প্রতীকী ছবি (এআই দ্বারা তৈরী)
ধনী হওয়ার আগেই বুড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরই দেশ প্রবীণ সমাজে প্রবেশ করবে। আর ২০৪৫ সালে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কমতে শুরু করবে। অথচ বিপুলসংখ্যক মানুষের জন্য মানসম্মত চাকরি, পর্যাপ্ত পেনশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রস্তুতি এখনো দুর্বল। ফলে জনসংখ্যার যে সুবিধা এত দিন অর্থনীতিকে এগিয়ে নিয়েছে, সেটিই ভবিষ্যতে বড় আর্থিক চাপে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট-এ বাংলাদেশের এই জনমিতিক পরিবর্তনের চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষম মানুষের অনুপাত বৃদ্ধির সুফল কাজে লাগানোর পাশাপাশি এখনই প্রবীণদের স্বাস্থ্যসেবা, আয়নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। অন্যথায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের আগেই বয়স্ক জনগোষ্ঠীর বাড়তি ব্যয় সামলাতে হবে বাংলাদেশকে।
বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৭ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার ৭ শতাংশের বয়স হবে ৬৫ বছর বা তার বেশি। আন্তর্জাতিকভাবে এ পর্যায়কে প্রবীণ সমাজে প্রবেশ হিসেবে বিবেচনা করা হয়। মাত্র ২৪ বছরের ব্যবধানে, অর্থাৎ ২০৫১ সালে এই বয়সী মানুষের অনুপাত বেড়ে ১৪ শতাংশে পৌঁছাবে। তখন প্রতি সাতজন মানুষের প্রায় একজন হবেন প্রবীণ।
অন্যদিকে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে ২০৪৫ সালে। এর অর্থ, প্রবীণ জনগোষ্ঠী বাড়ার চাপ শুরু হবে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত সর্বোচ্চ হওয়ার প্রায় ১৮ বছর আগেই। অর্থাৎ কর্মসংস্থান বাড়িয়ে অর্থনৈতিক সক্ষমতা তৈরির পাশাপাশি বাংলাদেশকে একই সময়ে প্রবীণদের জন্য ব্যয়বহুল সামাজিক সুরক্ষাব্যবস্থাও গড়ে তুলতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বাংলাদেশের জনসংখ্যার ৩ দশমিক ৫ শতাংশ ছিলেন প্রবীণ। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশে। আগামী কয়েক দশকে এই হার আরও দ্রুত বাড়বে।
উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে জনসংখ্যার এই রূপান্তর ঘটছে অনেক কম সময়ে। প্রবীণ সমাজ থেকে অধিক প্রবীণ জনগোষ্ঠীর দেশে পরিণত হতে ফ্রান্সের সময় লেগেছিল ১২৬ বছর এবং যুক্তরাষ্ট্রের ৭২ বছর। বাংলাদেশের হাতে সময় মাত্র ২৪ বছর।
বিশ্বব্যাংকের বিশ্লেষণে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বাংলাদেশকে এই পরিবর্তনের মুখোমুখি হতে হবে তুলনামূলক কম মাথাপিছু আয় নিয়ে। উন্নত দেশগুলোর অনেকেই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পর পেনশন, স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার ব্যবস্থা গড়ে তোলার সুযোগ পেয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে আয় বাড়ানো এবং প্রবীণদের সুরক্ষার জন্য প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ একই সঙ্গে করতে হবে।
এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে শ্রমবাজারে। কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেই অর্থনৈতিক সুফল নিশ্চিত হয় না। তাঁদের উৎপাদনশীল কাজে যুক্ত করা, দক্ষতা বাড়ানো এবং পর্যাপ্ত আয়ের ব্যবস্থা করাই মূল চ্যালেঞ্জ।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় কর্মরত মানুষের প্রায় ৮৮ শতাংশ অনানুষ্ঠানিক খাতে যুক্ত। বাংলাদেশেও এই সমস্যা প্রকট। এমনকি বাংলাদেশ, ভারত ও নেপালে উচ্চশিক্ষিত কর্মীদের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কর্মসংস্থানে রয়েছেন।
