ঢাকা,  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

ছয় ফান্ডে এলআর গ্লোবালের ফেরার চেষ্টা ব্যর্থ

বিডিনিউজে প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে বিতর্কের পর কোয়েস্ট বিডিসিতে বিনিয়োগে ইউনিটধারীদের চরম ক্ষতি; সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ফিরে পাওয়ার আবেদন নামঞ্জুর করেছে বিএসইসি

পুঁজিবাজার

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩,২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৪,২৪ নভেম্বর ২০২৬

ছয় ফান্ডে এলআর গ্লোবালের ফেরার চেষ্টা ব্যর্থ

ছবি: এলআর গ্লোবাল

মিউচুয়াল ফান্ডের অর্থ আইন লঙ্ঘন করে বিনিয়োগের কারণে দ্বিতীয় দফায় ছয়টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব হারানো এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবার আর ফিরতে পারছে না। সম্পদ ব্যবস্থাপকের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রতিষ্ঠানটির করা আবেদন নামঞ্জুর করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগ করেছিল এলআর গ্লোবাল। এ বিনিয়োগের কারণে সংশ্লিষ্ট ফান্ডগুলোর ইউনিটধারীরা চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে কমিশনের ১০১৮তম সভায় ছয়টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফান্ডগুলো হলো এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

তবে মিউচুয়াল ফান্ডের অর্থ বিনিয়োগে অনিয়মের কারণে এলআর গ্লোবালের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থা নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

২০১৯ সালে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ৫০ কোটি টাকা বিনিয়োগ করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি। ওই বিনিয়োগের ৪৯ কোটি টাকাই নেওয়া হয়েছিল এলআর গ্লোবালের ব্যবস্থাপনায় থাকা ছয়টি মিউচুয়াল ফান্ড থেকে। বাকি এক কোটি টাকা বিনিয়োগ করেছিল সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি নিজেই।

বিএসইসির তদন্তের তথ্য অনুযায়ী, বিডিনিউজের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১২ হাজার ৫০০ টাকা দরে কিনেছিল এলআর গ্লোবাল। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১২ হাজার ৪০০ টাকা অতিরিক্ত মূল্য পরিশোধ করা হয়েছিল। ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থে সংবাদমাধ্যমটির ৩৯ হাজার ২০০টি শেয়ার কেনা হয়। বিএসইসির তদন্তে এ বিনিয়োগের মাধ্যমে ইউনিটধারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উঠে আসে। 

ওই বিনিয়োগ নিয়ে বিতর্কের জেরে এলআর গ্লোবালের ব্যবস্থাপনায় থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের বড় একটি অংশ সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের দাবি জানায়। 

এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ডিসেম্বরে ফান্ড দুটির ব্যবস্থাপনার দায়িত্ব থেকে এলআর গ্লোবালকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে গেলেও ২০২০ সালের মার্চে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেন।

তবে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। ২০২১ সালের মার্চে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ফান্ড দুটির ব্যবস্থাপনার দায়িত্ব আবার এলআর গ্লোবালকে ফিরিয়ে দেয় কমিশন। সে সময় বিধিবিধান পরিপালন, সংবাদমাধ্যমটিতে বিনিয়োগ করা অর্থ ফেরত আনা এবং জরিমানা পরিশোধসহ কয়েকটি শর্ত দেওয়া হয়েছিল। 

পরবর্তী সময়ে বিডিনিউজে বিনিয়োগ করা অর্থ ফেরত আনতে আবারও উদ্যোগ নেয় বিএসইসি। ২০২৫ সালের ১৬ জুলাই কমিশন সিদ্ধান্ত নেয়, ৩০ দিনের মধ্যে বিনিয়োগ করা অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামসহ সংশ্লিষ্টদের এবং প্রতিষ্ঠানটিকে মোট ৬০ কোটি টাকা জরিমানা করা হবে। 

বিডিনিউজে বিনিয়োগের আগেও একাধিক অতালিকাভুক্ত বেসরকারি কোম্পানিতে মিউচুয়াল ফান্ডের অর্থ বিনিয়োগ করে শাস্তির মুখে পড়েছিল এলআর গ্লোবাল। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল গার্ডিয়ান হেলথকেয়ার, থাইরোকেয়ার বাংলাদেশ, প্রপার্টি ইনভেস্টরস ও ট্রাইবেকা ম্যানেজমেন্ট।

