ঢাকা,  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

ঋণ থেকে বিনিয়োগে সম্পর্ক বদলাতে চায় বাংলাদেশ-কোরিয়া

২০০ কোটি ডলার পর্যন্ত সার্বভৌম তহবিল গঠনের আলোচনা; অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও এআই খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে জোর

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫,৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৬,৫ নভেম্বর ২০২৬

ঋণ থেকে বিনিয়োগে সম্পর্ক বদলাতে চায় বাংলাদেশ-কোরিয়া

ছবি- অর্থ মন্ত্রনালয়

দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে উন্নয়ন ঋণের গণ্ডি থেকে বের করে সরাসরি বিনিয়োগ ও প্রযুক্তি অংশীদারত্বে নিতে চাইছে বাংলাদেশ। এ লক্ষ্যে ১০০ থেকে ২০০ কোটি ডলারের একটি সম্ভাব্য সার্বভৌম তহবিল গঠনের আলোচনা শুরু হয়েছে। লক্ষ্য কোরিয়ার প্রাতিষ্ঠানিক পুঁজি বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে নিয়ে আসা।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের দক্ষিণ কোরিয়া সফরের দ্বিতীয় কর্মদিবসে মঙ্গলবার (৩ নভেম্বর) সিউলে এসব আলোচনা হয়। কোরিয়ার সরকারি কর্মকর্তা, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে পৃথক বৈঠক করে প্রতিনিধিদল।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে প্রচলিত সহজ শর্তের ঋণের বাইরে নিয়ে বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, শিল্প অংশীদারত্ব ও বেসরকারি খাতের সম্পৃক্ততার মাধ্যমে সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ উদ্যোগের কেন্দ্রে রয়েছে প্রস্তাবিত বাংলাদেশ সার্বভৌম তহবিল। কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশনের (কেআইসি) সঙ্গে বৈঠকে ১০০ থেকে ২০০ কোটি ডলারের সম্ভাব্য তহবিল নিয়ে আলোচনা হয়। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোয় বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্পে বিনিয়োগ আকর্ষণের মাধ্যম হিসেবে তহবিলটি ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

একই সঙ্গে কেআইসির ইক্যুইটি বিনিয়োগের সঙ্গে কোরিয়া এক্সিম ব্যাংকের ঋণ অর্থায়ন সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে। এতে কোরীয় তহবিল ব্যবস্থাপকদের যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

প্রচলিত উন্নয়ন ঋণের সঙ্গে এ উদ্যোগের মৌলিক পার্থক্য রয়েছে। ঋণের ক্ষেত্রে নির্ধারিত সময়ে সুদ ও আসল পরিশোধের দায় থাকে। অন্যদিকে ইক্যুইটি বিনিয়োগে বিনিয়োগকারী প্রকল্পের মালিকানা ও ব্যবসায়িক ঝুঁকির অংশীদার হন। ফলে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের বড় প্রকল্পে ঋণের পাশাপাশি দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের নতুন সুযোগ তৈরি হতে পারে।

নতুন বিনিয়োগের আলোচনা চললেও বিদ্যমান উন্নয়ন ঋণ সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। কোরিয়া এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোয়াং কিয়েওনের সঙ্গে বৈঠকে ২০২৩-২০২৭ মেয়াদের ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) কাঠামো পর্যালোচনা করা হয়।

এ কাঠামোর আওতায় ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর-গজারিয়া সেতু এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে তুলে ধরে বাংলাদেশ। কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পগুলোর অগ্রাধিকার পর্যালোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তাবগুলো বিবেচনা করা হবে।

বাংলাদেশ অবশিষ্ট ইডিসিএফ অর্থায়ন ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরির প্রস্তাব দিয়েছে। অর্থাৎ নতুন বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি আগে নির্ধারিত ঋণ কাঠামোর অর্থায়ন কার্যকর প্রকল্পে ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে এবার নতুন ক্ষেত্র হিসেবে সামনে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। কোরিয়ার এলজি এআই রিসার্চের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির উপযোগী বৃহৎ ভাষা মডেল (এলএলএম) তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

শিক্ষা, স্বাস্থ্যসেবা, উৎপাদনশিল্প ও সরকারি সেবায় এআই ব্যবহারের পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এআই ও ডেটা সেন্টার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হয়। অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠান ফুরিওসাএআইয়ের সঙ্গে উচ্চমূল্য সংযোজনকারী এআই প্রযুক্তি খাতের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে। কোরিয়া এক্সিম ব্যাংকও এআইসমৃদ্ধ অবকাঠামো প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ে আগ্রহ দেখিয়েছে।

কোরীয় কোম্পানিগুলোর বিনিয়োগের ধরন পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে। স্যামসাং সিঅ্যান্ডটির সঙ্গে বৈঠকে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, নগর উন্নয়ন, পর্যটন ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ।

বিশেষ করে ছাদভিত্তিক ও বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। স্যামসাং সিঅ্যান্ডটি শুধু প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) ঠিকাদার হিসেবে কাজ করার পরিবর্তে দীর্ঘমেয়াদি বিনিয়োগে যুক্ত হওয়ার আগ্রহ জানিয়েছে। অগ্রাধিকার প্রকল্পগুলো নিয়ে কারিগরি আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে উভয় পক্ষ।

এটি বাস্তবায়িত হলে কোরীয় কোম্পানিগুলোর ভূমিকা শুধু প্রকল্প নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; প্রকল্পের মূলধন জোগান ও দীর্ঘমেয়াদি পরিচালনাতেও অংশীদার হওয়ার সুযোগ তৈরি হতে পারে। 

শিল্প খাতেও একই ধরনের অংশীদারত্ব গড়ে তুলতে চাইছে বাংলাদেশ। কোরীয় শিল্পগোষ্ঠী ইয়ংওয়ানের আয়োজনে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে হালকা প্রকৌশল ও যন্ত্রাংশ উৎপাদনে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর এবং কোরিয়ার আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশি উৎপাদকদের যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

কোরিয়ার অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দ্বিতীয় উপমন্ত্রী চ্যাং হুহের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও কৌশলগত পর্যায়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। বাণিজ্য, উন্নত উৎপাদনশিল্প, জ্বালানি, জাহাজ নির্মাণ ও ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তাপুষ্ট ইন্টিগ্রেটেড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগের মহাপরিকল্পনা তৈরিতে কোরিয়ার বিদ্যমান কারিগরি সহযোগিতার পাশাপাশি অর্থায়ন ও বাস্তবায়নেও দেশটির অংশগ্রহণ চেয়েছে বাংলাদেশ।

সব মিলিয়ে সিউলের বৈঠকগুলোতে বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট—কোরিয়াকে শুধু উন্নয়ন ঋণের উৎস হিসেবে নয়, দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী, প্রযুক্তি সরবরাহকারী ও শিল্প অংশীদার হিসেবে যুক্ত করা। 

দুই পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হলো, ঋণ থেকে বিনিয়োগে সম্পর্ক পরিবর্তনের এই পরিকল্পনাকে সুনির্দিষ্ট প্রকল্প, মূলধন প্রতিশ্রুতি ও কার্যকর চুক্তিতে রূপ দেওয়া।