অনানুষ্ঠানিক খাতে কর্মরত ব্যক্তিদের বড় অংশ নিয়মিত আয়, চাকরির নিরাপত্তা ও অবসরকালীন সুরক্ষা পান না। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে একই ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও অনানুষ্ঠানিক কর্মীরা আনুষ্ঠানিক খাতের কর্মীদের তুলনায় ৪৫ থেকে ৮৪ শতাংশ পর্যন্ত কম মজুরি পান।
ফলে কর্মজীবনে পর্যাপ্ত সঞ্চয় করতে না পারা বিপুলসংখ্যক মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক অনিশ্চয়তায় পড়তে পারেন। তাঁদের চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় বহনের চাপ তখন পরিবার এবং রাষ্ট্রের ওপর বাড়বে।
কর্মসংস্থান সৃষ্টির গতিও আশাব্যঞ্জক নয়। বিশ্বব্যাংকের তুলনামূলক হিসাবে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশের আনুষ্ঠানিক ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মসংস্থান বৃদ্ধির গড় বার্ষিক হার ২ দশমিক ৭ শতাংশ। বিপরীতে ৮২টি উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির গড় ৫ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ দক্ষিণ এশিয়ার আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো তুলনীয় দেশগুলোর প্রায় অর্ধেক গতিতে কর্মসংস্থান বাড়াচ্ছে।
প্রতিবেদনে ব্যবসা সম্প্রসারণের প্রতিবন্ধকতা হিসেবে অবকাঠামোগত দুর্বলতা, অর্থায়নের সীমাবদ্ধতা, নিয়ন্ত্রক জটিলতা, কর্মীদের প্রশিক্ষণের ঘাটতি এবং উদ্ভাবনে পিছিয়ে থাকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এসব সমস্যা দূর করা না গেলে কর্মক্ষম জনগোষ্ঠীর অবশিষ্ট সুবিধা কাজে লাগানো কঠিন হবে।
প্রবীণ জনগোষ্ঠী বৃদ্ধির আরেকটি বড় ঝুঁকি স্বাস্থ্যসেবা। বয়স বাড়ার সঙ্গে হৃদ্রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের চিকিৎসার প্রয়োজন বাড়বে। কিন্তু বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবাব্যবস্থা এখনো এসব রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পর্যাপ্ত সক্ষমতা অর্জন করতে পারেনি।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও নেপালের এক-তৃতীয়াংশেরও কম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অসংক্রামক রোগের প্রয়োজনীয় সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মাত্র ১ দশমিক ৬ শতাংশে ইনজেকশনের মাধ্যমে দেওয়ার ইনসুলিন পাওয়া গেছে।
চিকিৎসক বণ্টনেও বড় বৈষম্য রয়েছে। দেশের অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করলেও শহরে চিকিৎসকের ঘনত্ব গ্রামের তুলনায় অনেক বেশি। ফলে প্রবীণ জনগোষ্ঠীর চিকিৎসার চাহিদা বাড়লে গ্রামীণ পরিবারগুলো বিশেষভাবে চাপে পড়তে পারে।
বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মানুষ আগের তুলনায় বেশি দিন বাঁচলেও সুস্থ জীবনযাপনের সময় সেই অনুপাতে বাড়ছে না। দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা কমে যাওয়া শুধু পরিবারের চিকিৎসাব্যয়ই বাড়ায় না, শ্রমবাজারে অংশগ্রহণ ও উৎপাদনশীলতাও কমিয়ে দেয়।
এ পরিস্থিতিতে বাংলাদেশের সামাজিক সুরক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিবেদনে দরিদ্র প্রবীণদের জন্য মাসিক ৫০০ টাকা বয়স্ক ভাতার তথ্য উল্লেখ করা হয়েছে। এই অর্থ গ্রামীণ দরিদ্র পরিবারের গড় আয়ের মাত্র ৫ থেকে ৮ শতাংশের সমান। ফলে শুধু এ ধরনের সীমিত ভাতার ওপর নির্ভর করে প্রবীণদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।
