ঢাকা,  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় বড় শুল্ক ছাড়

খেজুরের আমদানি শুল্ক ৫ শতাংশে নামল; জানুয়ারি থেকে আপেল-কমলায় সম্পূর্ণ ভ্যাট ও আগাম কর প্রত্যাহার

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭,২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩৭,২৪ নভেম্বর ২০২৬

রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় বড় শুল্ক ছাড়

প্রতীকী ছবি (এআই দ্বারা তৈরী)

রমজানের কয়েক মাস আগেই খেজুর, আপেল ও কমলা আমদানিতে বড় ধরনের শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। খেজুরের আমদানি শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে সম্পূর্ণ ভ্যাট ও আগাম কর প্রত্যাহারের পাশাপাশি নিয়ন্ত্রণমূলক ও সম্পূরক শুল্ক কমানো হয়েছে। এতে এসব ফলের আমদানি ব্যয় কমবে।

সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এ শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। তবে খেজুরের ক্ষেত্রে অবিলম্বে এ সুবিধা কার্যকর হলেও আপেল ও কমলার ক্ষেত্রে তা কার্যকর হবে আগামী ২৪ জানুয়ারি থেকে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্কের ৫ শতাংশের অতিরিক্ত অংশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত এ সুবিধা পাবেন আমদানিকারকরা। তাজা ও শুকনা উভয় ধরনের খেজুরের ক্ষেত্রে এ শুল্ক সুবিধা প্রযোজ্য হবে। মোড়কজাত ও অন্যান্য পদ্ধতিতে আমদানি করা খেজুরের মোট চারটি এইচএস কোড এ সুবিধার আওতায় আনা হয়েছে।

অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে একসঙ্গে চার ধরনের শুল্ক-করে ছাড় দেওয়া হয়েছে। ফল দুটি আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর পাশাপাশি সম্পূর্ণ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আপেল ও কমলার ক্ষেত্রে এ শুল্ক-কর সুবিধা বহাল থাকবে আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ খেজুর আমদানিতে প্রায় সাড়ে তিন মাস শুল্ক ছাড়ের সুবিধা পাওয়া গেলেও আপেল ও কমলার ক্ষেত্রে এ সুবিধা থাকবে মাত্র এক মাস।

রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। এ সময় আপেল ও কমলাসহ বিভিন্ন ফলের চাহিদাও বাড়ে। রমজানের বেশ আগেই খেজুর আমদানিতে শুল্ক ছাড় কার্যকর হওয়ায় আমদানিকারকরা পর্যাপ্ত সময় নিয়ে পণ্য আমদানি ও মজুতের সুযোগ পাবেন। এতে রমজানের আগে বাজারে খেজুরের সরবরাহ বাড়ার সুযোগ তৈরি হবে।

আপেল ও কমলার ক্ষেত্রে একাধিক শুল্ক-কর কমানোয় আমদানি ব্যয় হ্রাসের সুযোগ তৈরি হয়েছে। তবে এ সুবিধা সীমিত সময়ের জন্য দেওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে পণ্য আমদানি ও খালাসের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

শুল্ক-কর ছাড়ের ফলে আমদানি ব্যয় কমলেও খুচরা বাজারে ফলের দাম কতটা কমবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার, পরিবহন ব্যয় এবং বাজার ব্যবস্থাপনার ওপর। আমদানি পর্যায়ে দেওয়া শুল্ক-কর ছাড়ের সুবিধা ভোক্তা পর্যন্ত পৌঁছানো নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হবে।

কাস্টমস আইন, ২০২৩-এর ২৫ ধারার ১ উপধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ১২৬ ধারার ১ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করেছে সরকার।