ঢাকা,  রোববার, ২২ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

হরলিকসের দাম কমিয়েও বিক্রি বাড়াতে পারছে না ইউনিলিভার

৫০০ গ্রাম ও এক কেজির জারে ৫০ টাকা করে দাম কমিয়েছে কোম্পানি; নয় মাসে হেলথ ড্রিংকসের বিক্রি কমেছে প্রায় ১২ শতাংশ, আয় ১১ শতাংশ ও নিট মুনাফা ৪২ শতাংশ। 

পুঁজিবাজার

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬,৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৩,৭ নভেম্বর ২০২৬

হরলিকসের দাম কমিয়েও বিক্রি বাড়াতে পারছে না ইউনিলিভার

প্রতীকী ছবি (এআই দ্বারা তৈরী)

হরলিকসের দাম কমিয়েও বিক্রি বাড়াতে পারছে না ইউনিলিভার কনজ্যুমার কেয়ার। মূল্যস্ফীতির চাপে থাকা ক্রেতাদের নাগালে পণ্য পৌঁছাতে দাম কমিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। কিন্তু চলতি বছরের প্রথম নয় মাসে প্রধান পণ্যশ্রেণি হেলথ ফুড ড্রিংকসের বিক্রির পরিমাণ কমেছে প্রায় ১২ শতাংশ। একই সময়ে আয় কমেছে প্রায় ১১ শতাংশ এবং নিট মুনাফায় পতন হয়েছে ৪২ শতাংশের বেশি।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত নয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। ঢাকা স্ট্রিট জার্নালের প্রশ্নের জবাবে ইউনিলিভার বাংলাদেশ হরলিকসের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে মুনাফায় বড় পতনের পেছনে বিক্রয় আয় হ্রাসের পাশাপাশি আগের বছরের এককালীন হিসাবগত সুবিধা না থাকা এবং আর্থিক বিনিয়োগ থেকে আয় কমাকেও দায়ী করেছে প্রতিষ্ঠানটি।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ব্যবসার প্রধান ভিত্তি হেলথ ফুড ড্রিংকস, যার অন্যতম প্রধান পণ্য হরলিকস। কোম্পানিটির মোট বিক্রয় আয়ের ৯০ শতাংশের বেশি আসে এই পণ্যশ্রেণি থেকে। ফলে হেলথ ফুড ড্রিংকসের বিক্রিতে পরিবর্তন প্রতিষ্ঠানটির সামগ্রিক আর্থিক ফলাফলে বড় প্রভাব ফেলে।

ইউনিলিভার বাংলাদেশ ই-মেইলে জানিয়েছে, হরলিকসের ৫০০ গ্রাম ও এক কেজির জারের দাম ৫০ টাকা করে কমানো হয়েছে। ২৫০ গ্রামের জারে দাম কমেছে ৩০ টাকা। পাশাপাশি ৫০০ গ্রামের একটি সাশ্রয়ী পাউচ প্যাকেট ৪০০ টাকা দামে আবার বাজারে আনা হয়েছে। তবে নতুন দাম কবে থেকে কার্যকর হয়েছে, তা কোম্পানির জবাবে উল্লেখ করা হয়নি।

দাম কমানোর কারণ ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের ক্রয়ক্ষমতা সংকুচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে পুষ্টিপণ্য আরও সহজলভ্য করতে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তুলনামূলক কম দামে পণ্য ক্রেতাদের নাগালে রাখার চেষ্টা করছে কোম্পানিটি।

রাজধানীর মিরপুর-১ নম্বরে লাজফার্মার একজন বিক্রয় প্রতিনিধিও হরলিকসের দাম কমার তথ্য দিয়েছেন। তাঁর হিসাবে, এক কেজির জারের দাম ৯০০ টাকা থেকে কমে ৮৫০ টাকা এবং ৫০০ গ্রামের জারের দাম ৫০০ টাকা থেকে কমে ৪৫০ টাকা হয়েছে। অর্থাৎ দাম কমেছে যথাক্রমে ৫ দশমিক ৫৬ ও ১০ শতাংশ।

আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হেলথ ফুড ড্রিংকস বিক্রি হয়েছে ৩ হাজার ১৩০ টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৬৩ শতাংশ কম। একই সময়ে এই পণ্যশ্রেণি থেকে আয় হয়েছে প্রায় ২২৪ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৮৩ শতাংশ কম। অর্থাৎ বিক্রির পরিমাণ ও আয় প্রায় সমান হারে কমেছে।

বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের প্রথম নয় মাসে প্রতি টন হেলথ ফুড ড্রিংকস বিক্রি থেকে গড়ে প্রায় ৭ লাখ ১২ হাজার টাকা আয় হয়েছিল। চলতি বছরের একই সময়ে তা সামান্য বেড়ে প্রায় ৭ লাখ ১৮ হাজার টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ খুচরা বাজারে হরলিকসের দাম কমলেও কোম্পানির প্রতি টনে গড় নিট আয় সামান্য বেড়েছে।

তবে দাম কমানোর উদ্যোগের পরও বিক্রির পরিমাণ কেন কমেছে, সেটিই এখন কোম্পানিটির জন্য গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রশ্ন। ঢাকা স্ট্রিট জার্নালের প্রশ্নের জবাবে ইউনিলিভার জানিয়েছে, হেলথ ফুড ড্রিংকসের আয় কমার প্রবণতা কোম্পানির সামগ্রিক বিক্রয় আয়ের পতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে পণ্যভিত্তিক চাহিদা, মূল্যহ্রাসের পর বিক্রির পরিবর্তন কিংবা বিভিন্ন প্যাকেটের বিক্রয় অনুপাত সম্পর্কে বিস্তারিত পরিসংখ্যান দেওয়া হয়নি।

