাক খাতে নতুন করে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড। বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি। সেখানে বছরে ৬০ লাখ পিস অন্তর্বাস ও ব্রা উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কমপ্লেক্সে এ-সংক্রান্ত ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লি কিয়াংকিয়াং স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

বেপজা জানিয়েছে, চীনা প্রতিষ্ঠানটি মোংলা ইপিজেডে ১৬ হাজার ৪২৬ দশমিক ৩৭ বর্গমিটার জমিতে কারখানা স্থাপন করবে। উৎপাদন পরিকল্পনা অনুযায়ী, কারখানাটির বার্ষিক সক্ষমতা হবে ৬০ লাখ পিস পোশাক। মূলত আন্তর্জাতিক বাজারের জন্য অন্তর্বাস ও ব্রা তৈরি করা হবে।

প্রতিষ্ঠানটির পরিকল্পিত উৎপাদন তালিকায় এয়ারি, ক্যালভিন ক্লেইন, জারা, ফ্লোরেন্স অ্যান্ড ফ্রেড, এএসওএস ও প্রাইমার্কের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ক্রেতা হিসেবে এইচঅ্যান্ডএম, ওয়ালমার্ট, মার্কস অ্যান্ড স্পেনসার এবং গ্যাপের নাম উল্লেখ করেছে বেপজা।

লংটেং গার্মেন্ট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ, আলজেরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, চিলি, মেক্সিকো, ইরাক, জাপান ও কানাডায় পণ্য রপ্তানির পরিকল্পনা করছে। ফলে কারখানাটির সম্ভাব্য বাজার উত্তর আমেরিকা ও ইউরোপের পাশাপাশি এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায়ও বিস্তৃত।

নতুন বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। কারখানা স্থাপন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এদিকে মোংলা ইপিজেডের বিদ্যমান বিনিয়োগ ও রপ্তানি পরিস্থিতির তথ্যও প্রকাশ করেছে বেপজা। সংস্থাটির হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইপিজেডটিতে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। আরও ১০টি প্রতিষ্ঠানের বাস্তবায়ন কার্যক্রম চলছে।

প্রতিষ্ঠার পর থেকে মোংলা ইপিজেডে মোট বিনিয়োগ হয়েছে ২৭ কোটি ১৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। একই সময়ে এখানকার শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ১৭০ কোটি ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। ইপিজেডটিতে বর্তমানে ১৬ হাজার ২১২ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।

সর্বশেষ