২০২৩ সালে বাংলাদেশ সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করলেও অনানুষ্ঠানিক খাতের বিপুল জনগোষ্ঠীকে নিয়মিত অবদানভিত্তিক পেনশনের আওতায় আনা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যয়ও দীর্ঘ মেয়াদে রাজস্ব ব্যবস্থাপনার ওপর চাপ তৈরি করতে পারে।
বিশ্বব্যাংকের হিসাবে, দক্ষিণ এশিয়ায় কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ১৭ শতাংশ সরকারনির্ধারিত অবদানভিত্তিক পেনশন ব্যবস্থায় নিয়মিত অর্থ জমা দেন। প্রবীণদের মধ্যে কোনো না কোনো পেনশন সুবিধা পান মাত্র ১০ শতাংশ। বাংলাদেশের মতো অনানুষ্ঠানিক কর্মসংস্থাননির্ভর অর্থনীতির জন্য এই ঘাটতি ভবিষ্যতে আরও বড় সমস্যা হয়ে উঠতে পারে।
তবে প্রতিবেদনে বাংলাদেশের জন্য অর্থনৈতিক সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে। শিক্ষা, শিশুপুষ্টি, স্বাস্থ্যসেবা ও নারী কর্মসংস্থানে কার্যকর সংস্কার করা গেলে জনমিতিক পরিবর্তনের নেতিবাচক প্রভাব অনেকটাই সামাল দেওয়া সম্ভব।
বিশ্বব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি মডেল অনুযায়ী, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শ্রমশক্তির অংশগ্রহণে মধ্যম মাত্রার সংস্কার বাস্তবায়ন করা গেলে ২০৫০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রচলিত ধারার তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি হতে পারে। আরও উচ্চাভিলাষী সংস্কারে, বিশেষ করে শ্রমবাজারে নারী ও পুরুষের অংশগ্রহণের ব্যবধান পুরোপুরি দূর করা গেলে এই বৃদ্ধি ১৩ শতাংশ পর্যন্ত হতে পারে।
অর্থাৎ জনসংখ্যার বয়স বাড়া অনিবার্য হলেও এর অর্থনৈতিক পরিণতি অনেকাংশে নির্ভর করবে এখনকার নীতিগত সিদ্ধান্তের ওপর। নারীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উৎপাদনশীল চাকরি বাড়ানো গেলে কম কর্মক্ষম মানুষের অনুপাত নিয়েও অর্থনীতির সক্ষমতা ধরে রাখার সুযোগ রয়েছে।
বিশ্বব্যাংক এ জন্য চারটি ক্ষেত্রে সমন্বিত সংস্কারের পরামর্শ দিয়েছে। এগুলো হলো কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রবীণবান্ধব স্বাস্থ্য ও পেনশন ব্যবস্থা গড়ে তোলা, বয়স্ক ব্যক্তিদের দীর্ঘদিন কর্মক্ষম রাখার সুযোগ সৃষ্টি এবং শিক্ষা, অভিবাসন ও রাজস্ব সক্ষমতা শক্তিশালী করা।
বিশেষ করে প্রবীণদের জন্য প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা, পুনঃপ্রশিক্ষণ এবং অবসরকালীন আয়ের নিশ্চয়তা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসার পরিবেশ উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন এবং নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ রয়েছে।
বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। ২০৪৫ সালে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত সর্বোচ্চ হওয়ার অপেক্ষা করলে চলবে না। কারণ তার অনেক আগেই প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, পেনশন ও সামাজিক সুরক্ষার ব্যয় বাড়তে শুরু করবে।
বিশ্বব্যাংকের এই প্রতিবেদন তাই শুধু জনসংখ্যা বৃদ্ধির গতি কমে আসার পূর্বাভাস নয়; এটি বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারকদের জন্য একটি সতর্কবার্তাও। আগামী দুই দশকে কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও আয় বাড়ানোর সুযোগ কাজে লাগাতে না পারলে ধনী হওয়ার আগেই প্রবীণ জনগোষ্ঠীর চাপ সামলানোর কঠিন বাস্তবতার মুখে পড়তে হবে দেশকে।











