ঢাকা,  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

জলবায়ু অর্থায়নের ৯২ শতাংশই ঋণ, কয়লা-গ্যাসেও যাচ্ছে অর্থ

জ্বালানি খাতে প্রতি ১ ডলার অনুদানের বিপরীতে প্রায় ১২ ডলার ঋণ; অর্থায়নের ধরন না বদলালে ২০৪০ সালে নবায়নযোগ্য জ্বালানিতেই মাথাপিছু ঋণ ১০৫ ডলারে পৌঁছানোর আশঙ্কা

দেশ ও প্রবৃদ্ধি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮,৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:০৬,৪ নভেম্বর ২০২৬

জলবায়ু অর্থায়নের ৯২ শতাংশই ঋণ, কয়লা-গ্যাসেও যাচ্ছে অর্থ

ছবি: ডিএসজে

জলবায়ু পরিবর্তনের জন্য দায় সামান্য, অথচ সেই সংকট মোকাবিলার অর্থও বাংলাদেশকে নিতে হচ্ছে ঋণ করে। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের নামে জ্বালানি খাতে আসা অর্থের ৯২ শতাংশই ঋণ। আরও উদ্বেগের বিষয়, জলবায়ু অর্থায়ন হিসেবে চিহ্নিত অর্থের একটি অংশ ব্যবহার হয়েছে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে। ফলে জলবায়ু ঝুঁকি মোকাবিলার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও ঋণের বোঝা—দুই চাপই বহন করতে হচ্ছে বাংলাদেশকে।

নীতি গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের ক্লাইমেট ডেট রিস্ক ইনডেক্স ২০২৫ এবং জ্বালানি অর্থায়নবিষয়ক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু অর্থায়নে অনুদানের পরিবর্তে ঋণের প্রাধান্য দেশের দীর্ঘমেয়াদি আর্থিক ঝুঁকি বাড়াচ্ছে।

গবেষণার হিসাবে, বাংলাদেশের জ্বালানি খাতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রতি ১ ডলার অনুদানের বিপরীতে প্রায় ১১ দশমিক ৯৯ ডলার ঋণ এসেছে। সব খাত মিলিয়ে এই অনুপাত ১ ডলার অনুদানের বিপরীতে ২ দশমিক ৭ ডলার ঋণ। অর্থাৎ সামগ্রিক জলবায়ু অর্থায়নের তুলনায় জ্বালানি খাতে ঋণনির্ভরতা অনেক বেশি।

২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি খাতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন হিসেবে ২৫৪ কোটি ডলার আসার তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। এর ৯২ শতাংশ ঋণ এবং মাত্র ৮ শতাংশ অনুদান। ফলে জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা এলেও তার বড় অংশ ভবিষ্যতে সুদসহ পরিশোধের দায় তৈরি করছে।

গবেষণায় আরও বলা হয়েছে, এই অর্থায়নের উল্লেখযোগ্য অংশ জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করা হয়েছে। মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও ভেড়ামারা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্পের অর্থায়নকে এর উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

গবেষণার তথ্য অনুযায়ী, কয়লা ও গ্যাসভিত্তিক প্রকল্পে প্রায় ৮৮ কোটি ডলার অর্থায়ন হয়েছে। এসব প্রকল্পে প্রতি ১ ডলার অনুদানের বিপরীতে ঋণ এসেছে ২৮ দশমিক ৮ ডলার। বিপরীতে জীবাশ্ম জ্বালানির বাইরের প্রকল্পগুলোতে ১৬৬ কোটি ডলার অর্থায়নের ৯০ শতাংশ ছিল ঋণ এবং ১০ শতাংশ অনুদান। এসব প্রকল্পে ঋণ-অনুদানের অনুপাত ৯:১।

এখানেই আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন গবেষকেরা। জলবায়ু অর্থায়নের মূল উদ্দেশ্য হওয়ার কথা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কম কার্বন নিঃসরণকারী অর্থনীতিতে উত্তরণ। কিন্তু সেই অর্থায়নের আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প অন্তর্ভুক্ত হলে অর্থায়নের প্রকৃত পরিবেশগত সুফল নিয়েও প্রশ্ন তৈরি হয়।

