ঢাকা,  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

উৎপাদনে স্থবিরতা, বিনিয়োগে ধস, কর্মসংস্থানে সংকট

বিআইডিএস-বিসিআই যৌথ জরিপ, মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে ৯৪ শতাংশ; বিদ্যুৎ-গ্যাস সংকটে ৩৪ শতাংশ উৎপাদন সক্ষমতা অব্যবহৃত

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯,২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১০,২৪ নভেম্বর ২০২৬

উৎপাদনে স্থবিরতা, বিনিয়োগে ধস, কর্মসংস্থানে সংকট

ছবি- বিআইডিএস

দেশের শিল্প খাতে একসঙ্গে তিনটি সংকট ঘনীভূত হচ্ছে। উৎপাদনে স্থবিরতার মধ্যেই মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ, নতুন কর্মী নিয়োগ কমেছে ১৯ শতাংশ। বিদ্যুৎ-গ্যাস সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মধ্যে শিল্পের সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে দেশের শিল্প খাতের এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ শীর্ষক উদ্যোগের প্রথম পর্যায়ের জরিপের ফল প্রকাশ করা হয়।

দেশের ১৪টি শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানার তথ্য বিশ্লেষণ করে জরিপটি পরিচালনা করা হয়েছে। এসব খাত দেশের মাঝারি ও বড় শিল্পের মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে। জরিপে ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের শিল্প উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতির তুলনা করা হয়েছে।

জরিপ অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি ও বড় শিল্পের প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে। একই সময়ে শিল্পকারখানাগুলোর উৎপাদন সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ বিদ্যমান উৎপাদন সক্ষমতার এক-তৃতীয়াংশের বেশিই অব্যবহৃত থাকছে।

আরও উদ্বেগের বিষয় হলো, উৎপাদন সক্ষমতার অর্ধেকও কাজে লাগাতে পারছে না এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। জরিপে অংশ নেওয়া ৪৮টি কারখানার উৎপাদন সক্ষমতার ব্যবহার কমেছে। বিপরীতে সক্ষমতার ব্যবহার বেড়েছে ৩৮টি কারখানার।

উৎপাদনে সবচেয়ে বেশি সংকটে পড়েছে বস্ত্রশিল্প। খাতটিতে প্রকৃত উৎপাদন কমেছে ২০ শতাংশ। উৎপাদন সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে। অর্থাৎ জরিপে অন্তর্ভুক্ত বস্ত্র কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেকই অব্যবহৃত থাকছে।

তবে সব শিল্প খাতের পরিস্থিতি এক রকম নয়। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের উৎপাদন বেড়েছে ২ শতাংশ। খাতটিতে উৎপাদন সক্ষমতার ব্যবহারও ৬৮ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশে উন্নীত হয়েছে। তুলনাযোগ্য উৎপাদন তথ্য পাওয়া ১০১টি কারখানার মধ্যে ৪০টির উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। বিপরীতে ৩০টি কারখানার উৎপাদন কমেছে ৫ শতাংশের বেশি। 

উৎপাদনে স্থবিরতার চেয়েও উদ্বেগজনক পরিস্থিতি দেখা দিয়েছে শিল্পের নতুন বিনিয়োগে। ২০২৫ সালে প্রতি প্রান্তিকে কারখানাপ্রতি মূলধনি যন্ত্রপাতি কেনায় গড়ে ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হলেও চলতি বছরের এপ্রিল-জুনে তা মাত্র ১১ লাখ টাকায় নেমেছে। অর্থাৎ কারখানাপ্রতি এ ব্যয় কমেছে ১ কোটি ৬৫ লাখ টাকা বা ৯৩ দশমিক ৭৫ শতাংশ। ওষুধ ও রাসায়নিক শিল্প ছাড়া জরিপে অন্তর্ভুক্ত অন্য সব খাতেই মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে।

বিদ্যমান উৎপাদন সক্ষমতার বড় একটি অংশ অব্যবহৃত থাকার মধ্যেই নতুন যন্ত্রপাতি কেনার ব্যয়ে এমন পতন শিল্প সম্প্রসারণে উদ্যোক্তাদের অনাগ্রহের ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকায়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

শিল্পের এ সংকট এরই মধ্যে কর্মসংস্থানেও দৃশ্যমান হয়ে উঠেছে। জরিপে অন্তর্ভুক্ত ১৩০টি কারখানায় কর্মীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে ১ লাখ ৩৫ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ এসব কারখানায় কর্মীর সংখ্যা কমেছে ১ হাজার ৪০০ জন।

২০২৫ সালে প্রতি প্রান্তিকে কারখানাপ্রতি গড়ে ৩৯ জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হলেও চলতি বছরের এপ্রিল-জুনে তা কমে ৩২ জনে নেমেছে। নতুন কর্মী নিয়োগ কমেছে ১৯ শতাংশ। জরিপে আরও দেখা গেছে, নতুন নিয়োগ ও কারখানা ছেড়ে যাওয়া কর্মীর সংখ্যা প্রায় সমান। অর্থাৎ অধিকাংশ নিয়োগই হচ্ছে বিদ্যমান কর্মীদের শূন্যস্থান পূরণে, নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য নয়।

আগামী বছরও কর্মসংস্থান পরিস্থিতিতে বড় ধরনের উন্নতির ইঙ্গিত নেই। ২০২৫ সালে জরিপে অন্তর্ভুক্ত ১৩০টি কারখানায় মোট ১২ হাজার ৩৭৯ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। অথচ ২০২৭ সালে এসব কারখানায় কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে মাত্র ৭ হাজার ৬৯১ জন। অর্থাৎ ২০২৫ সালের প্রকৃত নিয়োগের তুলনায় ২০২৭ সালের পরিকল্পিত নিয়োগ প্রায় ৩৮ শতাংশ কম। 

উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের এ সংকটের পেছনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানির অনিয়মিত সরবরাহ। জরিপে ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসার সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। আর ৯৩ শতাংশ কারখানা এটিকে ব্যবসা পরিচালনার প্রধান তিনটি প্রতিবন্ধকতার মধ্যে রেখেছে।

২০২৫ সালে শিল্পকারখানাগুলোতে দৈনিক গড়ে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও চলতি বছরের এপ্রিল-জুনে তা বেড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় দাঁড়িয়েছে। বিদ্যুৎ ব্যবহারকারী ১২৮টি কারখানার মধ্যে ১১৬টিতেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের সময় বেড়েছে।

গ্যাস সরবরাহের পরিস্থিতির অবনতি হয়েছে আরও বেশি। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় দাঁড়িয়েছে।

বিদ্যুৎ সরবরাহের মান নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে মাত্র ৭ শতাংশে নেমেছে। একই সময়ে গ্যাস সরবরাহ নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৭০ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। 

একদিকে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতির অবনতি হচ্ছে, অন্যদিকে বাড়ছে জ্বালানি ব্যয়। কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৩ কোটি ১৬ লাখ টাকা থেকে বেড়ে ৩ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে এলপিজির ব্যয় বেড়েছে ২৫ শতাংশ, জেনারেটরের জ্বালানি ব্যয় ১৫ শতাংশ এবং বিদ্যুৎ ব্যয় বেড়েছে ৮ শতাংশ।

জ্বালানির পাশাপাশি কাঁচামালের বাড়তি দাম ও অর্থায়নের ব্যয়ও শিল্পোদ্যোক্তাদের ওপর চাপ তৈরি করছে। জরিপে ৯৪ শতাংশ কারখানা কাঁচামালের দাম বাড়ার কথা জানিয়েছে। কারখানাপ্রতি কাঁচামাল কেনার ত্রৈমাসিক ব্যয় ৮৫ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে ৮৭ কোটি ৬০ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ।

অর্থায়নের ব্যয় ও কাঁচামাল সংগ্রহের সমস্যাকে পৃথকভাবে ৩৭ শতাংশ কারখানা ব্যবসার প্রধান তিনটি প্রতিবন্ধকতার একটি হিসেবে চিহ্নিত করেছে। অপর্যাপ্ত বাজার চাহিদাকে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছে ৩৩ শতাংশ কারখানা। অর্থায়ন পাওয়ার সমস্যার কথা জানিয়েছে ৩০ শতাংশ কারখানা। 

উৎপাদন ব্যয় বৃদ্ধির বিপরীতে ব্যবসায়িক মুনাফাও সংকুচিত হচ্ছে। জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় তাদের মুনাফা কমেছে। মুনাফা পরিস্থিতি নিয়ে উদ্যোক্তাদের মনোভাবের সূচক দাঁড়িয়েছে ৩৬।

জাতীয় ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়েও উদ্যোক্তাদের মধ্যে হতাশা রয়েছে। ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের সূচক দাঁড়িয়েছে ৩৪ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্যোক্তাদের মনোভাবের সূচক ৩৬। এসব সূচকের মান ৫০-এর নিচে থাকার অর্থ, পরিস্থিতির উন্নতির তুলনায় অবনতির কথা জানানো উদ্যোক্তার প্রাধান্য বেশি।

তবে ভবিষ্যতে শিল্প সম্প্রসারণের সম্ভাবনা পুরোপুরি ফুরিয়ে যায়নি। ২০২৭ সালে বিদ্যমান ধরনের যন্ত্রপাতির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে ৪৬ শতাংশ কারখানার। উন্নত যন্ত্রপাতি সংযোজনের পরিকল্পনা রয়েছে ৪০ শতাংশের এবং নতুন উৎপাদন প্রক্রিয়া চালুর পরিকল্পনা রয়েছে ২৪ শতাংশ কারখানার। যদিও স্বল্পমেয়াদে এ ধরনের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে খুব কম প্রতিষ্ঠানের। 

শিল্প উৎপাদনের সরকারি পরিসংখ্যানের সঙ্গে জরিপের ফলাফলের পার্থক্যের কারণও ব্যাখ্যা করেছেন গবেষকরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় বৃহৎ শিল্পের উৎপাদন বেড়েছে ১১ শতাংশ। অথচ ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে তুলনা করলে বিবিএসের একই সূচকে উৎপাদন কমেছে ২ দশমিক ১ শতাংশ।

গবেষকদের মতে, ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দুটি ঈদের ছুটি থাকায় ওই সময়ে শিল্প উৎপাদন বছরের গড় ত্রৈমাসিকের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ কম ছিল। ফলে আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে উচ্চ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। কিন্তু তুলনার ভিত্তি পরিবর্তন করলে শিল্প উৎপাদনে স্থবিরতার চিত্রই উঠে আসছে। 

সব মিলিয়ে শিল্প খাতের সংকট এখন একটি নেতিবাচক চক্র তৈরির ঝুঁকি বাড়াচ্ছে। জ্বালানি সংকটে উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না, বাড়তি ব্যয়ের চাপে মুনাফা কমছে, নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের আগ্রহ দুর্বল হচ্ছে। এর প্রভাবে সংকুচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। এ পরিস্থিতির পরিবর্তন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের আয় বৃদ্ধিও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।