ছবি- সিএসই
বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণ, রৌপ্য, পাম তেলসহ ছয়টি পণ্যের দামের ভিত্তিতে লেনদেনের নতুন বাজার চালু করতে যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এই বাজারে প্রচলিত শেয়ার কেনাবেচার পরিবর্তে নির্দিষ্ট পণ্যের ভবিষ্যৎ মূল্যকে কেন্দ্র করে চুক্তিভিত্তিক লেনদেন হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামা থেকে সৃষ্ট ঝুঁকি সামলানো এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রাথমিকভাবে ছয়টি পণ্যকে দুই ধাপে লেনদেনের জন্য নির্বাচন করেছে সিএসই। প্রথম ধাপে থাকবে স্বর্ণ, রৌপ্য ও অপরিশোধিত পাম তেল। দ্বিতীয় ধাপে যুক্ত হবে ধান, ভুট্টা ও তুলা। প্রথম তিনটি পণ্যের লেনদেন নগদ নিষ্পত্তি পদ্ধতিতে চালুর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ চুক্তির নিষ্পত্তির জন্য সরাসরি স্বর্ণ, রৌপ্য কিংবা পাম তেল হাতে তুলে দেওয়ার পরিবর্তে নির্ধারিত নিয়মে অর্থের মাধ্যমে হিসাব সমন্বয় করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে ‘কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ: আনলকিং এ নিউ ফিনান্সিয়াল মার্কেট স্ট্রাকচার’ শীর্ষক প্রাক্-উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানায় সিএসই। অনুষ্ঠানে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভির শাহরিয়ার গনি প্রধান অতিথি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার জানান, দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও নিয়ন্ত্রক কাঠামো প্রস্তুত করা হয়েছে। বাজারটি চালু হলে পণ্যের মূল্যঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং ব্রোকার ও বিনিয়োগকারীদের জন্য নতুন ধরনের ব্যবসায়িক সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।
সাধারণ বিনিয়োগকারীদের কাছে কমোডিটি ডেরিভেটিভস বাজারের ধারণা নতুন। শেয়ারবাজারে বিনিয়োগকারীরা কোনো কোম্পানির শেয়ার কেনেন, যার মাধ্যমে কোম্পানিটির মালিকানার একটি অংশ অর্জন করেন। কিন্তু পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজারে লেনদেনের মূল বিষয় কোনো কোম্পানির মালিকানা নয়; বরং স্বর্ণ, রৌপ্য, তেল কিংবা কৃষিপণ্যের দামের সঙ্গে সম্পর্কিত চুক্তি।
সহজভাবে বলা যায়, কোনো পণ্যের ভবিষ্যৎ দাম কত হতে পারে, তা নিয়ে নির্ধারিত শর্তে ক্রেতা ও বিক্রেতার মধ্যে চুক্তি হয়। পরে চুক্তির ধরন ও বাজারের নিয়ম অনুযায়ী সেই চুক্তির নিষ্পত্তি করা হয়। এ ধরনের বাজার মূলত পণ্যের দামের অনিশ্চয়তা সামলানোর সুযোগ তৈরি করে। তবে দামের পূর্বাভাস ভুল হলে লোকসানের ঝুঁকিও থাকে।
ধরা যাক, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান কয়েক মাস পর বিপুল পরিমাণ পাম তেল কিনবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে এর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপযুক্ত ডেরিভেটিভস চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্ভাব্য মূল্যবৃদ্ধির ঝুঁকি আংশিক বা পুরোপুরি সামলানোর চেষ্টা করতে পারে। একইভাবে ভবিষ্যতে দাম কমে যাওয়ার আশঙ্কায় থাকা কোনো উৎপাদকও এ ধরনের চুক্তি ব্যবহার করতে পারেন।
তবে ডেরিভেটিভস চুক্তি পণ্যের দাম বাড়া বা কমা বন্ধ করে না। বরং দামের পরিবর্তনের কারণে ব্যবসায় যে আর্থিক ক্ষতি হতে পারে, তা ব্যবস্থাপনার একটি উপায় তৈরি করে। এই সুবিধা কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে চুক্তির শর্ত, বাজারে পর্যাপ্ত ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট ব্যবসার প্রকৃত ঝুঁকির ওপর।
বিশেষ করে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতিতে এ ধরনের বাজারের গুরুত্ব রয়েছে। ভোজ্যতেল, তুলাসহ বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের ব্যয় বাড়িয়ে দিতে পারে। আবার দাম কমে গেলে মজুত পণ্যের মূল্য কমে যাওয়ার ঝুঁকি থাকে। কমোডিটি ডেরিভেটিভস বাজার কার্যকর হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এসব ঝুঁকি ব্যবস্থাপনার নতুন একটি মাধ্যম পাবেন।
অবশ্য এই বাজার চালু হলেই সাধারণ বাজারে স্বর্ণ, ভোজ্যতেল বা চালের দাম কমে যাবে, এমন নয়। এর মূল উদ্দেশ্য পণ্যের দাম নিয়ন্ত্রণ করা নয়; বরং ভবিষ্যৎ মূল্য সম্পর্কে ধারণা তৈরি, মূল্যঝুঁকি ব্যবস্থাপনা এবং লেনদেনে স্বচ্ছতা বাড়ানো। পর্যাপ্ত অংশগ্রহণ ও নির্ভরযোগ্য মূল্যতথ্য থাকলে বাজারটি ব্যবসায়ীদের সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হতে পারে।
