ছবি: সংগৃহীত
সরকার এক বছরে যে পরিমাণ কর আদায় করেছে, বিভিন্ন কর অব্যাহতি ও করছাড়ের মাধ্যমে প্রায় সমপরিমাণ সম্ভাব্য রাজস্ব ছেড়ে দিয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২২ অর্থবছরে এসব কর সুবিধার কারণে রাজস্ব ত্যাগের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই বছরের মোট কর আয়ের প্রায় সমান।
বিপুল এই করছাড়ের মধ্যেই ঋণের সুদ ও জ্বালানি ভর্তুকির চাপে সংকুচিত হচ্ছে সরকারের উন্নয়ন বিনিয়োগের সক্ষমতা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬’ প্রতিবেদনে সরকারি অর্থব্যবস্থার এই চিত্র উঠে এসেছে। সংস্থাটি বলেছে, কর অব্যাহতি যৌক্তিকীকরণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা গেলে উন্নয়ন খাতে বিনিয়োগের জন্য বাড়তি অর্থের সংস্থান সম্ভব।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের কর রাজস্ব ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। করবহির্ভূত আয়সহ সরকারের মোট রাজস্ব দাঁড়ায় ৮ শতাংশে, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অর্ধেকেরও কম। রাজস্ব আদায়ের এই দুর্বলতা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগের সুযোগ সীমিত করছে।
প্রতিবেদনে কর অব্যাহতি ও অন্যান্য কর সুবিধার কারণে সম্ভাব্য রাজস্ব ত্যাগকে সরকারের আর্থিক সক্ষমতা বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ জন্য বিদ্যমান করছাড় যৌক্তিকীকরণ, মূল্য সংযোজন কর এবং আমদানি-রপ্তানি পর্যায়ের কর ব্যবস্থায় সংস্কারের সুপারিশ করেছে বিশ্বব্যাংক।
তবে করছাড়জনিত রাজস্ব ত্যাগের পুরো অর্থই ছাড় প্রত্যাহার করলে আদায় হবে, এমন নয়। করছাড় কমানোর ফলে ব্যবসা, বিনিয়োগ ও করদাতাদের আচরণে পরিবর্তন আসতে পারে। ফলে সম্ভাব্য রাজস্ব ত্যাগের হিসাব এবং বাস্তবে অতিরিক্ত কর আদায়ের পরিমাণ এক নাও হতে পারে।
রাজস্ব আদায়ের সীমাবদ্ধতার পাশাপাশি সরকারের নিয়মিত ব্যয়ের চাপও বাড়ছে। বিশ্বব্যাংকের হিসাবে, ২০১৭ অর্থবছরে ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। ২০২৬ অর্থবছরে তা বেড়ে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।
বিশেষ করে অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে সরকারের বেশি ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সীমিত হচ্ছে।
সরকারি মূলধনি ব্যয়ের পরিসংখ্যানেও অর্থসংকটের প্রভাব স্পষ্ট। ২০২২ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ ছিল সরকারের মূলধনি ব্যয়। ২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে জিডিপির অনুপাতে মূলধনি ব্যয় কমেছে ২ দশমিক ১ শতাংশ পয়েন্ট।
একই অর্থবছরে শিক্ষা খাতে সরকারি ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক কম। বিশ্বব্যাংকের মতে, দক্ষ জনশক্তি তৈরি, অবকাঠামো উন্নয়ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে দীর্ঘদিনের অপর্যাপ্ত সরকারি বিনিয়োগ বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত করছে।
সরকারের আর্থিক চাপের আরেকটি বড় উৎস বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকি। ২০১৮ অর্থবছরে এ দুই খাতে ভর্তুকি ছিল জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ। ২০২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ জিডিপির অনুপাতে ভর্তুকির বোঝা পাঁচ গুণ হয়েছে।
বিশ্বব্যাংক বলেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই চাপ আরও বাড়তে পারে। তাই বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণে ব্যয় প্রতিফলিত হয় এমন নিয়মভিত্তিক ব্যবস্থা চালু এবং জ্বালানি নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী ও স্বাধীন করার সুপারিশ করেছে সংস্থাটি।
তবে ভর্তুকি সংস্কারের ক্ষেত্রে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের মতে, সবার জন্য ব্যাপক ভর্তুকির পরিবর্তে প্রকৃত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে লক্ষ্যভিত্তিক আর্থিক সহায়তা পৌঁছে দিতে হবে।
এ জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি, উপকারভোগীদের শক্তিশালী নিবন্ধন ব্যবস্থা এবং ফ্যামিলি কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে দেশের দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে আনুমানিক ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।
রাজস্ব ও ব্যয় ব্যবস্থার দুর্বলতা কর্মসংস্থানেও প্রভাব ফেলছে। বিশ্বব্যাংকের হিসাবে, দেশের মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন। তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্যও পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না।
এই পরিস্থিতিতে রাজস্ব আদায় বাড়াতে করনীতি ও কর প্রশাসন পৃথক করা, কর ব্যবস্থার ডিজিটাল সমন্বয় এবং একক করদাতা পরিচিতি নম্বর চালুর সুপারিশ করেছে বিশ্বব্যাংক। পাশাপাশি কর অব্যাহতি যৌক্তিকীকরণ ও সরকারি ব্যয়ের পরিকল্পনা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংস্থাটির প্রক্ষেপণ অনুযায়ী, এসব সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে ২০৩৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারের মোট রাজস্ব আয় ১৪ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে। বিপরীতে সীমিত সংস্কার হলে রাজস্ব আয় জিডিপির ১০ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে।
পূর্ণাঙ্গ সংস্কারের ক্ষেত্রে ২০৩৫ অর্থবছরে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখিয়েছে বিশ্বব্যাংক। একই সময়ে বাজেট ঘাটতি কমে ৩ দশমিক ৬ শতাংশে নামতে পারে। সংস্থাটির হিসাবে, সংস্কার বাস্তবায়নের পুরো সময় বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখা সম্ভব।
রাজস্ব আদায় বৃদ্ধি, ভর্তুকি লক্ষ্যভিত্তিক করা, সরকারি ব্যয়ের দক্ষতা উন্নয়ন এবং জ্বালানির মূল্য নির্ধারণে সংস্কার আনা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে বলেও প্রক্ষেপণ করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসা পরিসংখ্যান বাংলাদেশের রাজস্বনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। যেখানে সরকারের মোট কর আদায়ই জিডিপির ৭ শতাংশের নিচে, সেখানে বিপুল কর অব্যাহতি ও অন্যান্য কর সুবিধার অর্থনৈতিক সুফল কতটা, তা মূল্যায়ন জরুরি। কারণ, করছাড়ের যৌক্তিকতা নিশ্চিত না করে এবং রাজস্ব আদায়ের সক্ষমতা না বাড়িয়ে ঋণের সুদ, ভর্তুকি ও উন্নয়ন ব্যয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটানো কঠিন হয়ে পড়বে।











