ডিএসজে
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির নেপথ্যে অর্থের জোগান ও সম্ভাব্য অর্থপাচারের যোগসূত্র খুঁজতে এবার বিকন গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকে নজর দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। নতুন অনুসন্ধানে উঠে এসেছে বিকন গ্রুপের প্রয়াত প্রতিষ্ঠাতা মোহাম্মদ এবাদুল করিম ও তাঁর ছেলে বিকন ফার্মাসিউটিক্যালসের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক উলফাত করিমের নাম।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সন্দেহজনক অর্থের উৎস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অর্থপাচারসংক্রান্ত এই অনুসন্ধানের আওতায় রয়েছেন আজাদ হোসেন পাটোয়ারী ও জোহরা বেগমও। এর আগে একই শেয়ার কারসাজির ঘটনায় আজাদ হোসেন পাটোয়ারীসহ তিনজনকে জরিমানা করে কমিশন। তাঁদের মধ্যে আজাদ হোসেন পাটোয়ারীকে দুই কোটি টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম ঢাকা স্ট্রিট জার্নালকে বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আগেও শেয়ার কারসাজির ঘটনায় তদন্ত হয়েছে, কারও কারও বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। এখন তাঁরা অর্থ পাচারে জড়িত কি না, সে বিষয়ে তদন্ত হবে।’
বিএসইসির ১ নভেম্বরের অনুসন্ধান আদেশ অনুযায়ী, পুঁজিবাজারে বিপুল অঙ্কের সন্দেহজনক নগদ অর্থের লেনদেনের উৎস ও সত্যতা যাচাই করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইনসাইডার ট্রেডিং এবং বাজার কারসাজির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
এই অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, আগে শেয়ার কারসাজির অভিযোগে যেসব লেনদেন পরীক্ষা করা হয়েছিল, এবার সেসব লেনদেনে ব্যবহৃত অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পারস্পরিক আর্থিক সম্পর্ক খতিয়ে দেখা হবে। ফলে কারসাজির মাধ্যমে কে লাভবান হয়েছেন, সেই প্রশ্নের পাশাপাশি কার অর্থে লেনদেন হয়েছে এবং অর্থের প্রকৃত সুবিধাভোগী কারা ছিলেন, সেই প্রশ্নও সামনে এসেছে।
এর আগে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির ঘটনায় আজাদ হোসেন পাটোয়ারীকে দুই কোটি টাকা জরিমানা করে বিএসইসি। তদন্তে তাঁর একাধিক বিও হিসাব ব্যবহার করে শেয়ার কেনাবেচা, কৃত্রিম লেনদেনের সক্রিয়তা সৃষ্টি এবং বাজারদর প্রভাবিত করার তথ্য উঠে আসে। একই ঘটনায় মো. নাসির উদ্দিন আকন ও আখতার হোসেনকে মোট ১ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করে কমিশন।
এই কারসাজির নেপথ্যে বিকন গ্রুপের সংশ্লিষ্টতা নিয়েও আগের অনুসন্ধানে প্রশ্ন উঠেছিল। অভিযোগ রয়েছে, কারসাজি চলাকালে বিকন গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা খান ব্রাদার্সের অধিকাংশ শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে অর্থায়ন করেছিলেন। এবার বিএফআইইউর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি অর্থের উৎস ও সম্ভাব্য অর্থপাচারের দৃষ্টিকোণ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বিকন গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এবাদুল করিম ইতিমধ্যে মারা গেছেন। তাঁর ছেলে উলফাত করিম বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক। নতুন অনুসন্ধানে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এলেও প্রকাশিত আদেশে কে কত অর্থের লেনদেন করেছেন কিংবা কার বিরুদ্ধে কী সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।
বিএসইসির অনুসন্ধান আদেশের অনুলিপি প্রাপকদের তালিকায় মোহাম্মদ এবাদুল করিম, উলফাত করিম ও জোহরা বেগমের নাম রয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধানের পরিধি আদেশে পৃথকভাবে উল্লেখ করা হয়নি। তাদের সংশ্লিষ্টতার বিষয়টি অতিরিক্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন অনুসন্ধানে সন্দেহজনক নগদ অর্থের উৎস যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্থ স্থানান্তরের প্রকৃতি এবং শেয়ার লেনদেনের সঙ্গে তার সম্পর্ক নির্ধারণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আজাদ হোসেন পাটোয়ারীর বিও হিসাবের লেনদেনের সঙ্গে বিকন গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো আর্থিক যোগসূত্র ছিল কি না, তা তদন্তে স্পষ্ট হওয়ার কথা।
বিএসইসির পুনর্গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান, যুগ্ম পরিচালক মো. শাহনেওয়াজ, এফসিএমএ এবং সহকারী পরিচালক মো. মতিউর রহমান। কমিশন গত ২৯ সেপ্টেম্বর জারি করা আগের অনুসন্ধান আদেশ বাতিল করে নতুন কার্যপরিধি অনুযায়ী তদন্তের নির্দেশ দিয়েছে।