নতুন বাজারে বিনিয়োগের পদ্ধতিও প্রচলিত শেয়ারবাজারের তুলনায় আলাদা হবে। নির্দিষ্ট পরিমাণ জামানত বা মার্জিন জমা দিয়ে চুক্তিতে অংশ নেওয়ার সুযোগ থাকে। পণ্যের দাম প্রতিকূলে গেলে অতিরিক্ত জামানত জমা দিতে হতে পারে। ফলে শুরুতে জমা দেওয়া অর্থের তুলনায় বড় আর্থিক ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সিএসইর প্রকাশিত কমোডিটি বাজারবিষয়ক নির্দেশিকায় দৈনিক লাভ-লোকসান সমন্বয় এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত মার্জিনের ব্যবস্থার কথা রয়েছে।
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানও নতুন বাজারের সম্ভাবনার পাশাপাশি বিনিয়োগকারীদের প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, পণ্যভিত্তিক ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে শেয়ার ও বন্ডের বাইরে নতুন ধরনের আর্থিক পণ্য যুক্ত হবে।
তবে নতুন বাজার চালু করলেই দ্রুত বিপুল লেনদেন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না বলে সতর্ক করেন তিনি। বাজারের বিকাশে বিনিয়োগকারীদের শিক্ষা, প্রশিক্ষিত ব্রোকার, পর্যাপ্ত ক্রেতা-বিক্রেতা এবং শক্তিশালী বাজারসৃষ্টিকারী প্রতিষ্ঠান প্রয়োজন। ভারতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানেও কমোডিটি ডেরিভেটিভস বাজারে উল্লেখযোগ্য লেনদেন গড়ে উঠতে দীর্ঘ সময় লেগেছে।
বাজারসৃষ্টিকারী প্রতিষ্ঠান এমন একটি অংশগ্রহণকারী, যারা নিয়মিত ক্রয় ও বিক্রয়ের দর দিয়ে লেনদেন সচল রাখতে সহায়তা করে। নতুন বাজারে ক্রেতা থাকলেও বিক্রেতা না পাওয়া কিংবা বিক্রেতা থাকলেও ক্রেতার অভাব দেখা দিতে পারে। এ ধরনের পরিস্থিতিতে বাজারসৃষ্টিকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সিএসইর পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে পণ্যের সরাসরি সরবরাহের ব্যবস্থা থাকবে না। ভবিষ্যতে প্রয়োজনীয় অবকাঠামো ও সক্ষমতা গড়ে উঠলে পণ্য সরবরাহের মাধ্যমে চুক্তি নিষ্পত্তির বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে দ্বিতীয় ধাপের তিনটি কৃষিপণ্যের লেনদেন কবে শুরু হবে, সে বিষয়ে অনুষ্ঠানে নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
এদিকে বাজার চালুর প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গোল্ড অ্যান্ড কমোডিটিজ এক্সচেঞ্জের (ডিজিসিএক্স) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিএসই। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এবং ডিজিসিএক্সের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা নাগেন্দ্রকুমার।
সমঝোতার আওতায় দুই প্রতিষ্ঠান বাজার উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণে সহযোগিতা করবে। অনুষ্ঠানে ভারত, দুবাই ও ইন্দোনেশিয়ার কমোডিটি বাজারসংশ্লিষ্ট প্রতিনিধিরাও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের ওঠানামা বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নানা চ্যালেঞ্জ তৈরি করছে। এসব ঝুঁকি মোকাবিলায় কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বাজারের প্রযুক্তিগত প্রস্তুতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততায় অগ্রগতির কথাও তুলে ধরেন।
দেশে নতুন এই বাজারের কার্যক্রম শুরুর আগে ব্রোকারদের নিবন্ধন, সংশ্লিষ্ট পণ্যের অনুমোদন এবং প্রয়োজনীয় পরিচালনব্যবস্থা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। গত ১৯ অক্টোবর সিএসইর সুপারিশের ভিত্তিতে ৬টি ব্রোকারেজ প্রতিষ্ঠানকে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধন সনদ দেওয়ার নীতিগত অনুমোদন এবং ‘লেটার অব ইনটেন্ট’ (এলওআই) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
সব মিলিয়ে বাংলাদেশের পুঁজিবাজারে নতুন একটি অধ্যায় যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিএসই। তবে প্রথমবারের মতো চালু হতে যাওয়া এই বাজার কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে নিয়ন্ত্রক প্রস্তুতি, স্বচ্ছ লেনদেনব্যবস্থা, পর্যাপ্ত অংশগ্রহণ এবং বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতনতার ওপর। বিশেষ করে ব্যবসায়ীদের মূল্যঝুঁকি ব্যবস্থাপনার বাস্তব চাহিদা পূরণ করতে পারলে নতুন বাজারটি দেশের আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠতে পারে।











