ঢাকা,  রোববার, ০৮ নভেম্বর ২০২৬, কার্তিক ২৩ ১৪৩৩

আয় বাড়লেও তৃতীয় প্রান্তিকে মুনাফা কমল সিটি ব্যাংকের

জুলাই–সেপ্টেম্বরে মুনাফা কমেছে প্রায় ১৮ শতাংশ, বেড়েছে প্রভিশন ব্যয়; তবে নয় মাসে নিট মুনাফা ৮৬৭ কোটি টাকা

টাকা-কড়ি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮,৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:১৩,১ নভেম্বর ২০২৬

আয় বাড়লেও তৃতীয় প্রান্তিকে মুনাফা কমল সিটি ব্যাংকের

ডিএসজে

পরিচালন আয় বাড়লেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংক পিএলসির মুনাফা কমেছে প্রায় ১৮ শতাংশ। জুলাই–সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ কোটি টাকা কমেছে। মুনাফার ওপর চাপ তৈরির অন্যতম কারণ ঋণ ও বিনিয়োগের বিপরীতে প্রভিশন ব্যয় বৃদ্ধি।

সিটি ব্যাংকের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক বিবরণী বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই আর্থিক বিবরণী অনুমোদন করে।

আর্থিক বিবরণী অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সিটি ব্যাংকের সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৪৬ কোটি ৫৬ লাখ টাকা। গত বছরের একই সময়ে মুনাফা ছিল ৪২১ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ৭৪ কোটি ৫২ লাখ টাকা বা ১৭ দশমিক ৭০ শতাংশ।

অথচ একই সময়ে ব্যাংকটির পরিচালন আয় বেড়েছে। চলতি তৃতীয় প্রান্তিকে নিট সুদ আয় হয়েছে ১০০ কোটি টাকা, যেখানে আগের বছরের একই নিট সুদ আয়ে ২১ কোটি টাকারও বেশি লোকসান ছিল। এছাড়া বিনিয়োগ, কমিশন, বৈদেশিক মুদ্রা লেনদেনসহ বিভিন্ন খাত থেকে পরিচালন আয় হয়েছে ১ হাজার ৩৮৩ কোটি টাকা।

সবমিলিয়ে চলতি তৃতীয় প্রান্তিকে মোট পরিচালন আয় হয়েছে প্রায় ১ হাজার ৫৪০ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই আয় ছিল প্রায় ১ হাজার ৩১৫ কোটি টাকা। অর্থাৎ পরিচালন আয় বেড়েছে প্রায় ১৭ শতাংশ।

সিটি ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, পরিচালন আয় বাড়ার পরও নিট মুনাফা কমার পেছনে প্রভিশন ব্যয় বৃদ্ধির পাশাপাশি পরিচালন ব্যয় ও করের প্রভাব রয়েছে। জুলাই–সেপ্টেম্বরে ঋণ ও বিনিয়োগের বিপরীতে ব্যাংকটির প্রভিশন ব্যয় হয়েছে প্রায় ২৬১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় ২০৮ কোটি টাকা। সে হিসাবে এই খাতে ব্যয় বেড়েছে প্রায় ৫৩ কোটি টাকা।

অন্যান্য প্রভিশন ও সংশ্লিষ্ট সমন্বয়সহ তৃতীয় প্রান্তিকে মোট প্রভিশন ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৮৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ছিল প্রায় ২২৯ কোটি টাকা। অর্থাৎ মোট প্রভিশন ব্যয় বেড়েছে প্রায় ২৪ শতাংশ।

ব্যাংকগুলোর ক্ষেত্রে ঋণ ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় প্রভিশন সংরক্ষণ করতে হয়। এই খাতে ব্যয় বাড়লে পরিচালন মুনাফার একটি অংশ সংরক্ষিত রাখতে হয়, যার প্রভাব পড়ে নিট মুনাফায়। তবে প্রভিশন বৃদ্ধি মানেই সমপরিমাণ নতুন খেলাপি ঋণ সৃষ্টি হয়েছে, এমন নয়। ঋণের শ্রেণিবিন্যাস, ঝুঁকি মূল্যায়ন ও অন্যান্য নিয়ন্ত্রক কারণেও প্রভিশনের প্রয়োজনীয়তা পরিবর্তিত হতে পারে।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমার প্রভাব পড়েছে শেয়ারপ্রতি আয়েও (ইপিএস)। চলতি বছরের জুলাই–সেপ্টেম্বরে ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪১ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় কমেছে ৪৬ পয়সা।

