ঢাকা,  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

পদ্মা ব্যাংকের সংকট সমাধানে এবার আইনি প্রক্রিয়া

মূলধন জোগান, নাম ও ব্যবস্থাপনায় পরিবর্তন এবং একীভূতকরণের উদ্যোগেও কাটেনি সংকট; আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় রেজল্যুশনের আওতায় আনল বাংলাদেশ ব্যাংক

করপোরেট

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১,২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩২,২৪ নভেম্বর ২০২৬

পদ্মা ব্যাংকের সংকট সমাধানে এবার আইনি প্রক্রিয়া

ছবি: পদ্মা ব্যাংক

দীর্ঘদিনের আর্থিক সংকট থেকে পদ্মা ব্যাংককে উদ্ধারে নানা উদ্যোগ নেওয়া হলেও মেলেনি স্থায়ী সমাধান। এবার ব্যাংকটির সংকট সমাধানে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ সুরক্ষাসহ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় আনা হয়েছে ব্যাংকটিকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। মঙ্গলবার সার্কুলার জারির মাধ্যমে সে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণসহ সামগ্রিক শৃঙ্খলা আনয়ন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এ প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক মাহমুদুন নবী স্বাক্ষরিত সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


রেজল্যুশন হচ্ছে আর্থিকভাবে সংকটাপন্ন ব্যাংকের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার আইনভিত্তিক সমাধানের একটি প্রক্রিয়া। সাধারণভাবে এ প্রক্রিয়ায় ব্যাংকের সম্পদ ও দায় পুনর্মূল্যায়ন, মূলধন পুনর্গঠন, মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন, অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ কিংবা সম্পদ ও দায় স্থানান্তরের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্যাংকের আর্থিক অবস্থার ভিত্তিতে নির্ধারিত হয় সংকট সমাধানের পদ্ধতি।

তবে রেজল্যুশনের আওতায় আনার অর্থ ব্যাংকটিকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া নয়। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রেখে সংকটাপন্ন ব্যাংকের বিষয়ে কার্যকর সমাধানে পৌঁছানোই এ প্রক্রিয়ার অন্যতম উদ্দেশ্য।

২০১৩ সালে ফারমার্স ব্যাংক নামে কার্যক্রম শুরু করে বর্তমান পদ্মা ব্যাংক। ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম, খেলাপি ঋণ বৃদ্ধি ও তারল্য সংকটের কারণে কার্যক্রম শুরুর কয়েক বছরের মধ্যেই গভীর আর্থিক সংকটে পড়ে ব্যাংকটি। একপর্যায়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতেও সমস্যায় পড়ে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটিকে সংকট থেকে উদ্ধারে ২০১৮ সালে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পাশাপাশি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে মূলধন জোগানের উদ্যোগ নেওয়া হয়। পরিবর্তন আনা হয় ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায়। পরবর্তী সময়ে ২০১৯ সালে ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।

এসব উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগের মাধ্যমে মূলধন ঘাটতি পূরণের চেষ্টাও করে ব্যাংকটি।

২০২৪ সালের মার্চে বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকও সই হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই একীভূতকরণ কার্যকর হয়নি। এবার ব্যাংকটির সংকট সমাধানে রেজল্যুশন আইনের প্রয়োগ করল কেন্দ্রীয় ব্যাংক।

পদ্মা ব্যাংকের ক্ষেত্রে রেজল্যুশনের কোন পদ্ধতি অনুসরণ করা হবে, বিদ্যমান শেয়ারধারীদের বিনিয়োগের ভবিষ্যৎ কী হবে কিংবা ব্যাংকটির সম্পদ ও দায় কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে মঙ্গলবারের সার্কুলারে বিস্তারিত কিছু জানানো হয়নি। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার পদ্ধতি ও সময়সীমা সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়নি।

প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হলেও পদ্মা ব্যাংকের সংকট কাটেনি। এবার আইনভিত্তিক প্রক্রিয়ায় ব্যাংকটির আর্থিক সংকটের কতটা সমাধান করা যায়, সেটিই দেখার বিষয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে রেজল্যুশন প্রক্রিয়া কতটা কার্যকর হয়, তার ওপরই নির্ভর করবে এ উদ্যোগের সফলতা।