ছবি: সঞ্চয় অধিদপ্তর
এক সপ্তাহ ধরে সঞ্চয়পত্রের লেনদেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। মেয়াদ শেষ হলেও ফেরত পাচ্ছেন না জমানো টাকা, ব্যাংক হিসাবে জমা হচ্ছে না নির্ধারিত মুনাফা। জরুরি চিকিৎসা থেকে সংসারের প্রয়োজনীয় খরচ মেটাতে নিজেদের সঞ্চয়ের অর্থ তুলতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে। একই সঙ্গে বন্ধ রয়েছে নতুন সঞ্চয়পত্র কেনা ও ইস্যুর কার্যক্রম।
গত ১৬ নভেম্বর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সফটওয়্যারে সমস্যা দেখা দেওয়ার পর কার্যত অচল হয়ে পড়েছে সঞ্চয়পত্রের লেনদেনব্যবস্থা। অতিরিক্ত তথ্যের চাপ ও সার্ভার উন্নয়নের কাজকে এ বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কবে নাগাদ গ্রাহকেরা স্বাভাবিক সেবা পাবেন, তা এখনো নিশ্চিত নয়।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক (নীতি) মুহাম্মদ মিজানুর রহমান বলেন, অতিরিক্ত তথ্যের চাপের কারণে সার্ভারে সমস্যা হয়েছে। এতে গত কয়েক দিন ধরে সঞ্চয়পত্রের সব ধরনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আগামী এক-দুই দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তাঁরা।
সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তাও জানিয়েছেন, সঞ্চয়পত্রের সার্ভার উন্নয়নের কাজ চলায় লেনদেনে সমস্যা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সার্ভার সচল করতে কাজ চলছে।
এদিকে নিজেদের জমানো টাকা তুলতে ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার যেতে হচ্ছে গ্রাহকদের। কচুয়া থেকে বাংলাদেশ ব্যাংকে আসা নাজমা আক্তার জানান, ১৫ ও ১৮ নভেম্বর তাঁর টাকা পাওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু সময় পার হলেও টাকা পাননি। নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের সঞ্চয়ের অর্থও আটকে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে আসা রাফিকা জামান বলেন, ১৮ নভেম্বর তাঁর সঞ্চয়পত্রের মুনাফা পাওয়ার কথা ছিল। সাধারণত নির্ধারিত সময়ের আগেই ব্যাংক হিসাবে টাকা জমা হয়। কিন্তু এবার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা পাননি। তাঁর পরিচিত আরও অনেক গ্রাহক একই সমস্যায় পড়েছেন।
আরও বিপাকে পড়েছেন সোনালী ব্যাংকের গ্রাহক শহীদুল ইসলাম। অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে জরুরি ভিত্তিতে সঞ্চয়পত্র ভাঙাতে চেয়েছিলেন তিনি। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যাংকে গেলেও সফটওয়্যার সমস্যার কারণে টাকা তুলতে পারেননি। ফলে চিকিৎসার ব্যয় মেটানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
সঞ্চয়পত্রের লেনদেন বন্ধ থাকায় বিপুল অঙ্কের আর্থিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। একই সময়ে মেয়াদপূর্তির মূলধন ফেরত দেওয়া হয়েছে ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকা। মুনাফা পরিশোধ হয়েছে আরও ১১ হাজার ৫৮২ কোটি ১৫ লাখ টাকা।
তিন মাসে নতুন সঞ্চয়পত্র বিক্রি, মূলধন ফেরত ও মুনাফা পরিশোধ মিলিয়ে মোট আর্থিক কার্যক্রম হয়েছে ৬৬ হাজার ৮৬২ কোটি টাকার বেশি। সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৭২৬ কোটি টাকার কার্যক্রম হয়েছে। তবে সফটওয়্যার বিপর্যয়ের কারণে প্রকৃত কত টাকার লেনদেন আটকে রয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৪৩ কোটি টাকা। বিপুলসংখ্যক মানুষের সঞ্চয় ও নিয়মিত মুনাফা পরিশোধের সঙ্গে যুক্ত এই ব্যবস্থায় দীর্ঘ সময় অচলাবস্থা থাকলে গ্রাহকদের আর্থিক পরিকল্পনাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সফটওয়্যার সমস্যার প্রভাব পড়েছে আয়কর রিটার্ন জমার প্রস্তুতিতেও। সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারছেন না অনেক গ্রাহক। ফলে প্রয়োজনীয় তথ্য ও সনদ ছাড়া আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন করদাতারা।
লেনদেন বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকেরা। কেউ কেউ সার্ভার হ্যাক কিংবা গ্রাহকদের অর্থ আত্মসাতের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এসব গুঞ্জনের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাটিকে কারিগরি বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন।
সঞ্চয়পত্রের নিয়মিত মুনাফার ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য পরিস্থিতি বিশেষভাবে কঠিন হয়ে উঠেছে। অনেকেই এই অর্থ দিয়ে সংসারের খরচ, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটান। ফলে নির্ধারিত সময়ে টাকা না পাওয়ায় তাঁদের আর্থিক অনিশ্চয়তা বাড়ছে। দ্রুত সফটওয়্যার সচল করে আটকে থাকা মূলধন ও মুনাফা পরিশোধের অপেক্ষায় রয়েছেন গ্রাহকেরা।










