ঢাকা,  রোববার, ২২ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

আওয়ামী তাণ্ডবে আক্রান্ত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, উদ্বেগ জাতিসংঘের।

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১,১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২৭,১৯ নভেম্বর ২০২৬

আওয়ামী তাণ্ডবে আক্রান্ত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা

ছবি: গ্রামীন ব্যাংক

বাংলাদেশজুড়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়গুলোতে ধারাবাহিক হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ দেখা দিয়েছে। গত ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দশ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন জেলার মোট ৭২টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। 

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এবং ব্যাংকের স্থাপনা, সম্পদ, কর্মকর্তা-কর্মচারী ও কোটি গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। চিঠির অনুলিপি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), গোয়েন্দা শাখা (ডিবি) এবং অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে ব্যাংক কর্তৃপক্ষ উল্লেখ করেছে, হামলায় ব্যাংকটির পাঁচটি শাখা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাকি ৬৭টি শাখা ও কার্যালয় আংশিক ক্ষতির মুখে পড়েছে। 

ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের প্রতিবেদন অনুযায়ী, দুর্বৃত্তরা রাতের আঁধারে ও দিনেদুপুরে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রধান ফটকে পেট্রোল বা কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ এবং অফিসের ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র, কালেকশন শিট, সদস্যদের পাসবই ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। এমনকি গোপালগঞ্জের পাটগাতি শাখায় দ্বিতীয় দফায় অগ্নিসংযোগের পর প্রথম ঘটনার মামলা দায়েরকারী একজন পুলিশ উপপরিদর্শকের (এসআই) ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

চিঠিতে ব্যাংক প্রশাসন আরও জানায়, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ও বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। 

অক্টোবর মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত, যেখানে ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি সদস্য যুক্ত রয়েছেন। বর্তমানে ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা, যার পাশাপাশি প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ করা রয়েছে। তাই এই ধারাবাহিক হামলা কেবল একটি প্রতিষ্ঠানের অবকাঠামোগত ক্ষতি নয়, বরং দেশের গ্রামীণ অর্থনীতি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কোটি মানুষের সঞ্চয় ও জীবিকার নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলে চিঠিতে সতর্ক করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই রাজনৈতিক প্রেক্ষাপট ও পরবর্তী ঘটনাবলির কারণে আওয়ামী লীগ ও এর সমর্থকদের একাংশের মধ্যে ড. ইউনূস এবং তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর প্রতি তীব্র রাজনৈতিক ক্ষোভ ও বিরোধিতা বিরাজমান রয়েছে।

এদিকে, গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে এমন ধারাবাহিক হামলার ঘটনায় দেশের ভেতরে ও আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে  মঙ্গলবার (১৭ নভেম্বর)  এক আলোচনাসভায় ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন তাঁর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা শফিকুল আলম এই সহিংসতার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নোবেলজয়ী এই প্রতিষ্ঠানের শাখাগুলোতে একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও দেশের সুশীল সমাজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বিবৃতি না আসা অত্যন্ত হতাশাজনক। চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং নিজেও নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন বলে জানান।

অন্যদিকে, গ্রামীণ ব্যাংকসহ বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে  মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানান, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। তিনি স্পষ্ট করে বলেন, নাগরিকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার থাকলেও প্রতিবাদের নামে কোনো ধরনের সহিংসতা বা ধ্বংসাত্মক কার্যকলাপ গ্রহণযোগ্য নয় এবং সব প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

এর আগে গত ১৬ নভেম্বর গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে হামলার বিষয়টি জনসমক্ষে আনা হয়েছিল, কিন্তু এরপরও ১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা অব্যাহত থাকে। অনেক শাখায় নৈশপ্রহরী ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও বেশিরভাগ ঘটনায় এখনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে ব্যাংকের নথিতে উল্লেখ করা হয়েছে।