প্রতীকী ছবি (এআই দ্বারা তৈরী)
বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে দুটি বড় প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ঢাকার আশপাশ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার আধুনিকায়নে নেওয়া হচ্ছে এসব প্রকল্প। এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণের সক্ষমতা বাড়বে ২ হাজার ৬৮১ মেগাভোল্ট অ্যাম্পিয়ার (এমভিএ)।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। প্রকল্প দুটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)।
প্রস্তাবিত প্রকল্প দুটির মোট ব্যয়ের মধ্যে প্রায় ৮ হাজার ৯৪৪ কোটি টাকা আসবে বিদেশি ঋণ থেকে, যা মোট প্রকল্প ব্যয়ের প্রায় ৬৬ শতাংশ। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে সম্মিলিতভাবে ৭৩ কোটি ১০ লাখ ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে নেওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে এডিবির কাছ থেকে ২০ কোটি ডলার বা প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা ঋণ নেওয়া হবে। সরকার জোগান দেবে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা। বাকি অর্থ আসবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব তহবিল থেকে।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে এআইআইবির কাছ থেকে ৫৩ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের অর্থায়ন থাকবে ১ হাজার ২৮২ কোটি টাকা এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব অর্থায়ন থাকবে প্রায় ১ হাজার ২০৭ কোটি টাকা।
প্রকল্পের নথি অনুযায়ী, ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৯ হাজার ৭৬০ এমভিএ। চলমান প্রকল্পসহ এসব এলাকায় বিতরণের সক্ষমতা রয়েছে ৬ হাজার ৯৩০ এমভিএ। ফলে ভবিষ্যৎ চাহিদার বিপরীতে সক্ষমতার ঘাটতি দাঁড়াবে ২ হাজার ৮৩০ এমভিএ।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৫২টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ ও বিদ্যমান ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানোর মাধ্যমে ১ হাজার ২৬৫ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে। পাশাপাশি তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরও ৩০ এমভিএ সক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া নির্মাণ ও উন্নয়ন করা হবে ৪ হাজার ২০০ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন।
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৭ হাজার ৩৭০ এমভিএ। বর্তমানে এসব এলাকায় বিতরণের সক্ষমতা রয়েছে ৫ হাজার ২৯৪ এমভিএ। সে হিসাবে ভবিষ্যৎ চাহিদার বিপরীতে সক্ষমতার ঘাটতি দাঁড়াবে ২ হাজার ৭৬ এমভিএ। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে ১ হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে।
দুটি প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে বিদ্যুৎ বিতরণের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়লেও প্রক্ষেপিত চাহিদার পুরোটা পূরণ হবে না। প্রকল্প দুটি বাস্তবায়নের পরও ঢাকার আশপাশের এলাকায় ১ হাজার ৫৩৫ এমভিএ এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৬৯০ এমভিএ সক্ষমতার ঘাটতি থেকে যাবে। অর্থাৎ ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে।
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের প্রকল্পের আওতায় ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়ন করা হবে। নির্মাণ করা হবে ছয়টি সুইচিং স্টেশন। পাশাপাশি কুমিল্লা ও চট্টগ্রাম জোনে বিদ্যুৎ বিতরণব্যবস্থা দূর থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা (স্ক্যাডা) স্থাপন করা হবে।
বিদ্যুৎ বিতরণ লাইনের ত্রুটি দ্রুত শনাক্ত করার যন্ত্রও স্থাপন করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত ও সরবরাহ স্বাভাবিক করার সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে দুটি প্রকল্পের আওতায় ২৭ হাজার ৬৩৮ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়ন করা হবে।
বিতরণব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে বিদ্যুতের সিস্টেম লস কমানোরও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকার আশপাশের এলাকায় বিদ্যমান সিস্টেম লস ৫ দশমিক ১০ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ শতাংশে নামানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে সিস্টেম লস ১০ দশমিক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৪০ শতাংশে নামানোর লক্ষ্য রয়েছে।
বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিতরণ অবকাঠামোর সক্ষমতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিল্পঘন এলাকায় বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা, বিতরণ লাইনের ওপর চাপ কমানো এবং বিদ্যুৎ বিভ্রাটের স্থায়িত্ব কমাতে প্রকল্প দুটি ভূমিকা রাখতে পারে। তবে বিতরণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাও জরুরি।
এদিকে বুধবারের একনেক সভায় নতুন চারটি ও সংশোধিত ১০টিসহ মোট ১৪টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও সড়ক পরিবহন খাতের প্রকল্প রয়েছে। পাশাপাশি পরিকল্পনামন্ত্রী অনুমোদিত আরও সাতটি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হবে।