২০১৫ সালে বিএসইসির তদন্তে অনুমোদনহীন বিভিন্ন বেসরকারি কোম্পানিতে প্রায় ৯৫ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগের তথ্য উঠে আসে। এর মধ্যে ২০১৪ সালের জুন শেষে প্রায় ৪৮ কোটি ৬০ লাখ টাকার বিনিয়োগ স্থিতি ছিল। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এলআর গ্লোবালকে ৫০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি এক বছরের জন্য নতুন ফান্ড গঠনে নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন।

পরবর্তী এক তদন্তে দেখা যায়, ওই বিনিয়োগ থেকে ৪৩ কোটি ৬২ লাখ টাকা ফেরত আনা হলেও কোনো মুনাফা পায়নি ছয়টি মিউচুয়াল ফান্ড। এর বাইরে রংপুর ডিস্টিলারিতে ১০ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রেও বিধিবিধান লঙ্ঘনের তথ্য উঠে আসে।

তবে অতালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ নিয়ে বিএসইসির আগের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছিল এলআর গ্লোবাল। প্রতিষ্ঠানটির দাবি ছিল, বিদ্যমান বিধিবিধান অনুসরণ করেই এসব বিনিয়োগ করা হয়েছিল। বিডিনিউজে বিনিয়োগের ক্ষেত্রেও ভবিষ্যতে শেয়ারের মূল্যবৃদ্ধি ও মুনাফা অর্জনের প্রত্যাশার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। 

আগের এসব বিতর্কের মধ্যেই মিউচুয়াল ফান্ডের অর্থে বন্ধ ও লোকসানি প্রতিষ্ঠান পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারের শেয়ার কেনে এলআর গ্লোবাল। পরবর্তী সময়ে কোম্পানিটির নাম পরিবর্তন করে কোয়েস্ট বিডিসি লিমিটেড করা হয়। বিএসইসির তদন্তে উঠে আসে, দুই দফায় কোম্পানিটিতে ছয়টি মিউচুয়াল ফান্ডের মোট ৬৮ কোটি ৬৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছিল।

প্রথম দফায় পদ্মা প্রিন্টার্সের উদ্যোক্তাদের কাছ থেকে শেয়ার কিনতে ব্যয় করা হয় ২৩ কোটি ৬২ লাখ টাকা। সে সময় কোম্পানিটির কোনো ব্যবসায়িক কার্যক্রম ছিল না। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ঋণাত্মক ২ টাকা ৭৪ পয়সা। ডিএসইর ওভার দ্য কাউন্টার বাজারে শেয়ারটির দর ১৩ টাকা ৬০ পয়সা থাকলেও এলআর গ্লোবাল তা কিনেছিল ২৮৯ টাকা ৪৮ পয়সা দরে।

পরবর্তী সময়ে কোয়েস্ট বিডিসির পরিশোধিত মূলধন ১ কোটি ৬০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করা হয়। এ প্রক্রিয়ায় ব্যক্তিগত বরাদ্দের মাধ্যমে আরও ৪৫ কোটি ২ লাখ টাকা বিনিয়োগ করা হয় ছয়টি মিউচুয়াল ফান্ড থেকে।

বিএসইসির তদন্তে এ বিনিয়োগ প্রক্রিয়ায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের পাশাপাশি এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম ও বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের যোগসাজশের তথ্য উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের অক্টোবরে দুজনকেই পুঁজিবাজারে আজীবনের জন্য নিষিদ্ধ করে কমিশন। 

শুধু বিডিনিউজ ও কোয়েস্ট বিডিসি—এ দুটি প্রতিষ্ঠানেই ছয়টি মিউচুয়াল ফান্ডের মোট ১১৭ কোটি ৬৪ লাখ টাকা বিনিয়োগ করেছিল এলআর গ্লোবাল। এর বাইরে বিভিন্ন অতালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রেও অনিয়মের তথ্য রয়েছে।

দফায় দফায় আইন লঙ্ঘনের পর এবার ছয়টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল বিএসইসি। তবে শুধু সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের মধ্য দিয়েই ইউনিটধারীদের আর্থিক ক্ষতির সমাধান হবে না। আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা অর্থ কতটা উদ্ধার করা যাবে, সেটিই এখন সংশ্লিষ্ট ফান্ডগুলোর বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।