বাংলাদেশের ঋণঝুঁকির চিত্র তুলে ধরে গবেষণায় বলা হয়েছে, প্রতি টন কার্বন নিঃসরণের বিপরীতে দেশের জলবায়ু ঋণের পরিমাণ ২৯ দশমিক ৫২ ডলার। অন্যান্য স্বল্পোন্নত দেশের গড় মাত্র শূন্য দশমিক ৭ ডলার। সেই হিসাবে বাংলাদেশের ঋণের চাপ প্রায় ৪২ গুণ। ২০২৪ সালে সব খাত মিলিয়ে প্রতিটি নাগরিকের বিপরীতে জলবায়ু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৬ ডলার।

এই ঋণনির্ভরতা শুধু অতীতের প্রকল্পে সীমাবদ্ধ নেই। নবায়নযোগ্য জ্বালানি খাতেও একই অর্থায়ন কাঠামো অব্যাহত থাকলে আগামী দেড় দশকে ঋণের চাপ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা।

২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের ৯০ দশমিক ৪ শতাংশ ছিল ঋণ। অনুদানের অংশ মাত্র ৭ শতাংশ এবং মেজানাইন অর্থায়ন ২ দশমিক ৬ শতাংশ। এ সময়ে ঋণের পরিমাণ ছিল ১৬০ কোটি ডলার, বিপরীতে অনুদান এসেছে ২২ কোটি ডলার।

২০১০ সালে নবায়নযোগ্য জ্বালানি খাতে মাথাপিছু সরকারি ঋণ ছিল শূন্য দশমিক ৭ ডলার। ২০২৫ সালে তা বেড়ে ৯ দশমিক ১ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ ১৫ বছরে মাথাপিছু ঋণ বেড়েছে ১৩ গুণ।

গবেষণার পূর্বাভাস অনুযায়ী, বিদ্যমান ঋণনির্ভর অর্থায়ন ব্যবস্থা অব্যাহত থাকলে ২০৪০ সালে শুধু নবায়নযোগ্য জ্বালানি খাতেই মাথাপিছু ঋণ ১০৫ ডলারে পৌঁছাতে পারে। ওই সময় এ খাতে বার্ষিক ঋণ পরিশোধের দায় দাঁড়াতে পারে ৯১ কোটি ডলার। অথচ বিকল্প অর্থায়ন কাঠামো গ্রহণ করা গেলে মাথাপিছু ঋণ ২৪ ডলারে নামিয়ে আনা সম্ভব বলে গবেষণায় দাবি করা হয়েছে। এতে ঋণের চাপ কমতে পারে প্রায় ৭৭ শতাংশ।

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বৈশ্বিক চিত্রও বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। গবেষণায় উদ্ধৃত ওইসিডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উন্নত দেশগুলোর সরকারি জলবায়ু অর্থায়নের পরিমাণ ছিল ১৩ হাজার ৬৭০ কোটি ডলার। তবে এই অর্থায়নের বড় অংশই ঋণনির্ভর। অন্যদিকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের হিসাবে প্রকৃত জলবায়ু সহায়তার মূল্য ৩ হাজার ৩০০ কোটি থেকে ৪ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে।

গবেষকদের যুক্তি, ঋণকে অনুদানের সমপর্যায়ের সহায়তা হিসেবে উপস্থাপন করলে জলবায়ু অর্থায়নের প্রকৃত সুবিধা সম্পর্কে বিভ্রান্তি তৈরি হয়। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে ঋণের অর্থে প্রকল্প বাস্তবায়নের অর্থ হলো, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকেই ভবিষ্যতে সেই অর্থ পরিশোধের দায় বহন করতে হবে।

গবেষণায় বাংলাদেশের জ্বালানি খাতে ঋণের চাপ বাড়ার পেছনে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর অর্থায়ন কাঠামোর সীমাবদ্ধতাও তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) শ্রেণিবিন্যাসে বাংলাদেশ একটি ‘ব্লেন্ড’ ঋণগ্রহীতা দেশ। ফলে জলবায়ু ঝুঁকি বেশি হলেও অনুদানের পরিবর্তে মূলত ঋণ পাচ্ছে বাংলাদেশ।

আইডিএর সংশ্লিষ্ট ঋণে অনুদান উপাদান ২৬ দশমিক ২ শতাংশ, এশীয় উন্নয়ন ব্যাংকের ছাড়কৃত ঋণে ৩১ শতাংশ এবং বাজারভিত্তিক ঋণে মাত্র ৩ দশমিক ৫ শতাংশ বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। অনুদান উপাদান বলতে ঋণের সুদ, মেয়াদ ও পরিশোধের শর্তের কারণে ঋণগ্রহীতা যে আর্থিক সুবিধা পায়, তার মূল্য বোঝায়; এটি সরাসরি নগদ অনুদান নয়।

