ডিএসজে
শেয়ারবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি মুনাফায় বিদ্যমান ৫০ লাখ টাকার করমুক্ত সীমা তুলে দিয়ে ২০৩০ সাল পর্যন্ত পূর্ণ কর অব্যাহতি চায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রেও করছাড়ের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো ও লেনদেন বাড়ানোর লক্ষ্যে এই সুবিধা চাওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানিয়েছে, গত বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে।
ডিবিএর তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি মুনাফার প্রথম ৫০ লাখ টাকা করমুক্ত। এর অতিরিক্ত মুনাফার ওপর সাধারণভাবে ১৫ শতাংশ কর প্রযোজ্য। সংগঠনটি এই সীমা তুলে দিয়ে যোগ্য লেনদেনের সম্পূর্ণ মূলধনি মুনাফা করমুক্ত করার সুপারিশ করেছে।
মূলধনি মুনাফা বলতে শেয়ার বা অন্য সিকিউরিটিজ ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে অর্জিত লাভকে বোঝায়। ডিবিএর প্রস্তাব কার্যকর হলে নির্ধারিত শর্ত পূরণকারী ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই মুনাফার পরিমাণ যতই হোক, প্রস্তাবিত মেয়াদে মূলধনি মুনাফার ওপর আয়কর দিতে হবে না।
তবে কর অব্যাহতির সুবিধা সব ধরনের বিনিয়োগকারীর জন্য সমানভাবে প্রযোজ্য করার প্রস্তাব দেয়নি ডিবিএ। সংগঠনটি স্পনসর, পরিচালক ও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর বিদ্যমান করব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে, বিদেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে করব্যবস্থা পুনর্বিবেচনার সুপারিশ করেছে।
ডিবিএর যুক্তি, মূলধনি মুনাফার ওপর কর প্রত্যাহার করা হলে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন ও পুনর্বিনিয়োগে বেশি আগ্রহী হবেন। এতে বাজারে তারল্য বাড়তে পারে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ের সঞ্চয় পুঁজিবাজারের মাধ্যমে উৎপাদনশীল খাতে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
সংগঠনটি মনে করে, করছাড়ের ফলে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করা সম্ভব হবে। এর ইতিবাচক প্রভাব পড়তে পারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ইকুইটি অর্থায়নের সুযোগেও।
ডিবিএর প্রস্তাব অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন এবং নির্ধারিত কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থায় নিষ্পত্তিকৃত যোগ্য লেনদেনের মূলধনি মুনাফা করমুক্ত করা যেতে পারে। অর্থাৎ করছাড়ের সুবিধাকে আনুষ্ঠানিক ও শনাক্তযোগ্য লেনদেনের সঙ্গে যুক্ত রাখার সুপারিশ করেছে সংগঠনটি।
কর অব্যাহতির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত নির্ধারণের পেছনে সেন্ট্রাল কাউন্টারপার্টি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) কার্যক্রমের বিষয়টি সামনে এনেছে ডিবিএ। সংগঠনটির মতে, সিসিবিএল পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করলে মূলধনি মুনাফা নিরূপণ ও কর হিসাবের প্রক্রিয়া সহজ হবে।
এই বিবেচনায় সিসিবিএলের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর মধ্যবর্তী সময় পর্যন্ত কর অব্যাহতির সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে ডিবিএ।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব করব্যবস্থা নিশ্চিত করা গেলে পুঁজিবাজারে আস্থা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়বে। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে এবং পুঁজিবাজার উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।
বাজারসংশ্লিষ্টদের জন্য প্রস্তাবটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, মূলধনি মুনাফায় করছাড় সরাসরি শেয়ার বিক্রি করে লাভ করা বিনিয়োগকারীদের সুবিধা দেবে। কিন্তু লোকসানে থাকা বিনিয়োগকারী কিংবা নতুন করে বাজারে প্রবেশ করতে ইচ্ছুক বিনিয়োগকারীদের সিদ্ধান্তে এর প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে বাজারের সামগ্রিক পরিস্থিতি, কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও বিনিয়োগকারীদের আস্থার ওপর।
ডিবিএ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তাবটি বিবেচনা করে প্রয়োজনীয় নীতিগত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।













