ডিএসজে কোলাজ
পাঁচ ব্যাংককে বন্ড ছেড়ে মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে চার ব্যাংক ২ হাজার ৫০০ কোটি টাকা তুলবে ব্যাসেল-৩ অনুযায়ী টিয়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করতে। আর ব্র্যাক ব্যাংক একাই তুলবে ১ হাজার কোটি টাকা, যা গ্রাহকদের কম খরচে পরিবেশবান্ধব অর্থায়নে ব্যবহার করা হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য জানিয়েছে।
ব্র্যাক ব্যাংক তিন বছর মেয়াদি এক হাজার কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, জিরো-কুপন গ্রিন বন্ড ছাড়বে। এর সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে ব্র্যাক ব্যাংকের যোগ্য গ্রাহকদের কম খরচে পরিবেশবান্ধব অর্থায়ন করা হবে। এর ট্রাস্টি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ইস্যু ব্যবস্থাপক আইডিএলসি ইনভেস্টমেন্ট। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত হবে।
বাকি চার ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড ছেড়ে সম্মিলিতভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা তুলবে। সংগৃহীত অর্থ ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়ার ব্যাসেল-৩ অনুযায়ী টিয়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করতে ব্যবহার হবে।
চারটি সাবঅর্ডিনেটেড বন্ডের কুপন রেট হবে ‘রেফারেন্স রেটের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ’। তবে বিএসইসির বিজ্ঞপ্তিতে কোন বেঞ্চমার্ককে রেফারেন্স রেট হিসেবে নেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি। ফলে বন্ডগুলোর কার্যকর কুপন রেট নির্ণয় করা যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংক অবশ্য বর্তমানে লেনদেনভিত্তিক দুটি মানি মার্কেট রেফারেন্স রেট প্রকাশ করে। ২৮ সেপ্টেম্বর ডিওএমএমআর ছিল ৮ দশমিক ৭০ শতাংশ এবং বিওএফআর ছিল ৮ দশমিক ৮৬ শতাংশ। কিন্তু বিএসইসির বিজ্ঞপ্তিতে এই দুই হারের কোনো একটিকে আলোচ্য বন্ডগুলোর রেফারেন্স রেট হিসেবে চিহ্নিত করা হয়নি। তাই এর সঙ্গে ৩ শতাংশ যোগ করে বন্ডগুলোর কুপন যথাক্রমে ১১ দশমিক ৭০ বা ১১ দশমিক ৮৬ শতাংশ হবে—এটি নিশ্চিত নয়।
ওয়ান ব্যাংক ৪০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৬ ছাড়বে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। এর ট্রাস্টি গ্রিন ডেল্টা ক্যাপিটাল এবং ইস্যু ব্যবস্থাপক ইউসিবি ইনভেস্টমেন্ট। তবে বিএসইসির বিজ্ঞপ্তিতে বন্ডটির মেয়াদ উল্লেখ করা হয়নি।
সাউথইস্ট ব্যাংক ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি ষষ্ঠ সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে। আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেটের এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ব্যবস্থাপক ইউসিবি ইনভেস্টমেন্ট।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অনুমোদন পেয়েছে ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এর ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ব্যবস্থাপক ইউসিবি ইনভেস্টমেন্ট। সংগৃহীত অর্থ ব্যাংকটির টিয়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করবে।
আর ব্যাংক এশিয়া ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডের অর্থ টিয়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করার পাশাপাশি যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃঅর্থায়নে ব্যবহার হবে। ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ব্যবস্থাপক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।
চার ব্যাংকের বন্ডগুলো প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। পাঁচটি বন্ডই স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত হবে।















