ঢাকা,  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

প্রিমিয়ার ও কমার্স ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক

কমার্স ব্যাংকে খেলাপি ঋণ ৬৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকে ৩১ শতাংশ; দুই ব্যাংকের সম্মিলিত লোকসান প্রায় দেড় হাজার কোটি টাকা

করপোরেট

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১,৪ নভেম্বর ২০২৬

প্রিমিয়ার ও কমার্স ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক

ডিএসজে কোলাজ

খেলাপি ঋণ ও বড় অঙ্কের লোকসানে বিপর্যস্ত বাংলাদেশ কমার্স ব্যাংক ও দ্য প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালে দুই ব্যাংকের সম্মিলিত লোকসান ছিল প্রায় দেড় হাজার কোটি টাকা। এমন পরিস্থিতিতে নতুন পরিচালকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঋণের মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা।

মঙ্গলবার (৩ নভেম্বর) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর আওতায় নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকে দুজন এবং দ্য প্রিমিয়ার ব্যাংকে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রফিকুল ইসলাম ও এস এম আবদুল হামিদ। ব্যাংকটির আগের দুই স্বতন্ত্র পরিচালকের পদত্যাগপত্র গ্রহণের পর তাঁদের স্থলাভিষিক্ত করা হয়েছে।

অন্যদিকে দ্য প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ।

তবে মোহাম্মদ মোশাররফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে যোগদানের আগে ইউসিবি থেকে তাঁর পদত্যাগের বিষয়টি যাচাই করে বাংলাদেশ ব্যাংককে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুই ব্যাংকের আর্থিক পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশ কমার্স ব্যাংকের অবস্থা তুলনামূলক বেশি সংকটাপন্ন। ২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের প্রায় ৬৫ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। অর্থাৎ প্রতি ১০০ টাকা ঋণের বিপরীতে প্রায় ৬৫ টাকাই খেলাপি। গত হিসাববছরে ব্যাংকটির লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ কোটি টাকায়।

দ্য প্রিমিয়ার ব্যাংকের অবস্থাও উদ্বেগজনক। ২০২৫ সালে ব্যাংকটির খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩১ শতাংশে। একই বছরে ব্যাংকটি ৯৯২ কোটি টাকা লোকসান করেছে। 
দুই ব্যাংকের সম্মিলিত লোকসান ১ হাজার ৪৪২ কোটি টাকা। 

ব্যাংক দুটির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ঋণের তদারকি এবং পরিচালনা পর্ষদের কার্যকর ভূমিকা ব্যাংক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

স্বতন্ত্র পরিচালকদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে ঋণ অনুমোদন ও ঝুঁকি ব্যবস্থাপনায় যথাযথ তদারকি, আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় স্বাধীন অবস্থান নেওয়া। বিশেষ করে উচ্চ খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রে বড় ঋণগ্রহীতাদের ঋণ আদায়, ঋণ পুনঃতফসিলের যৌক্তিকতা এবং পর্যাপ্ত প্রভিশন সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

তবে স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমেই ব্যাংক দুটির আর্থিক সংকটের সমাধান হবে না। নতুন পরিচালকেরা কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন এবং ঋণ আদায় ও ঝুঁকি নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তার ওপর নির্ভর করবে এ উদ্যোগের ফলাফল।

বিশেষ করে বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬৫ শতাংশ খেলাপি ঋণ এবং প্রিমিয়ার ব্যাংকের প্রায় হাজার কোটি টাকার লোকসানের বাস্তবতায় নতুন পরিচালনা পর্ষদের কার্যকারিতা মূল্যায়নের প্রধান মানদণ্ড হবে আর্থিক সূচকের দৃশ্যমান উন্নতি।