ছবি- বিআইবিএম
দেশের ব্যাংক খাতে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি হয়েছে। একদিকে দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে ব্যাংকব্যবস্থায় অলস ও উদ্বৃত্ত তারল্য জমেছে ৪ লাখ কোটি টাকার বেশি। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও বিনিয়োগে স্থবিরতার কারণে ব্যাংকগুলোর মধ্যে অর্থের এই অসম বণ্টন অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) একাদশ বার্ষিক ব্যাংকিং সম্মেলনের জন্য প্রস্তুত করা গবেষণাপত্রে এ চিত্র তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বিআইবিএমের সাবেক মুজাফফর আহমদ চেয়ার অধ্যাপক ড. বরকত-ই-খুদা।
‘বাংলাদেশের ব্যাংক খাতের প্রধান সমস্যা: অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে করণীয়’ শীর্ষক গবেষণাপত্র অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৮ হাজার কোটি টাকায়। আগের বছরের তুলনায় তা প্রায় ৩৯ শতাংশ বেশি। অথচ একই সময়ে অন্তত ১৮টি বেসরকারি ব্যাংক তীব্র তারল্যসংকট ও অনিয়মের সমস্যায় পড়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়া এবং ব্যাংকগুলোর নতুন বিনিয়োগে অনীহাকে চিহ্নিত করা হয়েছে। ঋণ বিতরণের সুযোগ সীমিত হওয়ায় ব্যাংকগুলো প্রায় দেড় লাখ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের স্থায়ী আমানত সুবিধায় রেখেছে বলে গবেষণাপত্রে উল্লেখ রয়েছে।
অর্থাৎ ব্যাংকব্যবস্থায় অর্থ থাকলেও তা প্রয়োজন অনুযায়ী উৎপাদনশীল খাতে প্রবাহিত হচ্ছে না। একই সঙ্গে দুর্বল ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় আমানতকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষণায় এই বিপরীতমুখী অবস্থাকে ব্যাংক খাতের একটি বড় কাঠামোগত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তারল্যের এই বৈপরীত্যের পেছনে রয়েছে বিপুল খেলাপি ঋণ। গবেষণাপত্র অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৭ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে, যা মোট বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। রাজনৈতিক প্রভাব, দুর্বল সুশাসন, বারবার ঋণ পুনঃতফসিল এবং ঋণ আদায়ে শিথিলতাকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর বিপুল অর্থ আটকে রয়েছে। ফলে একদিকে নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমছে, অন্যদিকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ ও মূলধন ঘাটতির চাপ বাড়ছে।
জুন শেষে ব্যাংক খাতে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২২ হাজার কোটি টাকায়। গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ছয় মাস আগের তুলনায় এ ঘাটতি প্রায় ১৬ শতাংশ বেড়েছে। বিপুল খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি রাখতে না পারায় ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা ও ঋণ দেওয়ার সক্ষমতা আরও দুর্বল হচ্ছে।
মূলধন পরিস্থিতিও উদ্বেগজনক। গবেষণাপত্র অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত ঋণাত্মক ২ দশমিক ৯০ শতাংশে নেমেছে। অথচ বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ বাফারসহ ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশ মূলধন পর্যাপ্ততা বজায় রাখতে হয়।
গবেষণায় বলা হয়েছে, দেশের অন্তত ২১ থেকে ২৩টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি প্রায় ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে কয়েকটি শরিয়াহভিত্তিক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবস্থা বিশেষভাবে দুর্বল। গবেষণাপত্রে জনতা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের বড় মূলধন ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে।
ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতা ব্যবসায়িক ফলাফল ও রাজস্ব আদায়েও প্রতিফলিত হচ্ছে। গবেষণাপত্রে উদ্ধৃত তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ কর নির্ধারণ বছরে দেশের ৬২টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৪০টি কর বিবরণীতে লোকসান দেখিয়েছে। বাকি ২২টি ব্যাংক মুনাফা দেখিয়েছে। তবে কর বিবরণীতে দেখানো লোকসানকে ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক বিবরণীর নিট লোকসানের সমার্থক হিসেবে বিবেচনা করা যায় না।
ব্যাংক খাতের সংকটের সঙ্গে সামগ্রিক অর্থনীতির সম্পর্কও তুলে ধরা হয়েছে গবেষণায়। বিশ্বব্যাংকের অক্টোবরের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এতে বলা হয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪ শতাংশে নেমেছে। আগের অর্থবছরে তা ছিল ৩ দশমিক ৫ শতাংশ।
বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান দুর্বল হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি এবং আয় কমে যাওয়ার কারণে দারিদ্র্যও বাড়ছে। গবেষণায় বিশ্বব্যাংকের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, গত অর্থবছরে প্রায় ২০ লাখ মানুষ নতুন করে আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে নেমেছে। আরও প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ অর্থনৈতিক বা ব্যক্তিগত বিপর্যয়ের কারণে দারিদ্র্যে পতিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
ড. বরকত-ই-খুদা মনে করেন, ব্যাংক খাতের কাঠামোগত সমস্যা সমাধান ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা কঠিন। এ জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনা পর্ষদ, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা এবং দুর্বল ব্যাংক পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
গবেষণাপত্রে পুরোনো খেলাপি ঋণ ব্যবস্থাপনায় একটি জাতীয় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন, ব্যাংক পুনর্গঠন ও নিষ্পত্তি তহবিল কার্যকর করা এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদারের সুপারিশ রয়েছে। একই সঙ্গে দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একীভূতকরণ এবং আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর। গবেষকের মতে, ব্যাংকে অর্থ অলস ফেলে না রেখে যথাযথ যাচাইয়ের মাধ্যমে নির্ভরযোগ্য উদ্যোক্তা ও উৎপাদনশীল খাতে ঋণ বিতরণ বাড়াতে হবে। তবে বিপুল খেলাপি ঋণ ও দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনার মধ্যে নির্বিচারে ঋণ সম্প্রসারণ নতুন সংকট তৈরি করতে পারে।
গবেষণাপত্রের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের বর্তমান সংকট শুধু অর্থের ঘাটতির নয়; বরং কোথায় অর্থ জমা হচ্ছে, কোথায় আটকে রয়েছে এবং কোন ব্যাংক ঋণ দেওয়ার সক্ষমতা হারাচ্ছে—সেই ভারসাম্যহীনতারও। ফলে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ বাড়লেই ব্যাংক খাত সুস্থ হচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।