তবে সর্বশেষ প্রান্তিকে মুনাফা কমলেও বছরের প্রথম নয় মাসের সামগ্রিক হিসাবে প্রবৃদ্ধি ধরে রেখেছে সিটি ব্যাংক। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮৬৭ কোটি ১৮ লাখ টাকা। গত বছরের একই সময়ে ছিল ৭২২ কোটি ১৯ লাখ টাকা। সে হিসাবে নয় মাসে মুনাফা বেড়েছে প্রায় ১৪৫ কোটি টাকা বা ২০ দশমিক ০৮ শতাংশ।

নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১৩ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮৩ পয়সা।

প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সিটি ব্যাংকের মোট পরিচালন আয় হয়েছে প্রায় ৪ হাজার ১৬৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে ছিল প্রায় ৩ হাজার ৬৪২ কোটি টাকা। অর্থাৎ পরিচালন আয় বেড়েছে প্রায় ৫২২ কোটি টাকা বা ১৪ দশমিক ৩২ শতাংশ।

আয় বৃদ্ধির অন্যতম উৎস ছিল বিনিয়োগ খাত। জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির বিনিয়োগ থেকে আয় হয়েছে প্রায় ৩ হাজার ২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ২ হাজার ৭৭৫ কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগ আয় বেড়েছে প্রায় ২২৭ কোটি টাকা।

আর্থিক বিবরণীর ব্যাখ্যায় ব্যাংকটি জানিয়েছে, সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ বৃদ্ধি এবং এসব বিনিয়োগ থেকে বেশি সুদ আয় হওয়ার কারণে বিনিয়োগ আয় বেড়েছে। এ ছাড়া ঋণ ও অগ্রিমের পরিমাণ বৃদ্ধি এবং ঋণ থেকে আয় বৃদ্ধির প্রভাবও মোট আয়ে পড়েছে।

অন্যদিকে কমিশন, বৈদেশিক মুদ্রা লেনদেন ও ব্রোকারেজ থেকেও আয় বেড়েছে। ফলে ব্যাংকটির আয়ের উৎসে বিনিয়োগ ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের ইতিবাচক অবদান রয়েছে।

তবে আয়ের সঙ্গে পরিচালন ব্যয়ও বেড়েছে। প্রথম নয় মাসে ব্যাংকটির মোট পরিচালন ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৮৮৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় ১ হাজার ৫৫২ কোটি টাকা। অর্থাৎ পরিচালন ব্যয় বেড়েছে প্রায় ৩৩৭ কোটি টাকা। ফলে পরিচালন আয় বৃদ্ধির একটি বড় অংশ অতিরিক্ত ব্যয়ে চলে গেছে।

এদিকে প্রভিশনের ক্ষেত্রে নয় মাসের সামগ্রিক চিত্র তৃতীয় প্রান্তিকের বিপরীত। জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে ঋণ ও বিনিয়োগের বিপরীতে ব্যাংকটির প্রভিশন ব্যয় হয়েছে প্রায় ৬৮৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে ছিল প্রায় ৮৫৫ কোটি টাকা। অর্থাৎ নয় মাসের হিসাবে এই খাতে ব্যয় কমেছে প্রায় ১৬৬ কোটি টাকা।

ব্যাংকটির ব্যাখ্যা অনুযায়ী, ঋণ পোর্টফোলিওর গুণগত মানের উন্নতি এবং সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বৃদ্ধির প্রভাবে প্রভিশনের প্রয়োজনীয়তা কমেছে। তবে সর্বশেষ জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রভিশন ব্যয় আবার বেড়ে যাওয়ায় এই প্রবণতা কতটা স্থায়ী হবে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির ব্যালান্স শিটের আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বর শেষে সিটি ব্যাংকের সমন্বিত মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩ হাজার ৬১৩ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে ছিল প্রায় ৮৪ হাজার ৩৩৪ কোটি টাকা। অর্থাৎ নয় মাসে সম্পদ বেড়েছে প্রায় ১৯ হাজার ২৭৯ কোটি টাকা বা ২২ দশমিক ৮৬ শতাংশ।

একই সময়ে গ্রাহক আমানতসহ সংশ্লিষ্ট জমার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৭ হাজার ৪১২ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে ছিল প্রায় ৬৩ হাজার ১৬৪ কোটি টাকা। সে হিসাবে নয় মাসে এই খাতে বৃদ্ধি হয়েছে প্রায় ১৪ হাজার ২৪৮ কোটি টাকা বা ২২ দশমিক ৫৬ শতাংশ।

আমানত বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকটির পরিচালন নগদ প্রবাহেও। জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৭২ টাকা ৭২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৩ টাকা ৪১ পয়সা। ব্যাংকটির ব্যাখ্যা অনুযায়ী, গ্রাহক আমানত সংগ্রহ বৃদ্ধির কারণে নগদ প্রবাহ বেড়েছে।