ঢাকা,  রোববার, ২২ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

ইউরোপে ডেনিমের বাজার হারাচ্ছে বাংলাদেশ, সুযোগ নিচ্ছে চীন-মিসর

শীর্ষস্থান ধরে রাখলেও নয় মাসে রপ্তানি কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ; তুরস্ক-পাকিস্তানের বাজার হারানোর সুফল পাচ্ছে না বাংলাদেশ

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮,১৯ নভেম্বর ২০২৬

ইউরোপে ডেনিমের বাজার হারাচ্ছে বাংলাদেশ, সুযোগ নিচ্ছে চীন-মিসর

প্রতীকী ছবি (এআই দ্বারা তৈরী)

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম পোশাকের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। কিন্তু প্রতিযোগী তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমলেও সেই সুযোগ কাজে লাগাতে পারছে না দেশের রপ্তানিকারকেরা। উল্টো বাংলাদেশের রপ্তানি কমছে সামগ্রিক বাজারের চেয়েও বেশি হারে। বিপরীতে চীন ও মিসর দ্রুত রপ্তানি বাড়িয়ে বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ৫ দশমিক ৪৮ শতাংশ কমে ১০০ কোটি ৬৯ লাখ ইউরোতে নেমেছে। আগের বছরের একই সময়ে রপ্তানি ছিল ১০৬ কোটি ৫২ লাখ ইউরো।

একই সময়ে ইইউর সামগ্রিক ডেনিম আমদানি ৩ দশমিক ২৪ শতাংশ কমে ৩৪১ কোটি ৫৪ লাখ ইউরো হয়েছে। অর্থাৎ বাজার সংকুচিত হলেও বাংলাদেশের রপ্তানি কমেছে তার চেয়ে বেশি হারে। ফলে বাজারে বাংলাদেশের অংশ আগের বছরের ৩০ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে।

প্রতিযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে তুরস্কের। দেশটির ডেনিম রপ্তানি ২০ দশমিক ২৭ শতাংশ কমে ৪৯ কোটি ৮১ লাখ ইউরোতে নেমেছে। বাজার হিস্যা ১৭ দশমিক ৭০ শতাংশ থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৫৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি বাজারের ৩ শতাংশ পয়েন্টের বেশি হারিয়েছে।

ইইউতে দ্বিতীয় বৃহত্তম ডেনিম সরবরাহকারী পাকিস্তানের রপ্তানিও ৬ দশমিক ৬৩ শতাংশ কমে ৬০ কোটি ৯৭ লাখ ইউরো হয়েছে। দেশটির বর্তমান বাজার হিস্যা ১৭ দশমিক ৮৫ শতাংশ।

তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমে যাওয়ার পরও বাংলাদেশ বাজার হিস্যা বাড়াতে পারেনি। বরং এই সময়ে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মিসর ও চীন।

মিসরের ডেনিম রপ্তানি ৩৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৮ লাখ ইউরোতে পৌঁছেছে। আগের বছরের তুলনায় দেশটির রপ্তানি বেড়েছে ৫ কোটি ৮৫ লাখ ইউরো। বিপরীতে বাংলাদেশের রপ্তানি কমেছে ৫ কোটি ৮৪ লাখ ইউরো। অর্থাৎ বাংলাদেশের হারানো রপ্তানি আয়ের প্রায় সমপরিমাণ নতুন রপ্তানি যোগ করেছে মিসর।

চীনের রপ্তানিও ২০ দশমিক ২৩ শতাংশ বেড়ে ২৩ কোটি ৫ লাখ ইউরো হয়েছে। দেশটির বাজার হিস্যা দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশে। মিসরের হিস্যা ৬ দশমিক ৬১ শতাংশ।

এ ছাড়া ভিয়েতনামের ডেনিম রপ্তানি ৩৮ দশমিক ০২ শতাংশ বেড়ে ৬ কোটি ১৬ লাখ ইউরো এবং ভারতের ২২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৩ কোটি ৫১ লাখ ইউরো হয়েছে। যদিও দেশ দুটির বাজার হিস্যা এখনো তুলনামূলক ছোট, প্রবৃদ্ধির হার তাদের অবস্থান শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে তিউনিসিয়ার রপ্তানি ৫ দশমিক ৭৩ শতাংশ, কম্বোডিয়ার ৫ দশমিক ৮৯ শতাংশ এবং মরক্কোর ১০ দশমিক ৬৮ শতাংশ কমেছে।

ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের অবস্থানের একটি ইতিবাচক দিকও রয়েছে। সামগ্রিক বাজার সংকুচিত হওয়ার পর আগস্ট থেকে আমদানিতে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। আগস্টে ইইউর ডেনিম আমদানি ১১ দশমিক ৯১ শতাংশ এবং সেপ্টেম্বরে ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।

সেপ্টেম্বরে বাংলাদেশ থেকেও ডেনিম আমদানি শূন্য দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৪ কোটি ৩১ লাখ ইউরো হয়েছে। তবে একই মাসে পাকিস্তানের রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৯৬ শতাংশ, চীনের ৩০ দশমিক ৩৮ শতাংশ এবং মিসরের ৫২ দশমিক ২৮ শতাংশ।

অর্থাৎ বাজারে চাহিদা ফেরার লক্ষণ দেখা গেলেও বাংলাদেশের রপ্তানি বাড়ছে তুলনামূলক ধীরগতিতে। বিশেষ করে মিসর ও চীনের প্রবৃদ্ধির তুলনায় বাংলাদেশের অবস্থান দুর্বল।

বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো, ইউরোপের ডেনিম বাজারে প্রায় ৩০ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষস্থানে থাকার পরও প্রতিযোগীদের হারানো বাজারের সুবিধা নিতে পারছে না দেশ। বিশেষ করে বাজার পুনরুদ্ধারের সময়ে চীন ও মিসরের দ্রুত প্রবৃদ্ধি বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

ফলে ডেনিম রপ্তানিতে নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি বাজার হিস্যা পুনরুদ্ধারই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। এ জন্য প্রতিযোগী দেশগুলো কোন ধরনের পণ্য ও কী সুবিধা দিয়ে ক্রয়াদেশ বাড়াচ্ছে, তা বিশ্লেষণ করে রপ্তানি কৌশল নির্ধারণের প্রয়োজনীয়তা সামনে এসেছে।