গবেষণা অনুযায়ী, পাঁচটি প্রধান বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে বছরে প্রায় ৬৩০ কোটি ডলার ঋণ দেয়। অথচ ২০২৪ থেকে ২০২৬ সালের তথ্য অনুযায়ী, এর মাত্র ৪ দশমিক ৩ শতাংশ বা বছরে প্রায় ২৭ কোটি ডলার নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ হয়েছে।

অন্যদিকে ২০২৬ সালে জ্বালানি ও সার আমদানির জন্য ৩৬৫ কোটি ডলারের ঋণ ও গ্যারান্টি সুবিধা দেওয়ার তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ৩৩০ কোটি ডলারের আমদানি অর্থায়ন এবং বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলারের এলএনজি আমদানি গ্যারান্টি রয়েছে।

গবেষকদের হিসাব অনুযায়ী, এই ৩৬৫ কোটি ডলার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা গেলে ২০২৬-২০৩০ মেয়াদের পরিকল্পনার প্রথম পর্যায়ের লক্ষ্যমাত্রার প্রায় ৬৯ শতাংশ, অর্থাৎ ৪ হাজার ২৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলা সম্ভব হতো। তবে আমদানি অর্থায়ন ও গ্যারান্টির অর্থ সরাসরি প্রকল্প বিনিয়োগে স্থানান্তরযোগ্য নয়; গবেষণাটি মূলত অর্থায়নের অগ্রাধিকারের পার্থক্য তুলে ধরেছে।

আন্তর্জাতিক অর্থায়নের পাশাপাশি দেশীয় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের ব্যবস্থাপনাগত দুর্বলতাও গবেষণায় উঠে এসেছে। এর একটি উদাহরণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সোলার হোম সিস্টেম কর্মসূচি।

এই কর্মসূচির মাধ্যমে ৪১ লাখ ৩০ হাজার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছিল। কিন্তু জাতীয় গ্রিডের অপরিকল্পিত সম্প্রসারণ ও সরকারি বিদ্যুৎ বিতরণব্যবস্থার পরিবর্তনের কারণে প্রকল্পটির বাজার ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও অংশীদার সংস্থাগুলোর প্রায় ৮৫০ কোটি টাকা অনাদায়ি থেকে যায় বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

আরেকটি উদাহরণ বেক্সিমকো গ্রিন সুকুক। তিস্তা ও করতোয়া সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য ২০২১ সালে তিন হাজার কোটি টাকার সবুজ সুকুক ইস্যু করা হয়। গবেষণায় দাবি করা হয়েছে, প্রকল্পের জমি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়নি এবং ২০২৬ সালের ডিসেম্বরে মেয়াদপূর্তির আগে সুকুকের মূলধনের ৯৪ শতাংশ বকেয়া রয়েছে। এ অবস্থায় মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের কথাও তুলে ধরা হয়েছে।

গবেষকদের মতে, এসব অভিজ্ঞতা দেখিয়েছে যে শুধু অর্থের সংস্থান করলেই নবায়নযোগ্য জ্বালানির সফল রূপান্তর নিশ্চিত হয় না। প্রকল্প নির্বাচন, নীতির ধারাবাহিকতা, অর্থের ব্যবহার ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর তদারকিও প্রয়োজন।

ঋণনির্ভরতার বিকল্প হিসেবে গবেষণায় ‘রিনিউয়েবল এনার্জি সভরেন্টি ফ্যাসিলিটি’ (আরইএসএফ) নামে একটি জাতীয় অর্থায়ন কাঠামো গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষক এম জাকির হোসেন খান ও এম মোফাজ্জল হোসেন বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের (বিসিডিপি) আওতায় এই কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছেন।

প্রস্তাবিত তহবিলের আকার ৭৬৯ কোটি ডলার। এর মাধ্যমে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৭ হাজার ৪৪৯ মেগাওয়াট নতুন নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই সক্ষমতার মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ৪ হাজার ১৭১ মেগাওয়াট, সৌর সেচ ১ হাজার ১৯২ মেগাওয়াট, ভাসমান সৌরবিদ্যুৎ ৫৯৬ মেগাওয়াট এবং গ্রিডবহির্ভূত বিদ্যুৎ ১ হাজার ৪৯০ মেগাওয়াট।

