ডিএসজে
পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ঘোষিত খাতে ব্যয় হয়েছে, নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে—তা খতিয়ে দেখতে দুই এসএমই কোম্পানিতে পরিদর্শনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। কৃষিবিদ সিড লিমিটেড ও ওয়েব কোটস পিএলসির উত্তোলিত অর্থের প্রকৃত ব্যবহার, ব্যাংক লেনদেন এবং অর্থপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় যাচাই করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (২ নভেম্বর) জারি করা পৃথক দুটি আদেশে দুই কোম্পানির আর্থিক কার্যক্রম পরিদর্শনের জন্য দুটি কমিটি গঠন করেছে কমিশন। প্রতিটি কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে পরিদর্শন শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি দুটির বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর বিধি ১৭ অনুযায়ী এ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির আদেশ পর্যালোচনায় দেখা যায়, কৃষিবিদ সিড ও ওয়েব কোটসের ক্ষেত্রে পরিদর্শনের কার্যপরিধি প্রায় অভিন্ন। মূলত কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে উত্তোলিত অর্থ প্রসপেক্টাসে ঘোষিত উদ্দেশ্যে ব্যবহার হয়েছে কি না, তা নিশ্চিত করতে আটটি বিষয়ে তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে শুধু কোম্পানির দাখিল করা আর্থিক বিবরণী পরীক্ষা করেই দায়িত্ব শেষ করতে পারবেন না পরিদর্শন কর্মকর্তারা। অর্থ ব্যয়ের বিপরীতে যেসব প্রকল্প, সম্পদ বা কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর বাস্তব অস্তিত্ব ও অগ্রগতি সরেজমিনে যাচাই করতে হবে। অর্থাৎ কাগজে দেখানো ব্যয়ের সঙ্গে বাস্তব অবস্থার মিল রয়েছে কি না, সেটিই হবে পরিদর্শনের অন্যতম প্রধান বিষয়।
বিএসইসি বিশেষ গুরুত্ব দিয়েছে উত্তোলিত অর্থের লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত করার ওপর। কিউআইওর অর্থ কাদের কাছে পরিশোধ করা হয়েছে, কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং সেই অর্থের প্রবাহ কতটা যৌক্তিক, তা পরীক্ষা করতে বলা হয়েছে। এর মাধ্যমে ঘোষিত প্রকল্পের নামে কোনো অস্বাভাবিক বা উদ্দেশ্যবহির্ভূত লেনদেন হয়েছে কি না, তা নির্ধারণের সুযোগ তৈরি হবে।
কোম্পানি দুটির ব্যাংক হিসাবও বিস্তারিত পরীক্ষা করা হবে। কিউআইওর অর্থ জমা, উত্তোলন ও স্থানান্তরের তথ্য যাচাইয়ের পাশাপাশি অব্যবহৃত অর্থের প্রকৃত স্থিতি নির্ধারণের নির্দেশ রয়েছে। খুচরা নগদ ব্যয় ছাড়া অন্য সব লেনদেন ক্রসড চেক বা ব্যাংক স্থানান্তরের মাধ্যমে সম্পন্ন হয়েছে কি না, সেটিও পরীক্ষা করবেন কর্মকর্তারা।
পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সময় কোম্পানিগুলো প্রসপেক্টাসে নির্দিষ্ট খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ব্যবহার করা না হলে কমিশনের অনুমোদন প্রয়োজন হতে পারে। এ কারণে ঘোষিত খাতের বাইরে কোনো অর্থ ব্যয় হয়ে থাকলে তার জন্য বিএসইসির অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া উত্তোলিত অর্থ ব্যবহারের তথ্য কোম্পানিগুলোর আর্থিক বিবরণীতে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে। বিশেষ করে প্রকৃত ব্যয়ের সঙ্গে প্রকাশিত হিসাবের সামঞ্জস্য এবং প্রসপেক্টাস ও কমিশনের সম্মতিপত্রে উল্লেখিত শর্ত পরিপালনের বিষয়টি গুরুত্ব পাবে।
বিএসইসির আদেশে সম্ভাব্য অনিয়মের জন্য ব্যক্তিগত দায় নির্ধারণের বিষয়টিও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিদর্শনে সিকিউরিটিজ আইন, বিধি বা নিয়ন্ত্রক নির্দেশনা লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিব, নিরীক্ষক কিংবা অন্য কোনো ব্যক্তির ভূমিকা শনাক্ত করতে হবে।
শুধু দায়ী ব্যক্তির নাম উল্লেখ করলেই চলবে না; কী ধরনের বিধিলঙ্ঘন হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাখ্যা কী, তা-ও প্রতিবেদনে তুলে ধরার নির্দেশ রয়েছে। ফলে পরিদর্শনে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কোম্পানির পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির বিষয়ও সামনে আসতে পারে।
কৃষিবিদ সিডের পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির উপপরিচালক মওদুদ মোমেন ও সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেনকে। অন্যদিকে ওয়েব কোটসের পরিদর্শন করবেন কমিশনের যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক ফারহানা ওয়ালেজা।
কমিশনের পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালক উম্মে সালমা স্বাক্ষরিত আদেশ দুটি ২ নভেম্বর জারি করা হয়েছে। উভয় কমিটিকে পরিদর্শন প্রতিবেদন কমিশনে দুই কপি মুদ্রিত ও একটি সফট কপি আকারে জমা দিতে হবে।
পুঁজিবাজারে এসএমই কোম্পানিগুলোর জন্য কিউআইওর মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ রাখা হয়েছে মূলধনের চাহিদা পূরণ ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে। তবে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ঘোষিত উদ্দেশ্যে ব্যবহার নিশ্চিত করা না গেলে অর্থ সংগ্রহের স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।











