ডিএসজে
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে ২০২৯ সাল করায় বাংলাদেশকে ব্যতিক্রমী সুযোগ দিয়েছে জাতিসংঘ। তবে এই সুযোগ কাজে লাগাতে আগামী তিন বছরে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ পুনরুদ্ধার ও রপ্তানি বহুমুখীকরণে ব্যতিক্রমী অর্জন দেখাতে হবে সরকারকে। শুধু প্রতিশ্রুতি নয়, সংস্কার বাস্তবায়নের দৃশ্যমান ফলাফল চায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার (১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘের সিদ্ধান্ত ও আমাদের পর্যবেক্ষণ’ শীর্ষক মিডিয়া সংলাপে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এলডিসি উত্তরণের তিনটি সূচকেই বাংলাদেশ নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে। মাথাপিছু জাতীয় আয়ের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ১৬ শতাংশ, মানবসম্পদ সূচকে ১৭ শতাংশ এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকে প্রায় ৩২ শতাংশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরপরও অতিরিক্ত সময় দেওয়া জাতিসংঘের একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত।
তাঁর মতে, এই সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশকেও আগামী তিন বছরে ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে। কারণ, বাড়তি সময় পাওয়ার অর্থ শুধু উত্তরণের তারিখ পিছিয়ে যাওয়া নয়; বরং অর্থনীতির বিদ্যমান দুর্বলতা কাটিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়ার নতুন সুযোগ।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নিজে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি দিয়ে অতিরিক্ত সময় চেয়েছেন। ফলে এলডিসি উত্তরণের প্রস্তুতি এখন আর শুধু আমলাতান্ত্রিক কিংবা কারিগরি বিষয় নয়। এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক দায়বদ্ধতায় পরিণত হয়েছে।
আগামী তিন বছরে সরকারকে একই সঙ্গে তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এগুলো হলো উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার।
তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল রাখা, রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যাংক খাতের সংস্কার এবং সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে।
উত্তরণের প্রস্তুতি জাতীয় সংসদে আলোচনার পাশাপাশি মন্ত্রিপরিষদের নিয়মিত আলোচ্যসূচিতে রাখার পরামর্শ দেন তিনি। প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্ব নির্ধারণ এবং অগ্রগতি প্রকাশে একটি উন্মুক্ত ড্যাশবোর্ড তৈরির প্রস্তাবও দেন।
অর্থনীতির বিদ্যমান দুর্বলতা তুলে ধরে দেবপ্রিয় বলেন, দেশের কর-জিডিপি অনুপাত প্রায় ৬ দশমিক ৯ শতাংশ। চলতি অর্থবছরে তা ৯ দশমিক ২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অর্থাৎ এক অর্থবছরে ২ দশমিক ৩ শতাংশ পয়েন্ট বৃদ্ধির লক্ষ্য রয়েছে। অথচ আগের অর্থবছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
ব্যাংক খাতেও একই ধরনের চ্যালেঞ্জ রয়েছে। খেলাপি ঋণের হার প্রায় ৩৩ শতাংশ থেকে ২০ শতাংশে নামানোর লক্ষ্য নেওয়া হলেও সাম্প্রতিক প্রবণতা বিপরীতমুখী। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এই লক্ষ্য অর্জনের বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে।
সিপিডির মূল্যায়নে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, জ্বালানি নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও পণ্য পরিবহনব্যবস্থা—এই চার ক্ষেত্রে সংস্কারকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে বন্দর, শুল্ক ব্যবস্থাপনা ও পরিবহনে অদক্ষতা দূর না হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো কঠিন হবে।
সংলাপে সিপিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান সংস্কার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। সিপিডির পর্যবেক্ষণে থাকা ২৩টি উদ্যোগের মধ্যে ছয়টি প্রস্তাব পর্যায়ে, নয়টির কাজ শুরু হয়েছে, দুটি আইন ও নীতিগত পদক্ষেপের পর্যায়ে এবং ছয়টি কার্যক্রম চালুর পর্যায়ে রয়েছে। তবে কোনো উদ্যোগই চূড়ান্ত বাস্তবায়ন পর্যায়ে পৌঁছায়নি।
এই চিত্র বাড়তি তিন বছরের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পরও বাস্তবায়নের অগ্রগতি সীমিত থাকলে ২০২৯ সালের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন করা কঠিন হবে।
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, এলডিসি উত্তরণকে শুধু বিদ্যমান বাণিজ্যসুবিধা, মেধাস্বত্বের ছাড় কিংবা ওষুধ উৎপাদনের বিশেষ সুবিধা ধরে রাখার সুযোগ হিসেবে দেখলে চলবে না। বরং এই সময় অর্থনীতির কাঠামোগত পরিবর্তনে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বড় ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, বিনিয়োগকারী ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধু বড় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিলে উত্তরণ অন্তর্ভুক্তিমূলক হবে না।
রপ্তানি বহুমুখীকরণে তৈরি পোশাকের মধ্যেও বড় সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্য উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন। একই সঙ্গে সেমিকন্ডাক্টর সংযোজন, শ্রমঘন শিল্প, সেবা খাত এবং মাতারবাড়ী-মহেশখালী শিল্প উন্নয়ন উদ্যোগকে নতুন বিনিয়োগের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন।
তাঁর মতে, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাজারসুবিধা পেলেই হবে না। শ্রম অধিকার, পরিবেশগত মান, কার্বন নিঃসরণ ও আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত শর্ত পূরণের সক্ষমতাও বাড়াতে হবে।
অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, এলডিসি উত্তরণের প্রস্তুতি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ পুনরুদ্ধার পরস্পর সম্পর্কিত। এগুলোর জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা, সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ এবং নিয়মিত মূল্যায়ন প্রয়োজন।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের সুফল সবাই সমানভাবে পাচ্ছে না। তাই উত্তরণের সাফল্য শুধু আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি, বৈষম্য হ্রাস ও সাধারণ মানুষের জীবনমানের উন্নতি দিয়েও বিচার করতে হবে।
এদিকে জাতিসংঘের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর সাধারণ পরিষদ বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। তবে এই সিদ্ধান্তের সঙ্গে কাঠামোগত দুর্বলতা কাটাতে উল্লেখযোগ্য সংস্কারের প্রত্যাশাও যুক্ত রয়েছে।
সিপিডির মূল বার্তা হলো, বাড়তি তিন বছর কোনো স্থায়ী ছাড় নয়। এই সময়ের মধ্যে প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন, বিনিয়োগ বৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করতে পারলেই বাংলাদেশের এলডিসি উত্তরণ টেকসই হবে।