প্রস্তাবিত কাঠামোয় তিন ধরনের অর্থায়ন সুবিধা থাকবে। প্রথম অংশে ১১৫ কোটি ডলার বা মোট তহবিলের ১৫ শতাংশ অনুদানভিত্তিক অর্থায়ন রাখা হবে। আন্তর্জাতিক জলবায়ু তহবিল, কার্বন পেমেন্ট এবং বিদ্যুতের বিদ্যমান ভর্তুকির একটি অংশ থেকে এই অর্থ সংগ্রহের প্রস্তাব রয়েছে।

দ্বিতীয় অংশে ১৫৪ কোটি ডলারের ঝুঁকি ভাগাভাগি সুবিধা রাখা হবে। উন্নয়ন ব্যাংকগুলোর গ্যারান্টির মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলোকে ৩০৮ কোটি ডলার পর্যন্ত ঋণ দিতে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে। তৃতীয় অংশে ৭৭ কোটি ডলার সরকারি ঋণ হিসেবে রাখা হবে, যা গ্রিড সংযোগ ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থার মতো অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে।

গবেষণায় বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা ও প্রস্তাবিত মডেলের তুলনায় বলা হয়েছে, ২০২৬-২০৩০ মেয়াদে নতুন সার্বভৌম ঋণ ৪৬১ কোটি ডলার থেকে কমে ৭৭ কোটি ডলারে নামানো সম্ভব। অর্থাৎ সরকারি ঋণ গ্রহণের প্রয়োজন কমবে প্রায় ৩৮৪ কোটি ডলার।

একই সঙ্গে প্রতি ১ ডলার বিনিয়োগে সরকারি ঋণের পরিমাণ ৬০ সেন্ট থেকে ১০ সেন্টে নেমে আসতে পারে। সরকারের সুদ ব্যয় ২৫৩ কোটি ডলার থেকে কমে ৪২ কোটি ডলারে দাঁড়ানোর সম্ভাবনা দেখানো হয়েছে। এতে সম্ভাব্য সুদ সাশ্রয় হবে ২১১ কোটি ডলার।

গবেষকদের হিসাবে, নতুন কাঠামো বাস্তবায়িত হলে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের প্রতি ১ ডলার অর্থায়নের বিপরীতে বেসরকারি মূলধন আকর্ষণ ৫৫ সেন্ট থেকে বেড়ে আড়াই ডলারে উন্নীত হতে পারে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বছরে ১১০ কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

এ লক্ষ্য অর্জনে ২০২৭ সালের মধ্যে আরইএসএফ প্রতিষ্ঠা, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সরাসরি সরকারি ঋণের অংশ ১০ থেকে ১৫ শতাংশে সীমিত রাখা এবং ঋণের দীর্ঘমেয়াদি দায় মূল্যায়নে পৃথক নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে ২০২৭-২৮ অর্থবছর থেকে বিদ্যুৎ ও এলএনজি ভর্তুকির অন্তত ৫ শতাংশ, অর্থাৎ বছরে প্রায় ১৯ কোটি ডলার, প্রস্তাবিত তহবিলের অনুদান অংশে স্থানান্তরের কথা বলা হয়েছে। বিদ্যুৎ ক্রয়ের বকেয়া পরিশোধে সুরক্ষিত অর্থপ্রদান ব্যবস্থা চালু এবং স্থানীয় ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন সম্প্রসারণের সুপারিশও রয়েছে।

বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর ক্ষেত্রে সরাসরি সরকারি ঋণের পরিবর্তে গ্যারান্টি, স্থানীয় মুদ্রায় অর্থায়ন এবং বেসরকারি বিনিয়োগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষকেরা। পাশাপাশি জ্বালানি ও সার আমদানির ঋণকে প্রকৃত জলবায়ু অর্থায়নের হিসাব থেকে আলাদা রাখার সুপারিশ করা হয়েছে।

গবেষণার মূল বার্তা হলো, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় অত্যন্ত কম হলেও সেই সংকট মোকাবিলার অর্থায়নে দেশের ওপর ঋণের দায় ক্রমেই বাড়ছে। ঋণনির্ভর অর্থায়ন অব্যাহত থাকলে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক দায়ও বাড়বে। অন্যদিকে অনুদান, গ্যারান্টি ও বেসরকারি বিনিয়োগনির্ভর কাঠামো গড়ে তোলা গেলে জ্বালানি রূপান্তরের লক্ষ্য অর্জনের সঙ্গে সরকারি ঋণের চাপ কমানোর সুযোগ তৈরি হতে পারে।