ডিএসজে
বিদেশি বিনিয়োগ আকর্ষণে অগ্রাধিকার শেয়ার ইস্যু এবং বিনিয়োগের অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অভিহিত মূল্যের সর্বোচ্চ ৫ শতাংশ হারে লভ্যাংশযুক্ত অগ্রাধিকার শেয়ার ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন লাগবে না। নির্ধারিত শর্ত পূরণ করলে বিদেশি বিনিয়োগকারীরা লভ্যাংশ ও শেয়ার অবসায়নের অর্থও পূর্বানুমোদন ছাড়াই নিজ দেশে নিতে পারবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এর আওতায় দেশের উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে।
অগ্রাধিকার শেয়ার এমন একধরনের শেয়ার, যার ধারকেরা সাধারণ শেয়ারধারীদের তুলনায় লভ্যাংশ বা মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান। নতুন নির্দেশনায় এসব শেয়ারের ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, অবসায়ন ও লভ্যাংশ বিদেশে পাঠানোর নিয়ম নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার অভিহিত মূল্যের ৫ শতাংশের বেশি হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। অংশগ্রহণমূলক বা সমন্বয়যোগ্য লভ্যাংশের ক্ষেত্রেও অনুমোদন বাধ্যতামূলক। বিদেশি বিনিয়োগের অর্থ অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে হবে।
কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীর মধ্যে চুক্তিতে শেয়ারের সংখ্যা, অভিহিত মূল্য, ইস্যুমূল্য, লভ্যাংশের হার, মেয়াদ এবং রূপান্তর বা অবসায়নের শর্ত উল্লেখ থাকতে হবে। শেয়ার ইস্যুর ১৪ দিনের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংককে প্রয়োজনীয় নথিসহ বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন পাঠাতে হবে।
নতুন নিয়মে অগ্রাধিকার শেয়ার অভিহিত মূল্যে ইস্যু করতে হবে। ফলে ইস্যু বা অবসায়নের জন্য কোম্পানির মূল্যায়ন প্রয়োজন হবে না। তবে সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ থাকলে রূপান্তর অনুপাত নির্ধারণে সাধারণ শেয়ারের ন্যায্যমূল্য হিসাব করতে হবে।
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মূলধন ফেরত পাঠাতে প্রযোজ্য কর পরিশোধ এবং বৈদেশিক মুদ্রা বিধি অনুসরণ করতে হবে। মূলধন ফেরতের প্রতিটি কিস্তি পাঠানোর ৩০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দিতে হবে। অর্থ ফেরত যাবে মূল বিনিয়োগ যে দেশ ও ব্যাংকিং চ্যানেল থেকে এসেছিল, সেই পথেই।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সম্পূর্ণ রূপান্তরযোগ্য ও অবসায়নযোগ্য নয়—এমন অগ্রাধিকার শেয়ারকে ইক্যুইটি মূলধন হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি গ্রাহক পরিচিতি যাচাই, অর্থপাচার প্রতিরোধ ও করসংক্রান্ত বিধান পরিপালন বাধ্যতামূলক থাকবে।
নতুন ব্যবস্থায় বিদেশি বিনিয়োগের অর্থ সংগ্রহ ও প্রত্যাবাসনের প্রশাসনিক প্রক্রিয়া সহজ হলেও কোম্পানি আইন এবং বিএসইসির প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করতে হবে।