কোম্পানিটির আর্থিক বিবরণী অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে মোট বিক্রয় আয় হয়েছে প্রায় ২৪৮ কোটি ১২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ১০ শতাংশ কম। মোট আয়ের মধ্যে হেলথ ফুড ড্রিংকস থেকে এসেছে প্রায় ২২৪ কোটি ৮৪ লাখ টাকা, যা মোট বিক্রয় আয়ের ৯০ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে গ্লুকোজ পাউডার থেকে আয় হয়েছে প্রায় ২৩ কোটি ২৮ লাখ টাকা।

কোম্পানিটির মোট বিক্রয় আয় যে পরিমাণ কমেছে, তার প্রায় ৯৮ শতাংশই এসেছে হেলথ ফুড ড্রিংকস ব্যবসা থেকে। প্রধান পণ্যশ্রেণির ওপর এত বেশি নির্ভরশীলতার কারণে এই খাতের বিক্রয় পরিস্থিতিই ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের সামগ্রিক ব্যবসার গতিপথ নির্ধারণ করছে।

২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছিল, বাংলাদেশের হেলথ ফুড ড্রিংকসের বাজারে তাদের অংশ ছিল ৯৪ দশমিক ১ শতাংশ, যা আগের বছর ছিল ৯২ দশমিক ৮ শতাংশ। বাজারে শক্তিশালী অবস্থান থাকার পরও চলতি বছরে বিক্রি ও আয় কমার ঘটনা ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং বাজারে পণ্যের চাহিদার পরিবর্তনকে সামনে এনেছে।

বিক্রয় আয়ের চেয়েও বড় ধাক্কা এসেছে মুনাফায়। চলতি বছরের প্রথম নয় মাসে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের নিট মুনাফা হয়েছে প্রায় ৩৬ কোটি ৩৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪২ শতাংশের বেশি কম। একই সময়ে শেয়ারপ্রতি আয় ৩২ টাকা ৫৯ পয়সা থেকে কমে ১৮ টাকা ৮৫ পয়সায় নেমেছে।

মুনাফা এত বেশি কমার কারণ জানতে চাইলে ইউনিলিভার জানিয়েছে, ২০২৫ সালে প্রযুক্তি ও ট্রেডমার্ক রয়্যালটির দায় পুনর্মূল্যায়নের ফলে এককালীন হিসাবগত সুবিধা পাওয়া গিয়েছিল। চলতি বছরে সেই সুবিধা নেই। পাশাপাশি বিক্রয় আয় ও পরিচালন মুনাফা হ্রাস এবং আর্থিক বিনিয়োগ থেকে আয় কমায় নিট মুনাফায় চাপ তৈরি হয়েছে।

আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৫ সালের প্রথম নয় মাসে প্রযুক্তি ও ট্রেডমার্ক রয়্যালটি খাতে প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকার ইতিবাচক সমন্বয় ছিল। বিপরীতে চলতি বছরের একই সময়ে এই খাতে ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি ৩১ লাখ টাকা। ফলে মুনাফা-ক্ষতির হিসাবে দুই বছরের মধ্যে এই খাতের প্রভাবের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৯ লাখ টাকা।

ইউনিলিভারের ব্যাখ্যা অনুযায়ী, ২০২৫ সালের ইতিবাচক অঙ্কটি নিয়মিত আয় ছিল না। প্রযুক্তি ও ট্রেডমার্ক রয়্যালটির দায় পুনর্মূল্যায়নের পর আগের হিসাব থেকে একটি অংশ অবমুক্ত করায় এককালীন সুবিধা তৈরি হয়েছিল। ২০২৬ সালের হিসাবে এই খাতের প্রকৃত ব্যয় প্রতিফলিত হয়েছে। আগের বছরের বিশেষ সুবিধা বাদ দিলে রয়্যালটি ব্যয়ের পরিবর্তন স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে কোম্পানিটির দাবি।

অবশ্য মুনাফা কমার পেছনে শুধু রয়্যালটির হিসাবগত পরিবর্তন নয়, মূল ব্যবসার দুর্বলতাও রয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির পরিচালন মুনাফা কমেছে ৪৫ দশমিক ১৯ শতাংশ। একই সময়ে নিট অর্থায়ন আয় কমেছে প্রায় ৫ কোটি ৯২ লাখ টাকা। বিক্রয় আয় ও পরিচালন মুনাফা কমার পাশাপাশি আর্থিক আয় হ্রাস কোম্পানিটির সামগ্রিক মুনাফায় অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

আয় ও মুনাফা পুনরুদ্ধারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইউনিলিভার জানিয়েছে, পণ্যসম্ভারকে ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় ও প্রাসঙ্গিক করে তোলা হয়েছে। এতে আগামী প্রান্তিকগুলোতে ব্যবসার গতি বাড়বে এবং প্রবৃদ্ধির ধারা শক্তিশালী হবে বলে কোম্পানিটি আশা করছে।

হরলিকসের দাম কমানোর কৌশল বিক্রি পুনরুদ্ধারে কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। মূল্যস্ফীতির চাপে থাকা ক্রেতাদের জন্য এই মূল্যহ্রাস ইতিবাচক উদ্যোগ হতে পারে। তবে এর মাধ্যমে নতুন ক্রেতা আকর্ষণ, বিক্রির পরিমাণ বৃদ্ধি এবং শেষ পর্যন্ত মুনাফা পুনরুদ্ধার কতটা সম্ভব হবে, সেটিই এখন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের জন্য বড় পরীক্ষা।