ঢাকা,  রোববার, ২২ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

সিটি গ্রুপের ঋণে আইনি ছাড়, ১৭০০ কোটির চুক্তি কাল

৩ হাজার কোটি টাকার ঋণসুবিধায় ব্যাংক কোম্পানি আইনের বিধান শিথিল; প্রথম ধাপে আট ব্যাংকের অর্থায়ন, রোববার থেকে টাকা ছাড়ের পরিকল্পনা

টাকা-কড়ি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩,৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৫,৫ নভেম্বর ২০২৬

সিটি গ্রুপের ঋণে আইনি ছাড়, ১৭০০ কোটির চুক্তি কাল

ডিএসজে কোলাজ

সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি বিধান সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ ছাড়ের পর প্রথম ধাপে ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিতে সম্মত হয়েছে আট ব্যাংক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঋণের চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর আগামী রোববার (৮ নভেম্বর) থেকে ঋণের অর্থ বিতরণ শুরু হতে পারে। আসন্ন রমজান সামনে রেখে ভোগ্যপণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে এ অর্থ ব্যবহার করবে সিটি গ্রুপ। সিটি ব্যাংক পিএলসির নেতৃত্বে গঠিত সিন্ডিকেটের মাধ্যমে ঋণ দেওয়া হবে।

তবে ৩ হাজার কোটি টাকার প্রস্তাবিত ঋণসুবিধার বিপরীতে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ কোটি টাকার অর্থায়নে সম্মতি মিলেছে। অর্থাৎ মোট ঋণের ৫৬ দশমিক ৬৭ শতাংশ প্রথম ধাপে দেওয়ার প্রস্তুতি রয়েছে। অবশিষ্ট ১ হাজার ৩০০ কোটি টাকার অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা প্রজ্ঞাপনে সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানের জন্য বিশেষ ছাড়ের সিদ্ধান্ত জানানো হয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে একই আইনের ২৭কক (৩) ধারার বিধান আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড ও শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেড। এসব প্রতিষ্ঠানের চলতি মূলধনের চাহিদা মেটাতে সিন্ডিকেট ঋণের ব্যবস্থা করা হচ্ছে।

এ সিদ্ধান্তের মাধ্যমে একটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর পাঁচ প্রতিষ্ঠানের ঋণসুবিধার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের একটি বিধান প্রয়োগে ছাড় দেওয়া হয়েছে, যা নির্ধারিত ঋণসুবিধা ও সময়সীমার মধ্যে সীমাবদ্ধ।

বিশেষ সুবিধা দিলেও ঋণের আর্থিক ঝুঁকি নিজেদের ওপর নিচ্ছে না সরকার ও বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, এ ঋণের বিপরীতে সরকার কিংবা কেন্দ্রীয় ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে সিটি ব্যাংক বা সিন্ডিকেটে অংশগ্রহণকারী অন্য কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ ঋণের বিপরীতে সরকারি সহায়তা দাবি করতে পারবে না।

ঋণের জামানত হিসেবেও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। সিটি গ্রুপকে এমন সম্পত্তি নিবন্ধিত বন্ধক দিতে হবে, যা অন্য কোনো ঋণ বা দায়ের বিপরীতে ইতিমধ্যে বন্ধক রাখা হয়নি। অর্থাৎ বিদ্যমান ঋণের জামানত হিসেবে ব্যবহৃত সম্পত্তি দিয়ে নতুন অর্থায়ন নেওয়ার সুযোগ রাখা হয়নি।

ঋণের অর্থে পণ্য বিক্রির আয়ও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। সিন্ডিকেট ঋণের অর্থে কেনা কাঁচামাল থেকে উৎপাদিত পণ্য বিক্রির টাকা নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা দিতে হবে। সেখান থেকে ঋণদাতা ব্যাংকগুলোর পাওনা আনুপাতিক হারে অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত পরিশোধ করতে হবে।

এ ছাড়া ঋণের অর্থে আমদানি করা কাঁচামাল ঋণদাতা ব্যাংকগুলোর সিকিউরিটি এজেন্টের প্রতিনিধি হিসেবে কিনবে সিটি গ্রুপের প্রতিষ্ঠানগুলো। পরে জিম্মাদার হিসেবে তা প্রক্রিয়াজাত করবে। এর মাধ্যমে কাঁচামাল ও সংশ্লিষ্ট ব্যবসায়িক লেনদেনের ওপর ঋণদাতা ব্যাংকগুলোর নিরাপত্তাস্বার্থ বজায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন গনমাধ্যমকে জানিয়েছেন, আট ব্যাংক প্রথম ধাপে ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিতে সম্মত হয়েছে। এর মধ্যে সিটি ব্যাংক দেবে ৩০০ কোটি টাকা। অন্য সাতটি ব্যাংক ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার ৪০০ কোটি টাকা অর্থায়ন করবে।

তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর করা হবে। এরপর রোববার থেকে সিটি গ্রুপের প্রয়োজন অনুযায়ী অর্থ বিতরণ শুরু হবে। মূলত আসন্ন রমজানের আগে কাঁচামাল আমদানির জন্য এ ঋণ দেওয়া হচ্ছে।

তবে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বিশেষ আইনি ছাড়ের প্রয়োজনীয়তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান ঋণ পরিস্থিতি, নতুন ঋণের সুদহার, পরিশোধের মেয়াদ এবং অবশিষ্ট ১ হাজার ৩০০ কোটি টাকার অর্থায়ন কীভাবে নিশ্চিত হবে, সে বিষয়েও তথ্য প্রকাশ করা হয়নি।

ফলে সিটি গ্রুপের জন্য বড় অঙ্কের চলতি মূলধন সংগ্রহের পথ খুললেও প্রশ্ন থেকে যাচ্ছে—কোন আইনি বাধা দূর করতে বিশেষ ছাড় প্রয়োজন হলো এবং ঋণদাতা ব্যাংকগুলো কীভাবে এ অর্থায়নের ঝুঁকি সামাল দেবে?