ছবি: বাংলাদেশ ব্যাংক
খেলাপি ঋণের পাহাড়, মূলধন ঘাটতি ও সুশাসনের সংকটে বিপর্যস্ত দেশের ব্যাংক খাতকে পুনরুদ্ধারে চার বছরের কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকভিত্তিক এ পরিকল্পনায় মূলধন পুনর্গঠন, পুরোনো খেলাপি ঋণ আদায় এবং ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক খাত সংস্কারের এ পরিকল্পনা তুলে ধরেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আগামী ডিসেম্বরের মধ্যেই খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। তবে খেলাপি ঋণ কতটা কমানো সম্ভব হবে কিংবা কী পরিমাণ ঋণ আদায়ের লক্ষ্য রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণা এলো এমন এক সময়ে, যখন দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়। বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি। এর মধ্যে ৫ লাখ ৮১ হাজার ৪৯৫ কোটি টাকার ঋণই মন্দ বা আদায় অযোগ্য পর্যায়ে রয়েছে। ফলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ই হবে চার বছরের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম বড় চ্যালেঞ্জ।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে ব্যাংকগুলোর সম্পদমান পর্যালোচনা (একিউআর) করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র সামনে এসেছে।
খেলাপি ঋণসহ ব্যাংক খাতের বিভিন্ন আর্থিক সূচকের সাম্প্রতিক অবনতিকে গত দুই বছরের কার্যক্রমের প্রতিফলন হিসেবে দেখতে নারাজ বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির দাবি, দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম ও দুর্বলতার চিত্র এখন প্রকাশ পাচ্ছে। টেকসই সংস্কারের জন্য প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণকে অপরিহার্য পূর্বশর্ত হিসেবে দেখছে নিয়ন্ত্রক সংস্থাটি।
ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নতুন করে মূলধন জোগান, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং পুরোনো খেলাপি ঋণ ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তবে দুর্বল ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনে কী পরিমাণ অর্থ প্রয়োজন হবে, সেই অর্থের উৎস কী হবে এবং কোন ব্যাংককে কত সময়ের মধ্যে আর্থিক সক্ষমতা অর্জন করতে হবে, তার বিস্তারিত প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক।
ইতোমধ্যে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি অর্থসহায়তা ও গ্যারান্টি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তনের মাধ্যমে ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কার্যক্রমের আওতায় জরুরি সহায়তানির্ভরতা পর্যায়ক্রমে কমিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচিতে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, নতুন ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আর্থিক খাতের প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সংস্কারও বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, চার বছরের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা গেলে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী হওয়ার পাশাপাশি আমানতকারীদের আস্থাও ফিরবে। তবে এ পরিকল্পনার কার্যকারিতা নির্ভর করবে পুরোনো খেলাপি ঋণ থেকে প্রকৃত অর্থ আদায়, মূলধন ঘাটতি পূরণ এবং নতুন করে ঋণ খেলাপি হওয়ার প্রবণতা কতটা নিয়ন্ত্রণ করা যায়, তার ওপর।
ব্যাংক খাত নিয়ে সাম্প্রতিক নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে আমানতকারীদের আশ্বস্ত করতেই এ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি জনসাধারণকে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে।













