ঢাকা,  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, কার্তিক ৭ ১৪৩৩

অর্থায়নের সুযোগ পাচ্ছেন আরও ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা

১ নভেম্বর থেকে আবেদন শুরু, প্রথম ধাপে আট জেলায় সাড়া ১৮ হাজারের বেশি তরুণের

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪০,১৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

অর্থায়নের সুযোগ পাচ্ছেন আরও ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা

ডিএসজে

দেশের আরও ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করছে বাংলাদেশ ব্যাংক। উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা খুঁজে বের করে তাঁদের উদ্যোগে অর্থায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় আগামী ১ নভেম্বর থেকে এসব জেলায় আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রথম পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি চালু করা হয়। এক মাসে এসব উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।

প্রথম পর্যায়ে পাওয়া আবেদনের সংখ্যা থেকে বোঝা যায়, উপজেলা পর্যায়ে উদ্যোক্তা হিসেবে কাজ করার আগ্রহ রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক তরুণের। তবে আবেদনকারীদের কতজন শেষ পর্যন্ত অর্থায়নের জন্য নির্বাচিত হবেন কিংবা কী পরিমাণ অর্থ পাবেন, তা এখনো জানানো হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, চট্টগ্রামের ফেনী, রাজশাহীর নওগাঁ, খুলনার ঝিনাইদহ, বরিশালের ভোলা, সিলেটের হবিগঞ্জ, রংপুরের রংপুর এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলায় আবেদন গ্রহণ করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়ার সুযোগ পান তরুণ উদ্যোক্তারা।

আবেদনের ক্ষেত্রে অন্য সাত জেলাকে ছাড়িয়ে গেছে নেত্রকোণা। জেলাটিতে জমা পড়েছে ৫ হাজার ৩৫১টি আবেদন, যা প্রথম পর্যায়ের মোট আবেদনের প্রায় ২৯ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন এসেছে রংপুর থেকে, ২ হাজার ৭৪৫টি। এরপর রয়েছে নওগাঁয় ২ হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে ২ হাজার ১৯১টি।

এ ছাড়া হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে। আট জেলার হিসাব অনুযায়ী, প্রতিটি উপজেলা থেকে গড়ে প্রায় ২৮৮টি আবেদন পাওয়া গেছে।

প্রথম ধাপের অভিজ্ঞতার পর এবার কর্মসূচির পরিধি বাড়িয়ে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় নেওয়া হচ্ছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরম জমা দিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইটে। কর্মসূচির বিস্তারিত নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, কর্মসূচির উদ্দেশ্য শুধু বিদ্যমান ব্যবসায় অর্থায়ন নয়; বরং উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা শনাক্ত করা এবং তাঁদের উদ্যোগকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি, নতুন ব্যবসার বিকাশ এবং উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণের সুযোগ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

তবে প্রথম পর্যায়ের ১৮ হাজারের বেশি আবেদন থেকে প্রকৃত অর্থায়ন কতটা হবে, সেটিই কর্মসূচির কার্যকারিতা মূল্যায়নের গুরুত্বপূর্ণ বিষয়। আবেদন গ্রহণের পাশাপাশি উদ্যোক্তা নির্বাচন, অর্থায়ন ও বাস্তবায়নের অগ্রগতি পরবর্তী সময়ে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

সর্বশেষ