ডিএসজে
ঢাকার মেট্রোরেলে যাত্রীদের টিকিট বিক্রি থেকে শত শত কোটি টাকা আসছে। অথচ সেই অর্থ আয় হিসেবে দেখাতে পারছে না পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০২৫ সালের জুন পর্যন্ত টিকিট বিক্রির পুঞ্জীভূত ৬৭৩ কোটি ৭৯ লাখ টাকা আয় হিসেবে স্বীকৃতি না দিয়ে দায়ের খাতায় রাখা হয়েছে। এর কারণ মেট্রোরেলের সম্পদ আনুষ্ঠানিকভাবে কোম্পানির কাছে হস্তান্তর না হওয়া।
ডিএমটিসিএলের ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, টিকিট বিক্রি বাড়লেও সংশ্লিষ্ট আয় ও ব্যয় কোম্পানির হিসাবে পুরোপুরি অন্তর্ভুক্ত হয়নি। একই সঙ্গে প্রকল্পের বৈদেশিক ঋণের সুদও হিসাবের বাইরে রয়েছে। ফলে মেট্রোরেলের প্রকৃত আয়-ব্যয় ও আর্থিক দায়ের পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়।
প্রতিষ্ঠানটির আর্থিক বিবরণী নিরীক্ষা করেছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স। নিরীক্ষক টিকিট বিক্রির অর্থ স্থগিত রাখা, প্রকল্পগুলোর পৃথক নিরীক্ষার অনুপস্থিতি এবং পরিশোধিত মূলধনের ঘাটতির বিষয়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন।
নিরীক্ষিত হিসাব অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে মেট্রোরেলের টিকিট বিক্রি হয়েছে ৪১৭ কোটি ৬৯ লাখ টাকার। আগের অর্থবছরে বিক্রি ছিল ২৪৬ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ এক বছরে টিকিট বিক্রির অর্থ বেড়েছে প্রায় ৬৯ দশমিক ৬০ শতাংশ। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কমিশন বাদ দেওয়ার পর সর্বশেষ অর্থবছরে টিকিট বিক্রির নিট অর্থ দাঁড়িয়েছে ৪১১ কোটি ৬০ লাখ টাকা।
কিন্তু এই ৪১১ কোটি ৬০ লাখ টাকা ডিএমটিসিএলের আয়-বিবরণীতে যুক্ত হয়নি। আগের অর্থবছর পর্যন্ত জমা থাকা ২৬২ কোটি ১৯ লাখ টাকার সঙ্গে নতুন অর্থ যোগ করে মোট ৬৭৩ কোটি ৭৯ লাখ টাকা ‘স্থগিত আয়’ হিসেবে দেখানো হয়েছে। হিসাববিজ্ঞানের নিয়মে এই অর্থ কোম্পানির দায় হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
নিরীক্ষিত আর্থিক বিবরণীতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ প্রকল্পের সম্পদের মূল্য এখনো চূড়ান্ত হয়নি। প্রকল্পের সম্পদ আনুষ্ঠানিকভাবে ডিএমটিসিএলের কাছে হস্তান্তরও করা হয়নি। এ কারণে টিকিট বিক্রির অর্থ কোম্পানির অর্জিত আয় হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। সম্পদ হস্তান্তরের পর প্রযোজ্য করসংক্রান্ত বিষয় বিবেচনায় এই স্থগিত আয় সমন্বয় করার কথা রয়েছে।
এখানেই মেট্রোরেলের আর্থিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে। যাত্রী পরিবহন চলছে, নিয়মিত টিকিট বিক্রি হচ্ছে এবং অর্থও আসছে। অথচ যে অবকাঠামো ব্যবহার করে এই সেবা দেওয়া হচ্ছে, তার সম্পদের মূল্য ও আনুষ্ঠানিক মালিকানা কোম্পানির হিসাবে পুরোপুরি প্রতিফলিত হয়নি।
এই জটিলতা শুধু আয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আর্থিক বিবরণী অনুযায়ী, এমআরটি লাইন-৬ প্রকল্প থেকে সংশ্লিষ্ট বিক্রয় ব্যয়, সম্পদ ও পরিচালন কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য ডিএমটিসিএলের কাছে হস্তান্তর না হওয়ায় টিকিট বিক্রির সঙ্গে সম্পর্কিত ব্যয়ও আয়-বিবরণীতে স্বীকৃত হয়নি।
ফলে কোম্পানির প্রকাশিত আর্থিক বিবরণীতে টিকিটের আয় যেমন নেই, তেমনি ওই আয় অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যয়ও নেই। এই অসম্পূর্ণ হিসাবের ভিত্তিতে মেট্রোরেল পরিচালনা লাভজনক, নাকি লোকসানি—তা নির্ভরযোগ্যভাবে নির্ধারণ করা সম্ভব নয়।
এর সঙ্গে যুক্ত হয়েছে বৈদেশিক ঋণের হিসাবায়ন। আর্থিক বিবরণীতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ প্রকল্পের জাইকা ও অন্যান্য বৈদেশিক ঋণের মূলধন এবং সংশ্লিষ্ট সুদের দায় এখনো ডিএমটিসিএলে হস্তান্তর হয়নি। ফলে এসব ঋণের সুদব্যয়ও কোম্পানির হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।
অর্থাৎ টিকিট বিক্রির আয়, সংশ্লিষ্ট পরিচালন ব্যয় এবং প্রকল্পের অর্থায়ন ব্যয়ের গুরুত্বপূর্ণ অংশ কোম্পানির প্রকাশিত লাভ-লোকসানের হিসাবের বাইরে রয়েছে। এতে মেট্রোরেলের প্রকৃত আর্থিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি ব্যয়ের চিত্র নির্ধারণে সীমাবদ্ধতা তৈরি হয়েছে।
