ঢাকা,  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

১০ লাখ টাকায় খুলছে এসএমই মার্কেটে বিনিয়োগের দুয়ার

লেনদেনের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত বিএসইসির; সংশোধিত নির্দেশনা জারির দিন থেকেই কার্যকর হবে

পুঁজিবাজার

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯,২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১০,২৪ নভেম্বর ২০২৬

১০ লাখ টাকায় খুলছে এসএমই মার্কেটে বিনিয়োগের দুয়ার

ছবি- ডিএসই

৩০ লাখ টাকার বাধ্যবাধকতা আর থাকছে না। পুঁজিবাজারে মাত্র ১০ লাখ টাকার বিনিয়োগ থাকলেই ক্ষুদ্র মূলধনি কোম্পানির বাজারে (এসএমই মার্কেট) শেয়ার কেনাবেচা করতে পারবেন ব্যক্তি বিনিয়োগকারীরা। বিনিয়োগের ন্যূনতম সীমা দুই-তৃতীয়াংশ কমিয়ে আরও বেশি বিনিয়োগকারীর জন্য এ বাজারের দুয়ার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এসএমই বোর্ডে সেকেন্ডারি লেনদেনের জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীর ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসি আরও জানিয়েছে, কমিশনের পূর্ববর্তী আদেশ বা নির্দেশনা সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হবে। সংশোধিত আদেশ বা নির্দেশনা জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে এসএমই মার্কেটে লেনদেনের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ কমছে ২০ লাখ টাকা বা ৬৬ দশমিক ৬৭ শতাংশ।

বিএসইসির গত ১৯ মে জারি করা নির্দেশনা অনুযায়ী, এসএমই মার্কেটে শেয়ার কেনাবেচার যোগ্যতা অর্জনের জন্য একজন ব্যক্তি বিনিয়োগকারীর পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হয়। স্টক এক্সচেঞ্জের মূল বাজার, এসএমই মার্কেট ও বিকল্প লেনদেন বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত সিকিউরিটিজে থাকা বিনিয়োগ এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।

বিদ্যমান ব্যবস্থায় বিনিয়োগকারীর পোর্টফোলিওতে থাকা সিকিউরিটিজের ক্রয়মূল্য অথবা বাজারমূল্যের মধ্যে যেটি বেশি, তার ভিত্তিতে বিনিয়োগের যোগ্যতা নির্ধারণ করা হয়। অর্থাৎ শুধু বিও হিসাবে নগদ টাকা থাকলেই এ যোগ্যতা অর্জিত হয় না; তালিকাভুক্ত সিকিউরিটিজে নির্ধারিত পরিমাণ বিনিয়োগ থাকতে হয়।

নতুন নির্দেশনায় বিদ্যমান মূল্যায়ন পদ্ধতি বহাল থাকলে কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিওতে থাকা শেয়ারের ক্রয়মূল্য ১০ লাখ টাকা হলেও বাজারমূল্য কমে ৮ লাখ টাকায় নেমে এলে তিনি এসএমই মার্কেটে লেনদেনের যোগ্য হবেন। একইভাবে ৮ লাখ টাকার বিনিয়োগের বাজারমূল্য বেড়ে ১০ লাখ টাকায় উন্নীত হলেও তিনি এ সুযোগ পাবেন।

বর্তমানে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সংরক্ষিত তথ্যের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জগুলো যোগ্য বিনিয়োগকারীদের নিবন্ধন করে থাকে। প্রতি তিন মাস অন্তর বিনিয়োগকারীদের পোর্টফোলিওর তথ্যের ভিত্তিতে যোগ্য বিনিয়োগকারীদের তালিকা হালনাগাদ করা হয়।

এতদিন এসএমই কোম্পানির প্রাথমিক শেয়ারে আবেদন ও সেকেন্ডারি মার্কেটে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বিনিয়োগের যোগ্যতায় বড় ধরনের পার্থক্য ছিল। পুঁজিবাজারে ১০ লাখ টাকার বিনিয়োগ থাকলেই একজন ব্যক্তি বিনিয়োগকারী এসএমই কোম্পানির প্রাথমিক শেয়ারের জন্য আবেদন করতে পারতেন। তবে বরাদ্দ পাওয়া শেয়ার বিক্রির সুযোগ থাকলেও ৩০ লাখ টাকার বিনিয়োগ না থাকলে সেকেন্ডারি মার্কেট থেকে নতুন করে শেয়ার কিনতে পারতেন না।

বিএসইসির নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এ পার্থক্য দূর হবে। প্রাথমিক শেয়ারের জন্য আবেদন এবং সেকেন্ডারি মার্কেটে শেয়ার কেনাবেচা—উভয় ক্ষেত্রেই ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা হবে ১০ লাখ টাকা।

এর আগেও কয়েক দফায় এসএমই মার্কেটে বিনিয়োগের যোগ্যতাসংক্রান্ত শর্ত পরিবর্তন করেছে বিএসইসি। ২০২১ সালের সেপ্টেম্বরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে লেনদেন শুরুর সময় বিনিয়োগের ন্যূনতম সীমা ছিল ৫০ লাখ টাকা। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে তা কমিয়ে ২০ লাখ টাকা করা হয়। পরবর্তী সময়ে একই বছরের সেপ্টেম্বরে এ সীমা আবার বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করে কমিশন।

বিনিয়োগসীমা বাড়ানোর ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন এক বিনিয়োগকারী। পরে রিট খারিজ হলে ২০২৩ সালের অক্টোবর থেকে ৩০ লাখ টাকার বিনিয়োগসীমা কার্যকর করে ডিএসই। চলতি বছরের ১৯ মে জারি করা নির্দেশনাতেও এ সীমা বহাল রাখা হয়।

বর্তমানে ডিএসইর এসএমই প্লাটফর্মে ২০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। ক্ষুদ্র মূলধনি কোম্পানিগুলোর পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরির উদ্দেশ্যে এসএমই প্ল্যাটফর্ম চালু করা হলেও বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ এ বাজারে তারল্য বৃদ্ধির অন্যতম প্রতিবন্ধকতা হয়ে রয়েছে। যোগ্য বিনিয়োগকারীর সংখ্যা সীমিত থাকায় অনেক কোম্পানির শেয়ারে পর্যাপ্ত ক্রেতা-বিক্রেতা পাওয়া কঠিন হয়ে পড়ে।

বিনিয়োগের ন্যূনতম সীমা কমানোর ফলে পুঁজিবাজারে ১০ লাখ থেকে ৩০ লাখ টাকার কম বিনিয়োগ রয়েছে, এমন ব্যক্তি বিনিয়োগকারীদের সামনে নতুন সুযোগ তৈরি হবে। এতে এসএমই মার্কেটে বিনিয়োগকারীর সংখ্যা, লেনদেন ও তারল্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বাজারটি সক্রিয় হলে ক্ষুদ্র মূলধনি কোম্পানিগুলোর পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে এসএমই মার্কেটে তালিকাভুক্ত অনেক কোম্পানির লেনদেনযোগ্য শেয়ারের সংখ্যা তুলনামূলক কম থাকায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কারসাজির ঝুঁকিও রয়েছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণের পাশাপাশি তাদের স্বার্থ সুরক্ষায় কার্যকর বাজার তদারকি, কোম্পানির আর্থিক তথ্য প্রকাশে স্বচ্ছতা এবং লেনদেনে শৃঙ্খলা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।