ঢাকা,  রোববার, ২২ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

ব্যাংকে সীমার বেশি ডলার রাখার সুযোগ মানি চেঞ্জারদের

নগদ বৈদেশিক মুদ্রা সংরক্ষণে বিশেষ হিসাবের অনুমতি; অর্থ স্থানান্তর ও ঋণসুবিধা নিষিদ্ধ, পরিবহনে বিমা বাধ্যতামূলক

টাকা-কড়ি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬,৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:১৭,৪ নভেম্বর ২০২৬

ব্যাংকে সীমার বেশি ডলার রাখার সুযোগ মানি চেঞ্জারদের

ডিএসজে

লাইসেন্সধারী মানি চেঞ্জাররা এখন থেকে ব্যবসায়িক লেনদেনের প্রমাণ দেখিয়ে নির্ধারিত সীমার বেশি নগদ বৈদেশিক মুদ্রা ব্যাংকে জমা রাখতে পারবেন। এ জন্য বিশেষ কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ হিসাবে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো কিংবা ঋণ নেওয়ার সুযোগ থাকবে না।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ থেকে জারি করা সার্কুলারে এ সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে মানি চেঞ্জারদের নগদ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও পরিবহনের ঝুঁকি কমানোর পাশাপাশি লেনদেনের ওপর ব্যাংকিং তদারকি জোরদারের ব্যবস্থা করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো লাইসেন্সধারী মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব পরিচালনা করতে পারবে। এসব হিসাব শুধু নগদ বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে রাখা, জমা দেওয়া ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। সাধারণ আমানত হিসাবের মতো এতে কোনো সুদ পাওয়া যাবে না।

নতুন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নির্ধারিত জমার সীমা থাকলেও ব্যবসার প্রকৃত লেনদেন ও কার্যক্রমের নথিপত্রের ভিত্তিতে যেকোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা রাখা যাবে। অর্থাৎ জমার পরিমাণ বেশি হলেই তা প্রত্যাখ্যান করতে হবে না। তবে সংশ্লিষ্ট মানি চেঞ্জারের ব্যবসায়িক লেনদেনের সঙ্গে জমার সামঞ্জস্য থাকতে হবে।

ব্যাংকিং সময়ের মধ্যে উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা জমা দেওয়া যাবে। জমা করা অর্থ পরবর্তী কর্মদিবসের সকালে কিংবা প্রয়োজন অনুযায়ী উত্তোলন করা যাবে। 

এ ব্যবস্থায় মানি চেঞ্জারদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ নগদ ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা সংরক্ষণের প্রয়োজন কিছুটা কমতে পারে। একই সঙ্গে উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা ব্যাংকের নিরাপদ হেফাজতে রাখার সুযোগ তৈরি হচ্ছে।

তবে বিশেষ হিসাবকে বৈদেশিক মুদ্রা স্থানান্তরের মাধ্যম হিসেবে ব্যবহারের সুযোগ বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে স্পষ্ট করা হয়েছে, সব লেনদেন নগদ বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এ হিসাব ব্যবহার করে অন্য হিসাবে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো কিংবা তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার সুযোগ নেই।

ফলে হিসাবটি বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুবিধা দিলেও সাধারণ বৈদেশিক মুদ্রা ব্যাংক হিসাবের মতো সব ধরনের লেনদেন করা যাবে না। এটি মূলত নগদ মুদ্রার নিরাপদ হেফাজত ও উত্তোলনের জন্য নির্ধারিত ব্যবস্থা।

বৈদেশিক মুদ্রা পরিবহনের নিরাপত্তায়ও নতুন শর্ত আরোপ করা হয়েছে। মানি চেঞ্জারদের ব্যাংকে অর্থ জমা দেওয়া কিংবা উত্তোলনের সময় চুরি, ডাকাতি, হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি মোকাবিলায় বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা রাখতে হবে। নির্ধারিত একক পরিবহনসীমা পর্যন্ত এ বিমার সুরক্ষা কার্যকর থাকতে হবে।

অনুমোদিত ডিলার ব্যাংকের নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সধারী নিরাপদ অর্থ পরিবহন সেবা অথবা নিরাপত্তাকর্মীর পাহারায় পরিবহনের ব্যবস্থা করতে হবে। দিনের শেষ দিকে জমা দেওয়া অর্থ নিরাপদে রাখতে ব্যাংকগুলোকে সুরক্ষিত কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

অর্থ উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকগুলো চেক বা উত্তোলন স্লিপ ব্যবহারের সুবিধা দিতে পারবে। তবে শুধু অনুমোদিত প্রতিনিধিরাই অর্থ তুলতে পারবেন। তাঁদের স্বাক্ষর, ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য ব্যাংকে সংরক্ষণ করতে হবে।

এ হিসাবে ওভারড্রাফট বা জমার অতিরিক্ত অর্থ উত্তোলন এবং কোনো ধরনের ঋণসুবিধা নিষিদ্ধ করা হয়েছে। ব্যাংকগুলো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হিসাব পরিচালনা ও নগদ অর্থ ব্যবস্থাপনার জন্য যুক্তিসংগত ফি নিতে পারবে।

নতুন সুবিধার পাশাপাশি মানি চেঞ্জারদের পরিচয় ও লেনদেন যাচাইয়ের দায়িত্বও বাড়ানো হয়েছে ব্যাংকগুলোর। প্রতিটি মানি চেঞ্জারের হালনাগাদ গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) সংরক্ষণ এবং বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া লাইসেন্সের বৈধতা যাচাই করতে হবে।

প্রতিটি লেনদেনের তারিখ, সময়, মুদ্রার মূল্যমান ও নোটের ধরন এবং অর্থ পরিবহনের দায়িত্বে থাকা ব্যক্তির পরিচয়সহ বিস্তারিত তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক। যাতে পরবর্তী সময়ে নিরীক্ষার মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা যায়।

এর আগে ১৭ অক্টোবর জারি করা সার্কুলারে মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার হিসাব খোলা ও পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন সার্কুলারে নগদ বৈদেশিক মুদ্রার নিরাপদ হেফাজত, পরিবহন ও হিসাব পরিচালনার বিষয়গুলো আরও সুনির্দিষ্ট করা হয়েছে।