ছবি- বিএসইসি
শুধু ব্যবসার মূলধন সংকট মেটানোর জন্যই কোনো প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসতে পারবে না। বিনিয়োগকারীদের অর্থের বিপরীতে যথাযথ মুনাফা সৃষ্টির সক্ষমতাও থাকতে হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে উৎসাহিত করলেও প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক সক্ষমতা ও বিনিয়োগকারীদের স্বার্থ যাচাইয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত বিনিয়োগ প্রস্তুতিবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন বার্তা দেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান।
বিএসইসি ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক অর্থায়ন এবং পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সক্ষমতা বাড়ানো।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ব্যাংকঋণের বাইরে উদ্যোক্তাদের জন্য পুঁজিবাজার মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ বিকল্প উৎস হতে পারে। কমিশন দেশের ক্ষুদ্র, মাঝারি ও মাঝারি পর্যায় থেকে বড় হয়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে স্বাগত জানায়। তবে এ জন্য সুদৃঢ় ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক সক্ষমতা ও টেকসই ব্যবসার সম্ভাবনা থাকা জরুরি।
বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সাধারণ বিনিয়োগকারীরা তাঁদের কষ্টার্জিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করেন। সেই অর্থের বিপরীতে যথাযথ রিটার্ন নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্তির আবেদন করলে কমিশন তার ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য মুনাফা সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করবে।
এর অর্থ, শুধু ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা কিংবা মূলধনের চাহিদা দেখিয়ে পুঁজিবাজারে প্রবেশের অনুমোদন পাওয়া নিশ্চিত নয়। প্রতিষ্ঠানটি সংগৃহীত মূলধন কীভাবে কাজে লাগাবে, ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা কতটা টেকসই এবং বিনিয়োগকারীদের জন্য মুনাফা সৃষ্টির সক্ষমতা রয়েছে কি না, সেসব বিষয়ও গুরুত্বপূর্ণ।
তবে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্যে পুঁজিবাজারে প্রবেশের ক্ষেত্রে উদ্যোক্তাদের বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়টিও উঠে এসেছে।
তিনি বলেন, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে প্রধান দুটি বাধা হচ্ছে প্রয়োজনীয় মূলধনের অভাব এবং আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দুর্বলতা। ব্যাংকগুলো এখনো ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা ও কার্যক্রমের তুলনায় জামানতকে বেশি গুরুত্ব দেয়। ফলে সম্ভাবনাময় অনেক উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন।
এ অবস্থায় ব্যাংকঋণের বিকল্প হিসেবে পুঁজিবাজারের গুরুত্ব বাড়লেও উদ্যোক্তাদের নিজেদের আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা কাটাতে হবে বলে মনে করেন বিএসইসি চেয়ারম্যান।
তিনি বলেন, অনেক উদ্যোক্তা ব্যবসার আয়-ব্যয়ের হিসাব রাখলেও প্রকৃত মুনাফা, লোকসান এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান সম্পর্কে যথাযথ ধারণা রাখেন না। অথচ ব্যবসার প্রকৃত সক্ষমতা, ভবিষ্যৎ ঝুঁকি ও স্থায়িত্ব মূল্যায়নের জন্য এসব বিষয়ে মৌলিক আর্থিক জ্ঞান থাকা প্রয়োজন।
বিশেষ করে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নেওয়া এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবসার আয়, ব্যয় ও মুনাফার ওপর কী প্রভাব পড়তে পারে, তা আগাম বিশ্লেষণ করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিএসইসি চেয়ারম্যান উদ্যোক্তাদের স্বচ্ছ উদ্দেশ্য, শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের মানসিকতা নিয়ে পুঁজিবাজারে আসার আহ্বান জানান।
তাঁর বক্তব্যে মূলধন সংগ্রহের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। কারণ, ব্যাংকঋণের বিপরীতে পুঁজিবাজার থেকে সংগৃহীত মূলধনের ঝুঁকি বহন করেন বিনিয়োগকারীরা। ফলে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করা বিনিয়োগকারীদের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সংশ্লিষ্ট কর্মশালায় দেশের বিভিন্ন খাতের ২৪টি এসএমই ও ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির ৩০ জন প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ পরিচালক (ইমপ্যাক্ট ইনভেস্টিং) গগনদীপ সিং বক্সী।
কর্মশালার প্রথম দিনে বিনিয়োগ প্রস্তুতি, নিজস্ব ব্যবসার মূল্যায়ন, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং কার্যকর বিনিয়োগ প্রস্তাব তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
দ্বিতীয় দিনে ব্যবসাপ্রতিষ্ঠানের মূল্যায়ন, বিনিয়োগের আগে বিস্তারিত যাচাই, বিনিয়োগের শর্তপত্র, শেয়ারহোল্ডার চুক্তি এবং বাস্তব উদাহরণভিত্তিক আলোচনা হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম বক্তব্য দেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করবেন কমিশনার নাফিজ আল তারিক।











