ডিএসজে কোলাজ
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, তা নির্ধারণের পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেছে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ ও গবেষণা সংস্থা সিপিডি। শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা, দারিদ্র্যসীমা ও বাসাভাড়ার হিসাব নিয়ে সিপিডির বিশ্লেষণে প্রশ্ন তুলেছে বিজিএমইএ। জবাবে সিপিডি বলছে, এসব আপত্তির অধিকাংশই প্রয়োজনীয় মজুরির হিসাবে বড় পরিবর্তন আনে না।
গত ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির উপস্থাপনার পর ১৯ নভেম্বর সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদকে চিঠি দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এর তিন দিন পর রোববার (২২ নভেম্বর) বিজিএমইএ সভাপতিকে পাঁচ পৃষ্ঠার জবাব পাঠায় সিপিডি। দুই প্রতিষ্ঠানের চিঠিতে মজুরি নির্ধারণের পদ্ধতির পাশাপাশি শিল্পের আর্থিক সক্ষমতা নিয়েও ভিন্ন অবস্থান উঠে এসেছে।
বিজিএমইএর প্রথম আপত্তি শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা নিয়ে। সিপিডি চার সদস্যের পরিবার ও গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে হিসাব করেছে। বিজিএমইএর বক্তব্য, বিভিন্ন গবেষণার মধ্যমানের পরিবর্তে সরল গড় ব্যবহার বেশি যৌক্তিক। পাশাপাশি বিবিএসের ২০২৩ সালের আর্থসামাজিক ও জনমিতিক জরিপে পাওয়া ৩ দশমিক ৯৬ জন সদস্যের তথ্য ব্যবহারের পরামর্শ দিয়েছে সংগঠনটি।
জবাবে সিপিডি জানিয়েছে, পাঁচটি গবেষণায় পরিবারের সদস্যসংখ্যার সরল গড় ৩ দশমিক ৯৩ জন, আর তাদের ব্যবহৃত মধ্যমান চারজন। বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী ৩ দশমিক ৯৬ জন ধরলে দারিদ্র্যসীমাভিত্তিক প্রয়োজনীয় মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হয়। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।
উপার্জনকারী সদস্যসংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছে বিজিএমইএ। সংগঠনটির যুক্তি, সিপিডির আগের গবেষণার সঙ্গে বর্তমান হিসাবের পার্থক্য রয়েছে। সিপিডির পাল্টা বক্তব্য, বিবিএসের ২০২২ সালের জরিপ অনুযায়ী শহরাঞ্চলে পরিবারপ্রতি উপার্জনকারী ১ দশমিক ৩৭ জন। এই সংখ্যা ব্যবহার করলে প্রয়োজনীয় মজুরির হিসাব বরং আরও বাড়বে। তবে বিভিন্ন গবেষণার তথ্য ব্যবহার নতুন প্রতিনিধিত্বশীল জরিপের বিকল্প নয় বলে স্বীকার করেছে সংস্থাটি।
দ্বিতীয় বড় বিতর্ক দারিদ্র্যসীমা নিয়ে। বিজিএমইএর দাবি, শুধু ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা ব্যবহার না করে দেশের বিভিন্ন অঞ্চলের শহর ও গ্রামের দারিদ্র্যসীমা বিবেচনায় নেওয়া উচিত। সংগঠনটি এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যা ও শিল্পের অবস্থান অনুযায়ী ভারিত গড় ব্যবহারের প্রস্তাব দিয়েছে।
সিপিডির জবাব, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ অধিকাংশ পোশাকশিল্পাঞ্চলের শ্রমিকদের বাসাভাড়া ও বাজারনির্ভর জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শহরাঞ্চলের দারিদ্র্যসীমা প্রাসঙ্গিক। তবে এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যার নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে ভারিত গড় ব্যবহার আরও যথাযথ হতে পারে। এ জন্য বিজিএমইএর কাছে তথ্য চেয়েছে সংস্থাটি।
তৃতীয় আপত্তি বাসাভাড়া নিয়ে। বিজিএমইএর পর্যবেক্ষণ, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যে আবাসন ব্যয় অন্তর্ভুক্ত থাকার পরও আলাদাভাবে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করলে একই খরচ দুবার গণনার আশঙ্কা থাকে। সিপিডি এই অভিযোগ নাকচ করে জানিয়েছে, খাদ্যবহির্ভূত ব্যয় থেকে বাসাভাড়া বাদ দিয়েই অন্যান্য প্রয়োজনীয় খরচ হিসাব করা হয়েছে। ফলে একই ব্যয় দুবার ধরা হয়নি।
মজুরি বৃদ্ধির বাস্তব প্রভাব নিয়েও দুই পক্ষের অবস্থানে পার্থক্য রয়েছে। বিজিএমইএ জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ থেকে ৯ শতাংশ করা হয়েছে। পাশাপাশি শিল্পের উৎপাদন ব্যয়, রপ্তানিমূল্যের চাপ, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং অন্যান্য গ্রেডের শ্রমিকদের মজুরি বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।
সিপিডি বলছে, বার্ষিক ৯ শতাংশ মজুরি বৃদ্ধি গুরুত্বপূর্ণ হলেও তা নতুন শ্রমিকের ন্যূনতম মজুরি পরিবর্তন করে না। সর্বনিম্ন গ্রেডে নতুন যোগদানকারীর নির্ধারিত মজুরি এখনো ১২ হাজার ৫০০ টাকা। অবশ্য বার্ষিক বৃদ্ধির কারণে কারখানার মোট শ্রমব্যয় বেড়েছে বলেও স্বীকার করেছে সংস্থাটি।
শিল্পের সক্ষমতা নিয়ে বিজিএমইএর উদ্বেগের জবাবে সিপিডি জানিয়েছে, উৎপাদন ব্যয়, সুদহার, রপ্তানিমূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ বিবেচনায় নিয়েই নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে মজুরির একটি আনুমানিক পরিসর তুলে ধরা হয়েছে। তবে কারখানার ব্যয় ও মুনাফার হালনাগাদ তথ্য ছাড়া মজুরি দেওয়ার প্রকৃত সক্ষমতা নির্ধারণ কঠিন।
দুই পক্ষই তথ্যভিত্তিক আলোচনার প্রয়োজনীয়তায় একমত হলেও মূল প্রশ্নে মতপার্থক্য রয়ে গেছে। বিজিএমইএ শিল্পের প্রতিযোগিতা ও ব্যয়বৃদ্ধির চাপকে গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে সিপিডির অবস্থান, শ্রমিকের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের সক্ষমতা বিবেচনা করতে হবে, তবে জ্বালানিসংকট, উচ্চ সুদহার কিংবা দুর্নীতির দায় কম মজুরির মাধ্যমে শ্রমিকদের ওপর চাপানো যাবে না।











