ঢাকা,  রোববার, ২২ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

ইউনিফর্ম-জুতায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ ৯৭৫০ টাকা, বাজারে খরচ কত?

একনেকে অনুমোদিত পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে চার সামগ্রী কেনায় ধরা হয়েছে ১০ হাজার ৩৫৩ কোটি টাকা। এক অভিভাবকের দেওয়া বাজারদরে একই কেনাকাটার খরচ প্রায় ৩ হাজার ৫৫৭ কোটি টাকা। ব্যবধান ৬ হাজার ৭৯৬ কোটি টাকা, কিন্তু বরাদ্দের ভিত্তি এখনো অস্পষ্ট।

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৩,৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৭,৫ নভেম্বর ২০২৬

ইউনিফর্ম-জুতায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ ৯৭৫০ টাকা, বাজারে খরচ কত?

প্রতীকী ছবি (এআই দ্বারা তৈরী)

এক সেট ইউনিফর্ম, এক জোড়া জুতা, একটি পাটের ব্যাগ আর এক জোড়া মোজা। রাজধানীর একটি বিদ্যালয়ের অভিভাবকের হিসাবে বাজারে এই চার সামগ্রী কিনতে সর্বোচ্চ খরচ ৩ হাজার ৩৫০ টাকা। অথচ সরকারের নতুন প্রাথমিক শিক্ষা কর্মসূচিতে একই চার সামগ্রীর জন্য শিক্ষার্থীপ্রতি ধরা হয়েছে প্রায় ৯ হাজার ৭৫০ টাকা। ব্যবধান ৬ হাজার ৪০০ টাকা, যা পুরো সেটের বাজারদামের প্রায় দ্বিগুণ।

শিক্ষার্থী একজন নয়, ১ কোটি ৬ লাখেরও বেশি। তাই এই ব্যবধান মোট অঙ্কে দাঁড়ায় প্রায় ৬ হাজার ৭৯৬ কোটি টাকা। প্রশ্ন হলো, এই বাড়তি টাকা কীসের জন্য?

বুধবার (৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মসূচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীকে ইউনিফর্ম, স্কুলব্যাগ, জুতা ও মোজা দেওয়ার পরিকল্পনা আছে।

প্রকল্প প্রস্তাবের ব্যয় বিভাজন বলছে, ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৬২ শিক্ষার্থীর জন্য এই চার সামগ্রী কিনতে ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৩৫৩ কোটি টাকা। মোট বরাদ্দকে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করলে শিক্ষার্থীপ্রতি গড় দাঁড়ায় প্রায় ৯ হাজার ৭৫০ টাকা। পাঁচ বছরের কর্মসূচিতে প্রত্যেক শিক্ষার্থী পাবে এক সেট ইউনিফর্ম, একটি ব্যাগ, এক জোড়া জুতা ও এক জোড়া মোজা।

সরকারি বরাদ্দের সঙ্গে বাজারদরের তুলনা করতে রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি অ্যান্ড স্কুলের একজন অভিভাবকের কাছ থেকে শিক্ষার্থীদের পোশাক ও অন্যান্য সামগ্রীর দাম জানা হয়েছে।

ওই অভিভাবক জানিয়েছেন, বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের এক সেট ইউনিফর্ম কিনতে ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকা খরচ হয়। বাটা ব্র্যান্ডের এক জোড়া জুতা পাওয়া যায় প্রায় ৬০০ টাকায়। এ ছাড়া একটি পাটের স্কুলব্যাগ সর্বোচ্চ ৫০০ টাকা এবং এক জোড়া মোজা সর্বোচ্চ ৫০ টাকায় কেনা সম্ভব।

অভিভাবকের দেওয়া সর্বোচ্চ দাম ধরে হিসাব করলে ইউনিফর্ম, জুতা, ব্যাগ ও মোজায় মোট খরচ দাঁড়ায় ৩ হাজার ৩৫০ টাকা। বিপরীতে সরকারি কর্মসূচিতে শিক্ষার্থীপ্রতি গড় বরাদ্দ প্রায় ৯ হাজার ৭৫০ টাকা। ফলে মাথাপিছু পার্থক্য ৬ হাজার ৪০০ টাকা। শতাংশের হিসাবে সরকারি বরাদ্দ তুলনামূলক বাজারদরের প্রায় ১৯১ শতাংশ বেশি।

