ঢাকা,  রোববার, ২২ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

৩ হাজার কোটি টাকার সরকারি সুকুক নিলাম ১ ডিসেম্বর

১৮২ দিন মেয়াদি সুকুকে মুনাফা ৭.৫০ শতাংশ, নতুন বিনিয়োগকারীদের ২৯ নভেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে

বিনিয়োগ

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯,১৫ নভেম্বর ২০২৬

৩ হাজার কোটি টাকার সরকারি সুকুক নিলাম ১ ডিসেম্বর

প্রতীকী ছবি (এআই দ্বারা তৈরী)

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থ সংগ্রহ করতে ৩ হাজার কোটি টাকার সরকারি সুকুক বা ইসলামি বন্ড নিলামে তুলছে সরকার। আগামী ১ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। ১৮২ দিন মেয়াদি এ সুকুকে বিনিয়োগকারীরা বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা পাবেন। মেয়াদ শেষে এককালীন মুনাফাসহ বিনিয়োগের মূল অর্থ ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ১২ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ বিপরীতে এ সুকুক ইস্যু করা হচ্ছে। ‘শর্ট টার্ম বিজিআইএস (১৮২ দিন)’ নামের এ সুকুক ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে।

প্রসপেক্টাস অনুযায়ী, ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এ সুকুকের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ২ জুন। নির্ধারিত ১৮২ দিনে বিনিয়োগকারীদের মোট ১১২ কোটি ১৯ লাখ টাকা মুনাফা পরিশোধ করা হবে। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এ মুনাফা নির্ধারণ করা হয়েছে। মেয়াদপূর্তিতে এককালীন মুনাফা পরিশোধের বিধান রয়েছে।

সুকুকের প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা ইতোমধ্যে চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীনে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনক্রমে এসব নথি চূড়ান্ত করা হয়েছে।

এ নিলামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরাও অংশ নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে, এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে।

এ ছাড়া দেশি-বিদেশি ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইনস্যুরেন্স ফান্ডও সুকুকে বিনিয়োগের সুযোগ পাবে। তবে এসব বিনিয়োগকারীকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নির্ধারিত হিসাব রয়েছে, এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে।

বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতকে সুকুক কেনার আবেদন করতে পারবেন। আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার শারিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে অনলাইনে দরপ্রস্তাব জমা দেওয়া যাবে। এ জন্য প্রত্যেক বিনিয়োগকারীর নিজস্ব সুকুক ইনভেস্টর (এসআই) আইডি থাকতে হবে।

নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া শেষ করতে হবে। নিলাম শেষে সফল বিনিয়োগকারীদের বরাদ্দের তথ্য ১ ডিসেম্বর বিকেল ৩টায় নিজ নিজ আইডিতে পাওয়া যাবে।

সরকারি সুকুক মূলত শরিয়াহসম্মত বিনিয়োগের একটি মাধ্যম। প্রচলিত সুদভিত্তিক বন্ডের পরিবর্তে নির্দিষ্ট সম্পদ বা প্রকল্পের বিপরীতে শরিয়াহসম্মত কাঠামোয় এটি ইস্যু করা হয়। এবারের সুকুকের মাধ্যমে সংগৃহীত অর্থ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য ব্যবহার করা হবে।