ছবি: বাংলাদেশ ব্যাংক
কাপড়ের তৈরি খেলনা ও তাঁবু রপ্তানিতে নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। বস্ত্রজাত পণ্য হিসেবে বিদ্যমান রপ্তানি প্রণোদনার আওতায় পণ্য দুটিকে অন্তর্ভুক্ত করার বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রচলিত শর্ত পূরণ সাপেক্ষে এসব পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হলো।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বস্ত্রজাত সামগ্রী হিসেবে কাপড়ের তৈরি শিশুদের নরম খেলনা (ইনফ্যান্ট সফট টয়েজ) ও তাঁবু রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রযোজ্য হবে। চলতি বছরের ৫ জুলাই জারি করা রপ্তানি প্রণোদনাসংক্রান্ত সার্কুলারের পরিশিষ্টের ১, ২ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত নগদ সহায়তার সুবিধা পাবে এসব পণ্য।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রদানের বিদ্যমান শর্ত ও নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে। পাশাপাশি বিশেষায়িত অঞ্চলে অবস্থিত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নগদ সহায়তা পরিশোধসংক্রান্ত ২০২১ সালের ১০ নভেম্বর জারি করা সার্কুলারের নির্দেশনা অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে আগে থেকে কার্যকর সব শর্ত ও নির্দেশনা বহাল থাকবে। নতুন নির্দেশনার বিষয়টি সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই আসে তৈরি পোশাক খাত থেকে। এ নির্ভরতা কমাতে প্রচলিত পোশাকের বাইরে অন্যান্য বস্ত্রজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে কাপড়ের তৈরি খেলনা ও তাঁবুর মতো পণ্যে বিদ্যমান বস্ত্রশিল্পের উৎপাদন সক্ষমতা ও দক্ষ জনবল কাজে লাগানোর সুযোগ রয়েছে।
নগদ সহায়তার প্রযোজ্যতা স্পষ্ট হওয়ায় এসব পণ্যের রপ্তানিকারকদের নীতিগত অনিশ্চয়তা কমবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে মূল্য প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং প্রচলিত পোশাকের বাইরে বৈচিত্র্যময় বস্ত্রজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের আগ্রহ বাড়তে পারে।
তবে নতুন করে নগদ সহায়তার কোনো হার নির্ধারণ করেনি বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান রপ্তানি প্রণোদনা কাঠামোর আওতায় পণ্য দুটির নগদ সহায়তা পাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।