নতুন কর্মসূচিতে বিপুল অর্থের কেনাকাটার পরিকল্পনার মধ্যেই আগের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে সরকারি গবেষণায় উঠে এসেছে নানা দুর্বলতা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) জুন ২০২৫-এর ‘প্রাথমিক স্তরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হার বৃদ্ধিতে পিইডিপি-৪ কর্মসূচির ভূমিকা’ শীর্ষক গবেষণায় শিক্ষার্থীদের অনুপস্থিতি বৃদ্ধি, দুর্বল তদারকি ও বাস্তবায়নে বিলম্বের তথ্য পাওয়া গেছে।

আইএমইডির গবেষণা প্রতিবেদন বলছে, পিইডিপি-৪ কর্মসূচি বাস্তবায়নের মধ্যেও প্রাথমিকের শিক্ষার্থীদের গড় অনুপস্থিতির হার বেড়েছে। এমনকি শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে।

গবেষণার পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীদের গড় অনুপস্থিতির হার ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ১১ দশমিক ৮৪ শতাংশ, অর্থাৎ ২ শতাংশীয় পয়েন্ট বেশি। একই সময়ে প্রাক্‌-প্রাথমিকসহ মোট শিক্ষার্থী ২ কোটি ৯ লাখ ১৬ হাজার ৪৮৪ জন থেকে কমে ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জনে নেমেছে। কমেছে প্রায় ১২ লাখ ৩ হাজার বা ৫ দশমিক ৭৫ শতাংশ।

শিক্ষার্থীসংখ্যা ও উপস্থিতির পরিবর্তনের পেছনে করোনা মহামারি, জন্মহার হ্রাস, বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারসহ বিভিন্ন কারণের কথা গবেষণায় উল্লেখ রয়েছে। তবে প্রশাসনিক দুর্বলতাও চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যালয় পর্যায়ে দুর্বল তদারকি ও প্রতিবেদনব্যবস্থা, শিক্ষার্থীসংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্যতার ঘাটতি, অভিভাবকদের সঙ্গে অপর্যাপ্ত যোগাযোগ, ফলাফলভিত্তিক মূল্যায়নের দুর্বলতা এবং দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার অভাব।

গবেষণা অনুযায়ী, পিইডিপি-৪-এর সংশোধিত ব্যয় ছিল ৩২ হাজার ৮০৩ কোটি ৪৮ লাখ টাকা। ২০২৫ সালের মে পর্যন্ত খরচ হয়েছে ২৬ হাজার ৪৪২ কোটি ৪৬ লাখ টাকা, অর্থাৎ ৮০ দশমিক ৬০ শতাংশ। কর্মসূচির বাস্তব অগ্রগতি ছিল ৮২ শতাংশ। সময়মতো কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়াতে হয়েছে মোট তিন বছর, যদিও সংশোধনে মূল ব্যয় ৫ হাজার ৫৯৩ কোটি ৬৮ লাখ টাকা কমানো হয়েছিল।

বুধবার একনেকে নতুন কর্মসূচিটি অনুমোদনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন বাস্তবায়নের ব্যয় ও জবাবদিহি নিয়ে। বাজারে সর্বোচ্চ ৩ হাজার ৩৫০ টাকায় কেনা সম্ভব বলে জানা চার ধরনের শিক্ষাসামগ্রীর জন্য মাথাপিছু প্রায় ৯ হাজার ৭৫০ টাকা বরাদ্দের ভিত্তি কী? পণ্যভিত্তিক মূল্য, আনুষঙ্গিক ব্যয় ও বিতরণ পরিকল্পনার বিস্তারিত হিসাব প্রকাশের পাশাপাশি আগের কর্মসূচির দুর্বলতা কাটানোর সুনির্দিষ্ট ব্যবস্থা নিশ্চিত করাই হবে নতুন প্রকল্পের বড় পরীক্ষা।

অবশ্য উদ্যোগটির ইতিবাচক দিকও আছে। দরিদ্র পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে পোশাক ও শিক্ষাসামগ্রী বিদ্যালয়ে অংশগ্রহণ বাড়াতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের মেয়েশিশুদের ক্ষেত্রে পোশাক, জুতা ও ব্যাগ কেনার আর্থিক চাপ কমবে। সুবিধাটি অবশ্য শুধু ছাত্রীদের নয়, ছাত্ররাও পাবে।