ছবি- অর্থ মন্ত্রনালয়
বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার ও বন্ডবাজারকে বিকল্প উৎস হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশীয় বন্ডবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগও চলছে।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব পরিকল্পনা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি। এর আগে অর্থমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন।
অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো সরকারি ঋণ ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি বলেন, দেশের বেসরকারি খাত দীর্ঘদিন ধরে অর্থায়নের জন্য মূলত ব্যাংকঋণের ওপর নির্ভর করেছে। প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ কিংবা বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নের সুযোগ যথেষ্ট কাজে লাগায়নি। ফলে ব্যাংকগুলোর ওপর ঋণের চাপ বেড়েছে। উচ্চ সুদে ঋণ নিয়ে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, এ পরিস্থিতি পরিবর্তনে বন্ডসহ অর্থায়নের বিকল্প উৎস শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাতের জন্যও সম্প্রসারণ করা হচ্ছে। এতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ব্যাংকঋণের বাইরে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি হবে।
তানভীর গনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে চায় সরকার। নিউইয়র্ক বা লন্ডনের বাজারে এ বন্ড ইস্যু করা হতে পারে। তবে বন্ডের সুদহার, ইস্যুর কাঠামো ও অর্থ সংগ্রহের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে মার্কিন ডলারভিত্তিক ইউরোবন্ডের পাশাপাশি ইসলামি শরিয়াহসম্মত সুকুক, জাপানের সামুরাই বন্ড এবং চীনের পান্ডা বন্ডের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। তবে কোন বাজার থেকে কী পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
অর্থমন্ত্রীর ব্রিফিং নোটে বলা হয়েছে, দেশের বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়ন শুধু ব্যাংক থেকে আসা উচিত নয়। এ ক্ষেত্রে পুঁজিবাজারকে কার্যকর অর্থায়নের উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ব্যাংক খাত ও পুঁজিবাজারের মধ্যে সংযোগ জোরদার করাও সরকারের অন্যতম লক্ষ্য।
এ পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেশীয় বন্ডবাজারে বিদেশি বিনিয়োগকারীদের প্রবেশ সহজ করা। এ জন্য জেপি মরগানের ‘জিবিআই-ইএম এজ’ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগানোর কথা বলা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এ ধরনের সংযোগ কার্যকর হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের সরকারি বন্ডে বিনিয়োগ ও লেনদেন নিষ্পত্তির প্রক্রিয়া সহজ হতে পারে। তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজারে পর্যাপ্ত তারল্য, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং বিনিয়োগের অর্থ ফেরত নেওয়ার কার্যকর ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।
সরকার স্থানীয় বন্ডবাজারে বিনিয়োগকারীর ভিত্তি সম্প্রসারণ করতে চায়। এ জন্য পেনশন তহবিল, বিমা কোম্পানি ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রচলিত বন্ডের বাইরে সুকুক, পরিবেশবান্ধব গ্রিন বন্ড ও সমুদ্র অর্থনীতিভিত্তিক ব্লু বন্ডের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুধু নতুন অর্থায়নের উৎস তৈরি নয়, সরকারের বিদ্যমান ঋণের মেয়াদ ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হচ্ছে। অর্থমন্ত্রী জানান, স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের পরিবর্তে দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে ঋণ গ্রহণ বাড়ানো হচ্ছে। এর উদ্দেশ্য স্বল্প সময়ের ব্যবধানে বারবার ঋণ নবায়ন এবং একসঙ্গে বড় অঙ্কের ঋণ পরিশোধের ঝুঁকি কমানো।
সরকারি তথ্য অনুযায়ী, ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ ছিল। ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে। তবে দীর্ঘমেয়াদি বন্ডের সুদহার ও মোট অর্থায়ন ব্যয় নির্ভর করবে বাজার পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের চাহিদার ওপর।
এদিকে আন্তর্জাতিক বন্ডবাজারে প্রবেশের পরিকল্পনা এমন সময়ে নেওয়া হচ্ছে, যখন বাংলাদেশের বিদ্যমান বিদেশি ঋণ পরিশোধের দায় বাড়ছে। অর্থমন্ত্রীর ব্রিফিং নোট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছিল ৩৪০ কোটি ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ কোটি ডলারে। সরকারের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৯-৩০ অর্থবছরে এ ব্যয় প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৯-৩০ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের বার্ষিক ব্যয় প্রায় ৬২ শতাংশ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার থেকে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদহার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং ভবিষ্যৎ পরিশোধের সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে দেশের সরকারি ঋণের পরিমাণ ছিল প্রায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩৬ শতাংশ। দুই বছর আগে এ ঋণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ দুই বছরে সরকারি ঋণ বেড়েছিল প্রায় ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
সরকারের মূল্যায়ন, ঋণের পরিমাণের চেয়েও বড় সমস্যা হচ্ছে দুর্বল রাজস্ব আহরণ। তাই করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তরকে ঋণ ব্যবস্থাপনা সংস্কারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা ও নতুন মধ্যমেয়াদি ঋণ কৌশল প্রকাশের উদ্যোগ রয়েছে। সমন্বিত ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠন এবং সরকারি ঋণসংক্রান্ত আইন আধুনিকায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ব্যাংক খাত সংস্কারের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। সরকারের লক্ষ্য, দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক, পুঁজিবাজার ও বন্ডবাজারের মধ্যে কার্যকর ভারসাম্য তৈরি করা।
তবে আন্তর্জাতিক বাজারে সরকারি বন্ড ইস্যু করলেই বেসরকারি খাতের অর্থায়ন সংকট দূর হবে না। এ জন্য দেশের করপোরেট বন্ডবাজারে নিয়মিত ইস্যু, নির্ভরযোগ্য ঋণমান মূল্যায়ন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ এবং কার্যকর সেকেন্ডারি মার্কেট গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোও গুরুত্বপূর্ণ।
অর্থমন্ত্রীর ব্রিফিং নোটে ঋণ ব্যবস্থাপনার মূলনীতি তুলে ধরে বলা হয়েছে, ‘কত ঋণ নেওয়া হলো তা নয়, নেওয়া ঋণ কত ভালোভাবে কাজে লাগানো হলো সেটাই আসল।’
সরকারের নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর চাপ কমার সুযোগ তৈরি হবে। তবে আন্তর্জাতিক বন্ডের মাধ্যমে নতুন বৈদেশিক দায় সৃষ্টি এবং দেশীয় পুঁজিবাজারে বিকল্প অর্থায়ন সম্প্রসারণ—এ দুই লক্ষ্য বাস্তবায়নে ঋণের ব্যয়, ঝুঁকি ও অর্থের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করাই হবে বড় পরীক্ষা।











