ঢাকা,  রোববার, ২২ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

কার বিও হিসাব খুলছে, কারটা থাকছে জব্দ

বিএসইসির নিজস্ব উদ্যোগে স্থগিত কিছু হিসাবে লেনদেনের সুযোগ; আদালত, দুদক, সিআইডি ও বিএফআইইউর নির্দেশে জব্দ হিসাবের নিষেধাজ্ঞা বহাল

পুঁজিবাজার

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭,৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:২৬,৪ নভেম্বর ২০২৬

কার বিও হিসাব খুলছে, কারটা থাকছে জব্দ

ডিএসজে

স্থগিত থাকা কিছু বিও হিসাবে শেয়ার কেনাবেচার সুযোগ দিচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে আদালত, দুদক ও বিএফআইইউসহ অন্যান্য কর্তৃপক্ষের নির্দেশে জব্দ হিসাবের নিষেধাজ্ঞা বহাল থাকছে। এমনকি সুবিধাপ্রাপ্ত বিনিয়োগকারীরাও হিসাব থেকে টাকা তুলতে কিংবা অন্য হিসাবে শেয়ার স্থানান্তর করতে পারবেন না।

মঙ্গলবার (৩ নভেম্বর) কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিজস্ব তদন্তের প্রয়োজনে কিংবা গনমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে স্থগিত করা কিছু হিসাব শর্তসাপেক্ষে সচল হচ্ছে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের আবেদনের ভিত্তিতে এসব হিসাব বিবেচনা করা হয়েছে।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম ঢাকা স্ট্রিট জার্নালকে বলেন, ‘কতিপয় বিনিয়োগকারী বা ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু বিও হিসাবে শেয়ার ক্রয়-বিক্রয়ের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে এসব হিসাব থেকে কোনো টাকা উত্তোলন, ফান্ড ট্রান্সফার কিংবা লিংক হিসাবে সিকিউরিটিজ স্থানান্তর করা যাবে না।’

তিনি জানান, স্থগিত হিসাবে মার্জিন ঋণ থাকলে তা সমন্বয় করা যাবে। নতুন অর্থ জমা দেওয়া এবং হিসাবের বিপরীতে দাবি নিষ্পত্তির সুযোগও থাকবে। তবে সংশ্লিষ্ট অভিযোগ বা তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ উত্তোলনের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ফলে নতুন সিদ্ধান্তে বিও হিসাব পুরোপুরি অবমুক্ত হচ্ছে না। বিনিয়োগকারীরা বাজার পরিস্থিতি অনুযায়ী শেয়ার কেনাবেচা ও মার্জিন ঋণ সমন্বয় করতে পারলেও হিসাবের সম্পদ অন্যত্র সরাতে পারবেন না।

প্রসঙ্গত, ২০২৪ সালের মে থেকে নভেম্বরের মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তাঁর পরিবার, চৌধুরী নাফিজ সরাফাত, সাবেক পাঁচ মন্ত্রী, বেক্সিমকো-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএর সাবেক সভাপতি ছায়েদুর রহমানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কয়েক শ বিও হিসাব স্থগিত করা হয় অথবা সেগুলোর তথ্য তলব করা হয়।

এসব পদক্ষেপের মধ্যে আদালত ও বিভিন্ন সরকারি সংস্থার নির্দেশে হিসাব জব্দের পাশাপাশি বিএসইসির নিজস্ব তদন্তের অংশ হিসেবে হিসাব স্থগিতের ঘটনাও ছিল। তবে তথ্য তলব করা সব হিসাব স্থগিত হয়েছিল, এমন নয়। মঙ্গলবারের সিদ্ধান্তও এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সব হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বিএসইসি সূত্র জানিয়েছে, প্রায় ৬১৭টি বিও হিসাব স্থগিত রয়েছে। এর প্রায় অর্ধেক শেয়ার কারসাজির অভিযোগে কমিশনের উদ্যোগে স্থগিত করা হয়েছিল। অন্য হিসাবগুলোর একটি অংশ আদালত, দুদক, সিআইডি ও বিএফআইইউসহ অন্যান্য কতৃপক্ষের অনুরোধে জব্দ হয়।

এদিকে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু গত ২৭ অক্টোবর নিজের, পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিও এবং ব্যাংক হিসাব অবমুক্ত করার আবেদন করেছেন। আবেদনে বিএফআইইউর নির্দেশে স্থগিত ব্যাংক হিসাবের কারণে ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক দায় পরিশোধে সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।

বিএসইসি সূত্র জানিয়েছে, কমিশনের নতুন সিদ্ধান্তের ফলে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা অধিকাংশ বিও হিসাবে শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে শেয়ারবাজারের আরও অনেক আলোচিত বিনিয়োগকারীও শর্তসাপেক্ষে এ সুবিধা পেতে যাচ্ছেন।