ঢাকা,  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

নতুন ঋণের চেয়ে চার গুণ গতিতে বাড়ছে খেলাপি

তিন মাসে ঋণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি, খেলাপি বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা; ঋণের মানের অবনতিতে ব্যাংক খাতের নতুন উদ্বেগ

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪,২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৩৩,২৩ নভেম্বর ২০২৬

নতুন ঋণের চেয়ে চার গুণ গতিতে বাড়ছে খেলাপি

প্রতীকী ছবি (এআই দ্বারা তৈরী)

দেশের ব্যাংক খাতে নতুন ঋণ বৃদ্ধির চেয়ে প্রায় চার গুণ দ্রুত বাড়ছে খেলাপি ঋণ। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ব্যাংকগুলোর মোট ঋণস্থিতি বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। অথচ একই সময়ে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। ঋণপ্রবাহে স্থবিরতার মধ্যেও বিদ্যমান ঋণের মান দ্রুত অবনতি হওয়ায় ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর প্রান্তিকের সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, তিন মাসে মোট ঋণস্থিতি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৩০ শতাংশ। বিপরীতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৩ দশমিক ৪৪ শতাংশ। অর্থাৎ টাকার অঙ্কে মোট ঋণস্থিতির নিট বৃদ্ধির তুলনায় খেলাপি ঋণের বৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৭৪ গুণ।

ব্যাংক খাতে সেপ্টেম্বর শেষে মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অন্যদিকে একই সময়ে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা থেকে বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় পৌঁছেছে।

এ পরিসংখ্যানের তাৎপর্য হলো, ব্যাংকগুলোর ঋণস্থিতি প্রায় অপরিবর্তিত থাকলেও আগের বিতরণ করা ঋণের একটি বড় অংশ নতুন করে খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে। ফলে ঋণ বিতরণ না বাড়লেও ব্যাংকগুলোর সম্পদের গুণগত মানের ওপর চাপ বাড়ছে।

খেলাপি ঋণের হারেও এই অবনতির প্রতিফলন দেখা যাচ্ছে। জুন শেষে মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ খেলাপি থাকলেও সেপ্টেম্বর শেষে তা বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। অর্থাৎ তিন মাসে খেলাপির হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। 

ঋণস্থিতির তুলনায় খেলাপি ঋণ দ্রুত বাড়ার অর্থ হলো, ব্যাংকগুলোর বিদ্যমান ঋণসম্পদের একটি ক্রমবর্ধমান অংশ থেকে নিয়মিত অর্থ ফেরত আসছে না। এতে ঋণের সুদ আদায়, নতুন ঋণ দেওয়ার সক্ষমতা এবং ব্যাংকের মুনাফা অর্জনের ওপর চাপ তৈরি হতে পারে।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে খেলাপি ঋণের গুণগত অবনতি। সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ বা ক্ষতিজনক শ্রেণিতে রয়েছে। এ ধরনের ঋণের পরিমাণ ৫ লাখ ৮১ হাজার ৪৯৫ কোটি টাকা। মন্দ ঋণ আদায়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া, জামানত নিষ্পত্তি এবং ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এ ছাড়া বিশেষ নজরদারিতে থাকা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা। এসব ঋণ এখনো খেলাপি হিসেবে শ্রেণিকৃত না হলেও নিয়মিত পরিশোধে দুর্বলতার কারণে ভবিষ্যতে খেলাপি হওয়ার ঝুঁকি রয়েছে।

ঋণের মানের অবনতির পাশাপাশি ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়ে গেছে। সেপ্টেম্বর শেষে প্রয়োজনীয় ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকার বিপরীতে ব্যাংকগুলো সংরক্ষণ করেছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি রয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।

তবে এ ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। জুন শেষে প্রভিশন ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। তিন মাসে ঘাটতি প্রায় ৪ হাজার ১৯ কোটি টাকা কমেছে। একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাত ৫৪ শতাংশ থেকে বেড়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। গত বছরের সেপ্টেম্বর শেষে এই অনুপাত ছিল ২৮ দশমিক ৮২ শতাংশ।

অর্থাৎ খেলাপি ঋণ বাড়লেও ব্যাংকগুলো আগের তুলনায় বেশি নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে পেরেছে। তবে প্রয়োজনীয় প্রভিশনের বড় অংশ এখনো ঘাটতিতে থাকায় ব্যাংকগুলোর আর্থিক ঝুঁকি পুরোপুরি কমেনি।

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতির পেছনে দীর্ঘদিনের দুর্বল ঋণ ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব এবং অনিয়মের বিষয়টিও সামনে এসেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ২ লাখ ১১ হাজার কোটি টাকা। পরবর্তী সময়ে ঋণের হিসাব পুনর্মূল্যায়ন ও বিভিন্ন ব্যাংকের আর্থিক পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে আগে আড়ালে থাকা বিপুল খেলাপি ঋণ প্রকাশ পেতে থাকে।

এছাড়া ঋণ শ্রেণিকরণের নিয়ম কঠোর হওয়া এবং আগে আড়ালে থাকা খেলাপি ঋণ শনাক্ত হওয়ার কারণেও খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। তবে সর্বশেষ প্রান্তিকের পরিসংখ্যান বলছে, ব্যাংক খাতে ঋণস্থিতির প্রবৃদ্ধির তুলনায় খেলাপি ঋণের বৃদ্ধি এখনো অনেক বেশি।

অর্থনীতিবিদ মো. মাজেদুল হক বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ এবং ঋণগ্রহীতা নির্বাচনে ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রভাব ব্যাংক খাতের সংকটকে গভীর করেছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়িক সক্ষমতা যাচাই না করেই ঋণ দেওয়া হয়েছে। কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে ঋণ নেওয়ার ঘটনাও ঘটেছে।

তার মতে, এসব অনিয়মের দায় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বারবার নীতিগত সুবিধা দেওয়ায় ঋণ আদায়ের শৃঙ্খলা দুর্বল হয়েছে।

চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতি গবেষক এম হেলাল আহম্মেদ খান বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি বিপুল পরিমাণ ঋণ মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে চলে যাওয়া বেশি উদ্বেগজনক। এতে ব্যাংকগুলোর ঋণ পুনরুদ্ধার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি মনে করেন, ঋণ বিতরণের আগে গ্রাহকের প্রকৃত আর্থিক সক্ষমতা যাচাই, ঋণ ব্যবহারের ওপর নজরদারি এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। শুধু নীতিগত সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করলে ব্যাংক খাতের অন্তর্নিহিত সংকটের সমাধান হবে না।

ব্যাংক খাতের সর্বশেষ তথ্য বলছে, নতুন ঋণপ্রবাহ বাড়ানোর পাশাপাশি বিদ্যমান ঋণের মান রক্ষা করাও এখন বড় চ্যালেঞ্জ। কারণ, ঋণস্থিতি সামান্য বাড়লেও খেলাপি ঋণ কয়েক গুণ দ্রুত বাড়তে থাকলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা আরও সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এতে বেসরকারি বিনিয়োগ ও উৎপাদন খাতের অর্থায়নও বাধাগ্রস্ত হতে পারে।