এদিকে ডিএমটিসিএলের নিজস্ব পরিচালন ব্যয় দ্রুত বাড়ছে। ২০২৩–২৪ অর্থবছরে কোম্পানির পরিচালন ব্যয় ছিল ৫২ কোটি ৩১ লাখ টাকা। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ কোটি ১৭ লাখ টাকায়। এক বছরে ব্যয় বেড়েছে প্রায় ৫০ কোটি ৮৬ লাখ টাকা বা ৯৭ দশমিক ২৩ শতাংশ।
সর্বশেষ অর্থবছরে প্রশাসনিক ব্যয় হয়েছে ১০৩ কোটি ৯ লাখ টাকা। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় ৬১ কোটি ৪৬ লাখ টাকা, আগের অর্থবছরে যা ছিল ৩৯ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ এক বছরে বেতন-ভাতার ব্যয় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।
পরিচালন ব্যয় প্রায় দ্বিগুণ হলেও নিট লোকসান একই হারে বাড়েনি। ২০২৪–২৫ অর্থবছরে ডিএমটিসিএলের নিট লোকসান হয়েছে ৩২ কোটি ৩৬ লাখ টাকা। আগের অর্থবছরে লোকসান ছিল ২৯ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ এক বছরে লোকসান বেড়েছে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা বা ৯ দশমিক ৮৩ শতাংশ।
লোকসান তুলনামূলক কম বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে পরিচালনবহির্ভূত আয়। সর্বশেষ অর্থবছরে এ খাত থেকে কোম্পানির আয় হয়েছে ৭৮ কোটি ১৯ লাখ টাকা, আগের অর্থবছরে যা ছিল ২৯ কোটি ১১ লাখ টাকা। ব্যাংক আমানত ও এফডিআরের সুদ, ট্রেজারি বন্ড ও বিলের সুদ এবং বিজ্ঞাপন ও অন্যান্য উৎস থেকে এই আয় এসেছে।
অর্থাৎ টিকিট বিক্রির অর্থ আয় হিসেবে স্বীকৃত না হলেও আর্থিক বিনিয়োগ ও অন্যান্য উৎসের আয় কোম্পানির লোকসান কম রাখতে সহায়তা করেছে। তবে প্রকল্পের পূর্ণাঙ্গ পরিচালন ব্যয় ও ঋণের সুদ হিসাবভুক্ত না হওয়ায় প্রকাশিত ৩২ কোটি ৩৬ লাখ টাকার লোকসানকে পুরো মেট্রোরেল ব্যবস্থার প্রকৃত লোকসান বলা যাবে না।
নিরীক্ষকের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রকল্পগুলোর আর্থিক জবাবদিহি নিয়ে। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪–২৫ অর্থবছরে ডিএমটিসিএলের চলমান পাঁচটি প্রকল্পের পৃথক নিরীক্ষা প্রতিবেদন নেই। একই সঙ্গে কোম্পানি সমন্বিত আর্থিক বিবরণীও প্রস্তুত করেনি।
কোম্পানির মূলধন কাঠামোতেও বড় ঘাটতি রয়েছে। নির্ধারিত ৫০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের বিপরীতে শেয়ারহোল্ডারদের কাছ থেকে পাওয়া গেছে মাত্র ৪০ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪৬০ কোটি টাকা।
বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ডিএমটিসিএলের মোট সম্পদ ছিল প্রায় ৭৯৮ কোটি ১৩ লাখ টাকা। বিপরীতে মোট দায় ৮৬১ কোটি ৫৯ লাখ টাকা। ফলে কোম্পানির ইকুইটি ঋণাত্মক ৬৩ কোটি ৪৬ লাখ টাকা। আগের অর্থবছরে ঋণাত্মক ইকুইটি ছিল ৩১ কোটি ১০ লাখ টাকা।
তবে মোট দায়ের বড় অংশই টিকিট বিক্রির স্থগিত আয়। তাই এই দায়কে পুরোপুরি ব্যাংকঋণ বা তাৎক্ষণিক পরিশোধযোগ্য অর্থ হিসেবে বিবেচনা করা যাবে না। একইভাবে কোম্পানির হিসাবে দেখানো মোট সম্পদও পুরো মেট্রোরেল ব্যবস্থার অবকাঠামোগত সম্পদের মূল্য নয়। কারণ প্রকল্পের গুরুত্বপূর্ণ সম্পদ এখনো কোম্পানির হিসাবে হস্তান্তর হয়নি।
মেট্রোরেলের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র জানতে প্রকল্পের সম্পদ ও দায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর, টিকিটের আয় ও সংশ্লিষ্ট ব্যয়ের যথাযথ স্বীকৃতি এবং প্রকল্পভিত্তিক নিরীক্ষা সম্পন্ন করা প্রয়োজন। এসব প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে যাত্রী পরিবহন থেকে কত আয় হচ্ছে, সেই সেবা দিতে প্রকৃত ব্যয় কত এবং দীর্ঘমেয়াদে সরকারি সহায়তার প্রয়োজন কতটা—এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর পাওয়া কঠিন।
ফলে মেট্রোরেলের সামনে এখন শুধু যাত্রীসংখ্যা ও টিকিট বিক্রি বাড়ানোর চ্যালেঞ্জ নয়; বিপুল বিনিয়োগে গড়ে ওঠা পরিবহনব্যবস্থাটির পূর্ণাঙ্গ ও স্বচ্ছ আর্থিক হিসাব নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।











