ডিএসজে
ঋণাত্মক ইক্যুইটিযুক্ত বিনিয়োগ হিসাবে নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার কেনাবেচা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে অন্যের নামে ও পারিবারিক হিসাব ব্যবহার করে শেয়ার কিংবা অর্থ স্থানান্তর এবং এসব লেনদেনের প্রকৃত সুবিধাভোগীদের পরিচয় অনুসন্ধান করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (২ নভেম্বর) জারি করা অনুসন্ধান আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২১ এবং বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ১৭ক অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে।
বিএসইসির আদেশ অনুযায়ী, তদন্তের অন্যতম প্রধান বিষয় হলো ২০২৫ সালের ১৩ নভেম্বর থেকে ঋণাত্মক ইক্যুইটিযুক্ত হিসাবে নতুন শেয়ার কেনার আদেশ দেওয়া কিংবা লেনদেন সম্পন্ন করা হয়েছে কি না। প্রয়োজন অনুযায়ী এর আগের লেনদেনও পরীক্ষা করা হবে। একই সঙ্গে ওই বছরের ১৩ নভেম্বর জারি করা নিয়ন্ত্রক আদেশের শর্ত এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের দাখিল করা কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কি না, তা যাচাই করবেন তদন্ত কর্মকর্তারা।
ঋণাত্মক ইক্যুইটি হলো এমন পরিস্থিতি, যখন বিনিয়োগকারীর হিসাবে থাকা শেয়ারের বাজারমূল্যের চেয়ে সংশ্লিষ্ট ঋণ বা দায়ের পরিমাণ বেশি হয়ে যায়। এ ধরনের হিসাবে নতুন শেয়ার কেনা কিংবা ঋণের ঝুঁকি আরও বাড়ানো নিয়ন্ত্রক শর্তের আওতাধীন। কারণ শেয়ারের বাজারদর কমলে বিনিয়োগকারীর পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিও বেড়ে যায়।
অনুসন্ধানের শুরুতেই মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের সব ঋণাত্মক ইক্যুইটিযুক্ত বিও হিসাবের তালিকা সংগ্রহ করতে বলা হয়েছে। প্রতিটি হিসাব কখন ঋণাত্মক হয়েছে, বকেয়া ঋণের পরিমাণ, শেয়ারের বর্তমান বাজারমূল্য এবং ঋণের বিপরীতে সংরক্ষিত সঞ্চিতির তথ্য যাচাই করা হবে। এসব তথ্য প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে।
তদন্তের গুরুত্বপূর্ণ একটি দিক হলো, ঋণাত্মক হিসাবের লেনদেন পরিচালনায় অন্যের নামে খোলা, মনোনীত ব্যক্তি কিংবা পরিবারের সদস্যদের হিসাব ব্যবহার করা হয়েছে কি না, তা শনাক্ত করা। সংশ্লিষ্ট হিসাবগুলো থেকে অন্য হিসাবে অর্থ বা শেয়ার স্থানান্তরের তথ্যও পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে সরাসরি হিসাবধারীর বাইরে অন্য কোনো ব্যক্তি লেনদেন নিয়ন্ত্রণ করেছেন কি না, তা নির্ধারণের সুযোগ রয়েছে।
বিএসইসি এসব হিসাবের প্রকৃত সুবিধাভোগী ও নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের পরিচয় শনাক্তের নির্দেশ দিয়েছে। বিশেষ করে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের উদ্যোক্তা, পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, সহযোগী ব্যক্তি, মার্চেন্ট ব্যাংকার কিংবা সংশ্লিষ্ট শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠানের সঙ্গে হিসাবধারীদের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে।
এ ছাড়া ঋণাত্মক হিসাবগুলোতে থাকা শেয়ারের ধরন, তারল্য, বাজারে লেনদেনযোগ্য শেয়ারের পরিমাণ এবং মালিকানার কেন্দ্রীভবন যাচাইয়ের নির্দেশ রয়েছে। সংশ্লিষ্ট শেয়ার প্রাথমিক গণপ্রস্তাব, প্লেসমেন্ট, ব্লক বা সরাসরি লেনদেন কিংবা স্থানান্তরের মাধ্যমে হিসাবে এসেছে কি না, সেটিও শনাক্ত করতে হবে। বিশেষভাবে দেখা হবে, এসব শেয়ারের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোক্তা বা ইস্যুকারী প্রতিষ্ঠানের কোনো যোগসূত্র রয়েছে কি না।
মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের পোর্টফোলিও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্নের নিষ্পত্তি করতে চায় কমিশন। ঋণাত্মক ইক্যুইটিযুক্ত হিসাবের বিপরীতে পোর্টফোলিও ব্যবস্থাপনা বা অনুরূপ কোনো ফি আদায় করা হয়েছে কিংবা আদায়ের প্রস্তাব দেওয়া হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে।
বিশেষ করে গত ২৩ সেপ্টেম্বর মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের পাঠানো চিঠিতে উল্লেখিত ‘পোর্টফোলিও রিব্যালান্সিং’ বা পোর্টফোলিও পুনর্বিন্যাসের প্রস্তাব ২০২৫ সালের ১৩ নভেম্বরের নিয়ন্ত্রক আদেশের শর্ত লঙ্ঘন করে কি না, তা যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে ওই আদেশ অনুযায়ী নির্ধারিত দ্বিমাসিক বিবরণী কমিশনে জমা দেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
ব্রোকারেজ প্রতিষ্ঠানটির মার্জিন ঋণ ব্যবস্থাপনার সামগ্রিক কার্যক্রমও পর্যালোচনা করবেন তদন্ত কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে গ্রাহকদের সঙ্গে মার্জিন ঋণসংক্রান্ত চুক্তি, গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি), ঋণের বিপরীতে শেয়ারের মূল্য অনুপাত পর্যবেক্ষণ, মার্জিন কল, ঋণসীমা অতিক্রম এবং বাধ্যতামূলক শেয়ার বিক্রির পদ্ধতি। এসব বিষয়ে পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ নিরীক্ষার পর্যবেক্ষণ পরীক্ষা করা হবে।
আর্থিক ঝুঁকি মূল্যায়নের অংশ হিসেবে ঋণাত্মক ইক্যুইটির বিপরীতে পর্যাপ্ত সঞ্চিতি রাখা হয়েছে কি না, তা যাচাইয়ের নির্দেশ রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সম্পদের মূল্যায়নপদ্ধতি, নিরীক্ষিত আর্থিক বিবরণীতে হিসাবগুলোর উপস্থাপন, নিরীক্ষকের মন্তব্য এবং প্রযোজ্য মূলধন ও তারল্যসংক্রান্ত শর্ত পরিপালন পরীক্ষা করা হবে।
অনুসন্ধানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের দায়দায়িত্ব নির্ধারণের বিষয়টিও যুক্ত করা হয়েছে। ঋণাত্মক ইক্যুইটির ঝুঁকি সৃষ্টির পেছনে কার ভূমিকা ছিল, কেন তা অব্যাহত থেকেছে এবং নিয়ন্ত্রক শর্ত শিথিলের আবেদন করার সিদ্ধান্ত কারা নিয়েছিলেন, তা শনাক্ত করতে হবে। এ ক্ষেত্রে পরিচালনা পর্ষদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, মার্জিন ঋণ ও ক্রেডিট বিভাগের প্রধান এবং কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তাদের ভূমিকা পর্যালোচনা করা হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট হিসাবগুলো নিয়ে বিনিয়োগকারীদের কোনো অভিযোগ রয়েছে কি না এবং তাঁদের অনুমতি ছাড়া শেয়ার লেনদেন হয়েছে কি না, তা অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বিএসইসি।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির অতিরিক্ত পরিচালক ড. মো. ইকবাল হোসেনকে। অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম ও অমিত অধিকারী। কমিশনের পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালক উম্মে সালমা স্বাক্ষরিত আদেশে এই কমিটি গঠন করা হয়েছে।
তদন্তে এখন মূলত তিনটি বিষয় নির্ধারণ করা হবে—ঋণাত্মক হিসাবে নিয়ন্ত্রক নির্দেশনা লঙ্ঘন করে শেয়ার কেনাবেচা হয়েছে কি না, সম্পর্কযুক্ত হিসাবের মাধ্যমে অর্থ বা শেয়ার স্থানান্তর করা হয়েছে কি না এবং এসব হিসাবের ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও কর্মকর্তারা যথাযথ দায়িত্ব পালন করেছেন কি না। এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে সম্ভাব্য বিধিলঙ্ঘন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণের ভিত্তি তৈরি হবে।











