ঢাকা,  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

বয়স বাড়লেও বড় হচ্ছে না বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠান

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে কর্মসংস্থান বৃদ্ধির গতি তুলনীয় অর্থনীতির অর্ধেক; বিদ্যুৎ, আমলাতন্ত্র, অর্থায়ন ও দক্ষতার ঘাটতিতে আটকে সম্প্রসারণ

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১,৩ নভেম্বর ২০২৬

বয়স বাড়লেও বড় হচ্ছে না বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠান

প্রতীকী ছবি (এআই দ্বারা তৈরী)

বাংলাদেশে ব্যবসাপ্রতিষ্ঠানের বয়স বাড়ছে, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না ব্যবসা কিংবা কর্মসংস্থান। বিশ্বের অন্যান্য উদীয়মান অর্থনীতিতে পুরোনো প্রতিষ্ঠানগুলো ক্রমেই বড় হলেও বাংলাদেশে ১৫ থেকে ২৪ বছর ধরে কার্যক্রম চালানো অনেক প্রতিষ্ঠানের আকার নতুন প্রতিষ্ঠানের তুলনায় ছোট। ফলে নতুন উদ্যোক্তা তৈরি হলেও বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে বড় শিল্পে পরিণত করার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্বব্যাংকের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির এই দুর্বলতা উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার শ্রমবাজার, উদ্যোক্তা খাত ও জনমিতিক পরিবর্তন নিয়ে তৈরি প্রতিবেদনটিতে দেখানো হয়েছে, ব্যবসার বয়স বৃদ্ধির সঙ্গে প্রতিষ্ঠান সম্প্রসারণের যে স্বাভাবিক সম্পর্ক থাকার কথা, বাংলাদেশে তা কার্যকর হচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিতে ১৫ থেকে ২৪ বছর বয়সী একটি ব্যবসাপ্রতিষ্ঠান পাঁচ বছর বা তার কম বয়সী প্রতিষ্ঠানের তুলনায় গড়ে দ্বিগুণের বেশি বড়। প্রতিবেশী নেপালেও পুরোনো প্রতিষ্ঠানগুলো নতুন প্রতিষ্ঠানের প্রায় দেড় গুণ বড়। কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠানের বয়স বাড়লেও কর্মীসংখ্যা ও ব্যবসার পরিধিতে একই ধরনের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না।

এই চিত্রের অর্থ, বাংলাদেশে ব্যবসা শুরু করার পর তা টিকিয়ে রাখা সম্ভব হলেও বড় করার পথে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা রয়েছে। একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান মাঝারি এবং পরে বড় শিল্পে পরিণত হতে না পারলে নতুন বিনিয়োগ, উৎপাদনশীলতা ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সীমিত হয়ে পড়ে।

বিশ্বব্যাংকের হিসাবে, ৮২টি উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির আনুষ্ঠানিক ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মসংস্থান বৃদ্ধির গড় বার্ষিক হার ৫ দশমিক ৪ শতাংশ। বিপরীতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশের গড় মাত্র ২ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ তুলনীয় অর্থনীতির অর্ধেক গতিতে কর্মসংস্থান বাড়াচ্ছে এ অঞ্চলের আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। প্রতিবেদনের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কর্মসংস্থান সম্প্রসারণের সক্ষমতা দুর্বল। বিশেষ করে ২০ জনের কম কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠান এবং ২০ থেকে ৯৯ জন কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের অনেকগুলোতে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে।

সাধারণত অর্থনীতির সবচেয়ে উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোই দ্রুত সম্প্রসারিত হয় এবং নতুন কর্মসংস্থানের বড় উৎস হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশে উচ্চ উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সেই গতিশীলতা পর্যাপ্ত নয়। ফলে ব্যবসায়িক দক্ষতা বা উৎপাদনশীলতার সুবিধা নতুন কর্মসংস্থানে প্রত্যাশিত মাত্রায় রূপ নিচ্ছে না।

ব্যবসাপ্রতিষ্ঠান বড় হওয়ার পথে বিদ্যুৎ ও অবকাঠামোগত দুর্বলতা, আমলাতান্ত্রিক জটিলতা, অর্থায়নের সীমাবদ্ধতা এবং কর্মীদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ঘাটতিকে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক।

প্রথমত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ কঠিন হয়ে পড়ে। এতে নতুন ক্রয়াদেশ গ্রহণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তও বাধাগ্রস্ত হয়।

বিশ্বব্যাংকের বিশ্লেষণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিদ্যুৎ বিভ্রাটকে ব্যবসা সম্প্রসারণের বড় বাধা হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে মাঝারি আকারের এবং বেশি উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিদ্যুতের অনিশ্চয়তার প্রভাব গুরুত্বপূর্ণ। কারণ এসব প্রতিষ্ঠানের উৎপাদনব্যবস্থা সচল রাখতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অপরিহার্য।

দ্বিতীয়ত, আমদানি ও কাস্টমস কার্যক্রমের দীর্ঘসূত্রতা ব্যবসার সম্প্রসারণে বাধা তৈরি করছে। বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের আমদানিকৃত পণ্য ছাড় করতে তুলনীয় অর্থনীতির তুলনায় বেশি সময় লাগে। উচ্চ উৎপাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কাস্টমস বিলম্ব উল্লেখযোগ্য।

শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি সময়মতো ছাড় না হলে উৎপাদন পরিকল্পনা ব্যাহত হয়। একই সঙ্গে বাড়ে মজুত ও পরিচালন ব্যয়। বড় প্রতিষ্ঠানে রূপ নেওয়ার জন্য যে নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা প্রয়োজন, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া তা দুর্বল করে দেয়।

তৃতীয়ত, অর্থায়নের সুযোগে বড় ও ছোট প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য রয়েছে। দক্ষিণ এশিয়ায় বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্ধেকের বেশি আনুষ্ঠানিক ঋণ সুবিধা পেলেও ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের মাত্র এক-তৃতীয়াংশ এ ধরনের অর্থায়ন পায়। ফলে উৎপাদন সক্ষমতা বাড়ানো, নতুন প্রযুক্তি কেনা কিংবা অতিরিক্ত কর্মী নিয়োগের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে অনেক উদ্যোক্তাকে সমস্যায় পড়তে হয়।

নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এই সংকট আরও প্রকট। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নারী পরিচালিত আনুষ্ঠানিক ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের গড় ঋণের পরিমাণ পুরুষ পরিচালিত প্রতিষ্ঠানের অর্ধেকেরও কম। অর্থায়নের এই ব্যবধান নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগও সীমিত করছে।

চতুর্থত, কর্মীদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত উদ্ভাবনে পিছিয়ে রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে প্রায় তিন-চতুর্থাংশ প্রতিষ্ঠানে কর্মীদের আনুষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন পণ্য উদ্ভাবন কিংবা উৎপাদনপ্রক্রিয়া আধুনিকায়নের উদ্যোগও পর্যাপ্ত নয়।

দক্ষ কর্মী ও উন্নত প্রযুক্তির অভাবে একই পরিমাণ মূলধন ও শ্রম ব্যবহার করেও বেশি উৎপাদন অর্জন করা কঠিন হয়। ফলে ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতা কমে এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ সংকুচিত হয়।

আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের এই দুর্বল প্রবৃদ্ধির আরেকটি প্রভাব পড়ছে অনানুষ্ঠানিক ব্যবসা ও আত্মকর্মসংস্থানে। পর্যাপ্ত বেতনের চাকরি না পেয়ে অনেকে ক্ষুদ্র ব্যবসা শুরু করছেন। কিন্তু এসব উদ্যোগের বড় অংশই সীমিত মূলধন ও কম উৎপাদনশীলতার মধ্যে আটকে থাকছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশে অনানুষ্ঠানিক ব্যবসার একটি উল্লেখযোগ্য অংশ বিকল্প আয়ের সুযোগের অভাবে গড়ে ওঠার তথ্য রয়েছে। অর্থাৎ এসব উদ্যোগের সবই নতুন বাজার সৃষ্টি বা ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা থেকে শুরু হচ্ছে না; অনেক ক্ষেত্রে জীবিকা নির্বাহের প্রয়োজনই উদ্যোক্তা হওয়ার প্রধান কারণ।

এ ধরনের ব্যবসা সাধারণত স্বল্পসংখ্যক কর্মী কিংবা পরিবারের সদস্যদের নিয়ে পরিচালিত হয়। ব্যাংকঋণ, প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার সুযোগ সীমিত থাকায় সেগুলোর বড় প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সম্ভাবনাও কমে যায়। ফলে অর্থনীতিতে ক্ষুদ্র উদ্যোগের সংখ্যা বাড়লেও মানসম্মত চাকরির সংখ্যা একই অনুপাতে বাড়ে না।

বিশ্বব্যাংকের বিশ্লেষণে এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসার পরিচালন ব্যয় কমানো, আমদানি ও কাস্টমস কার্যক্রম সহজ করা, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি কর্মীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের মডেলভিত্তিক হিসাবে, ব্যবসাপ্রতিষ্ঠানের সম্প্রসারণের প্রতিবন্ধকতা কমাতে কার্যকর সংস্কার নেওয়া গেলে বার্ষিক কর্মসংস্থান বৃদ্ধির হারে অতিরিক্ত শূন্য দশমিক ২ থেকে শূন্য দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট যোগ হতে পারে।

বাংলাদেশের জন্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আগামী দুই দশকে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত বৃদ্ধির সুবিধা কাজে লাগানোর সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসবে। এই সময়ের মধ্যে উৎপাদনশীল ও আনুষ্ঠানিক কর্মসংস্থান বাড়াতে না পারলে জনসংখ্যাগত সুবিধার বড় অংশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রূপান্তর করা কঠিন হবে।

বিশ্বব্যাংকের গবেষণা থেকে তাই একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে—বাংলাদেশে নতুন ব্যবসা তৈরি হলেও পুরোনো ব্যবসা বড় হচ্ছে না কেন? এর উত্তর শুধু উদ্যোক্তাদের দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়; বিদ্যুৎ, অর্থায়ন, প্রশাসনিক প্রক্রিয়া ও প্রযুক্তিগত সক্ষমতার মতো ব্যবসার সামগ্রিক পরিবেশের মধ্যেও নিহিত।

প্রতিষ্ঠানের বয়স বাড়ার সঙ্গে কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি না হলে অর্থনীতিতে ক্ষুদ্র ব্যবসার আধিক্য বজায় থাকবে, কিন্তু বড় শিল্প ও মানসম্মত চাকরির ঘাটতি কাটবে না। ফলে বাংলাদেশের সামনে এখন মূল চ্যালেঞ্জ শুধু নতুন উদ্যোক্তা সৃষ্টি নয়, বিদ্যমান উদ্যোক্তাদের বড় হওয়ার পথও উন্মুক্ত করা।