ছবি: বাংলাদেশ জাতীয় সংসদ ইউটিউব ভিডিও থেকে নেওয়া
ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ এবং ২৩ লাখ কোটি টাকার বেশি সরকারি ঋণের নিগড়ে বন্দি বাংলাদেশের অর্থনীতি এখন ইতিহাসের এক কঠিনতম সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ এবং কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনে উঠে আসা নীতিনির্ধারকদের তথ্য ও পরিসংখ্যান এবং রবিবার (১৫ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে আর্থিক খাতের এই ভঙ্গুর চিত্র স্পষ্ট হয়েছে।
একদিকে দশকের পর দশক ধরে চলা অনিয়ম ও বহুমুখী ভূরাজনৈতিক সংকট, অন্যদিকে কাঠামোগত সংস্কারের চাপ; সব মিলিয়ে এই গভীর সংকট থেকে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু করেছে বর্তমান প্রশাসন।
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। আর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এই অঙ্ক ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে। ২০২১ সালেও যা ছিল মাত্র ৯৪ হাজার ৩০৬ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৮৫ শতাংশের বেশি খেলাপি ঋণের বোঝা চেপে আছে মাত্র ১৫টি ব্যাংকের ঘাড়ে, যার বড় একটি অংশ সাম্প্রতিক সময়ে একীভূত হওয়া শরিয়াহভিত্তিক ব্যাংক।
এই চরম অস্থিতিশীলতার ফলে ব্যাংক খাতের মূলধন ঘাটতি আরও বেড়েছে এবং ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের অনুপাত (সিআরএআর) বাসেল-৩ নীতিমালার ন্যূনতম ১০ শতাংশের নিচে নেমে গেছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিআরএআর নেমে এসেছে শূন্য দশমিক ৮২ শতাংশে।
এই অচলাবস্থা কাটাতে দীর্ঘদিনের অনাদায়ি ঋণ নিষ্পত্তির জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বিশেষ এককালীন এক্সিট সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট-২০২৬’ প্রণয়ন, অর্থঋণ আদালত আইনের সংশোধন এবং ১০ শতাংশের বেশি খেলাপি থাকা ব্যাংকগুলোর পর্ষদের সঙ্গে নিবিড় তদারকির মতো কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকিং খাতের ভেতরের এই অস্থিরতার পাশাপাশি রাষ্ট্রের সামগ্রিক ঋণের বোঝাও ভারী হয়েছে। সংসদে দেওয়া অর্থমন্ত্রীর তথ্যানুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩ দশমিক ৩৮ লাখ কোটি টাকা।
এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। চলতি অর্থবছরে কেবল মূল ও সুদ পরিশোধ বাবদ ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
যদিও এবারের বাজেটে দেশি-বিদেশি ঋণের শুধুমাত্র সুদ পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা (অভ্যন্তরীণ সুদ ১ লাখ ৫ হাজার কোটি এবং বৈদেশিক সুদ ২২ হাজার ৫০০ কোটি টাকা)। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
এদিকে কক্সবাজারে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বৈদেশিক ঋণ ১০৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বছরে কেবল সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে এক লাখ কোটি টাকারও বেশি।
ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংঘাতে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪২০ কোটি ডলার ব্যয় হওয়ায় এবং মূল্যস্ফীতির চাপে প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে বলে উল্লেখ করেন তিনি।
অতীতের নেওয়া ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় ২০৩০ সালের মধ্যে বার্ষিক বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বেড়ে ৭৬০ কোটি ডলারে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেন অর্থ উপদেষ্টা।
তবে এই বহুমুখী সংকট মোকাবিলায় সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু ইতিবাচক কৌশল গ্রহণ করেছে। বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে পূর্বের মতো টাকা ছাপিয়ে ঋণ নেওয়া বন্ধ করায় মুদ্রা সরবরাহের ওপর চাপ কমেছে এবং মূল্যস্ফীতি ১০ শতাংশ থেকে নিম্নমুখী হতে শুরু করেছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৩০ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করছে। এ ছাড়া উৎপাদন খাত ঘুরে দাঁড়ানোয় সর্বশেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে।
আন্তর্জাতিক ঋণ সম্মেলনে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, ঋণকে কেবল বোঝা নয়, বরং উৎপাদনশীলতা ও মানবসম্পদ উন্নয়নে ব্যবহারের মাধ্যমে অর্থনীতিকে টেকসই করতে হবে। আগামী পাঁচ বছরে জিডিপির অনুপাতে রাজস্ব আয় দুই শতাংশীয় পয়েন্ট বাড়ানোর লক্ষ্য রয়েছে।
‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—এই তিন ধাপে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে উৎপাদন খাত, দেশীয় বন্ডবাজার এবং বিকল্প অর্থায়নের পথ সুগম করছে বর্তমান প্রশাসন।










