ছবি- বাসস
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক দাবি থেকে ১০ হাজার টাকা ছাড় দিলেও মালিকপক্ষ প্রস্তাবিত মজুরি বাড়িয়েছে মাত্র ৭০০ টাকা। কয়েক দফা দর-কষাকষির পরও দুই পক্ষের প্রস্তাবিত মজুরির ব্যবধান রয়ে গেছে ৬ হাজার ৩০০ টাকা। তবে আজকের বৈঠকেই মজুরি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে বলে আশা করছে নিম্নতম মজুরি বোর্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চলমান বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
বর্তমানে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি কাঠামোয় শ্রমিকপক্ষ সর্বশেষ ২২ হাজার টাকা নিম্নতম মজুরি দাবি করেছে। বিপরীতে মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। সে হিসাবে বিদ্যমান মজুরির তুলনায় শ্রমিকপক্ষ ৭৬ শতাংশ বৃদ্ধি চাইছে। অন্যদিকে মালিকপক্ষ মজুরি বাড়াতে চাইছে ২৫ দশমিক ৬০ শতাংশ।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ প্রথমে ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিল। এর বিপরীতে মালিকপক্ষ গতকাল সোমবার ১৫ হাজার টাকা প্রস্তাব করে। পরে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবে ২৫ হাজার টাকা দাবি করলে মালিকপক্ষ তাদের প্রস্তাব বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা করে। দ্বিতীয় দফায় শ্রমিকপক্ষ দাবি কমিয়ে ২২ হাজার টাকা করলে মালিকপক্ষ আরও ২০০ টাকা বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়।
অর্থাৎ দুই পক্ষের প্রাথমিক প্রস্তাবিত মজুরির ব্যবধান ছিল ১৭ হাজার টাকা। কয়েক দফা আলোচনায় এ ব্যবধান ১০ হাজার ৭০০ টাকা কমে এসেছে। ব্যবধান কমানোর ক্ষেত্রে শ্রমিকপক্ষের ছাড়ই ছিল সবচেয়ে বেশি।
তবে কোনো পক্ষের সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সৈয়দ আজাদ সুবহানি। তিনি বলেন, মঙ্গলবার উভয় পক্ষ তৃতীয় দফায় সংশোধিত মজুরি প্রস্তাব জমা দেবে। ওই প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী আলোচনা হবে। প্রয়োজনে রাত ৯টা পর্যন্ত বৈঠক চলবে। আজকের বৈঠকেই নিম্নতম মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছেন তিনি।
২০২৩ সালে নির্ধারিত বিদ্যমান মজুরি কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের প্রথম গ্রেডের নিম্নতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৪ হাজার ২৭৩ টাকা, তৃতীয় গ্রেডের ১৩ হাজার ৫৫০ টাকা এবং চতুর্থ গ্রেডের ১২ হাজার ৫০০ টাকা।
নতুন মজুরি কাঠামোর জন্য শ্রমিকপক্ষের প্রাথমিক প্রস্তাবে প্রথম গ্রেডের মজুরি ৪৮ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডের ৪৩ হাজার টাকা, তৃতীয় গ্রেডের ৩৮ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডের ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছিল।
এর বিপরীতে মালিকপক্ষ প্রথম গ্রেডে ১৭ হাজার ৮৫০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৬ হাজার ৯৫০ টাকা, তৃতীয় গ্রেডে ১৬ হাজার ১১০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৫ হাজার টাকা মজুরির প্রাথমিক প্রস্তাব দিয়েছিল। তবে সংশোধিত প্রস্তাবে প্রথম তিনটি গ্রেডের মজুরি কত নির্ধারণের কথা বলা হয়েছে, সে তথ্য এখনো জানানো হয়নি।
পোশাকশিল্পের নতুন মজুরি নির্ধারণে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয় সোমবার। কয়েক দফা বিরতি দিয়ে প্রায় পৌনে নয় ঘণ্টা বৈঠক চললেও মজুরি নিয়ে কোনো পক্ষই সমঝোতায় পৌঁছাতে পারেনি। মঙ্গলবার বেলা সোয়া ৩টায় আবারও বৈঠক শুরু হয়।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে বৈঠকে নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।
এ ছাড়া মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বৈঠকে অংশ নেন।
নব্বইয়ের দশকের শুরুতে দেশের তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ছিল মাত্র ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা প্রায় ৪৮ শতাংশ বাড়িয়ে ৯৩০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তী প্রায় তিন দশকে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি প্রায় ৫৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এবার মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব কার্যকর হলে পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি বাড়বে ৩ হাজার ২০০ টাকা। অন্যদিকে শ্রমিকপক্ষের দাবি অনুযায়ী মজুরি নির্ধারণ করা হলে বাড়বে ৯ হাজার ৫০০ টাকা। তবে শেষ পর্যন্ত কত টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, তা নির্ভর করছে চলমান দর-কষাকষির ওপর।














