ঢাকা,  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, পাবেন যাঁরা

টাকা-কড়ি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫১,১৫ নভেম্বর ২০২৬

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, পাবেন যাঁরা

ডিএসজে

জামানত ছাড়াই ব্যাংক থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক। এ ঋণের জন্য বার্ষিক সর্বোচ্চ ৯ শতাংশ সুদ দিতে হবে। আবেদন থেকে শুরু করে অর্থ বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটাল মাধ্যমে। এ সুযোগ দিতে ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের আওতা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ৯ নভেম্বর জারি করা এসএমই সার্কুলারের মাধ্যমে স্কিমটির শর্ত ও সুবিধা হালনাগাদ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রান্তিক জনগোষ্ঠী, দুর্গম এলাকায় বসবাসকারী ও প্রচলিত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ। এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষও অগ্রাধিকার পাবেন।

শিক্ষার্থীদের জন্যও রাখা হয়েছে ঋণ গ্রহণের সুযোগ। তবে সব শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবেন না। যাঁদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং স্টুডেন্ট ব্যাংকিং হিসাব রয়েছে, তাঁরা অগ্রাধিকার তালিকায় থাকবেন।

এ স্কিমের আওতায় ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার কোনোভাবেই ৯ শতাংশের বেশি হতে পারবে না। অর্থাৎ কেউ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে পুরো এক বছর ব্যবহার করলে ৯ শতাংশ সরল সুদে তাঁর সুদ হবে ৪ হাজার ৫০০ টাকা। তবে কিস্তিতে ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদ গণনার পদ্ধতি অনুযায়ী প্রকৃত পরিমাণ ভিন্ন হতে পারে।

ঋণ বিতরণের পুরো প্রক্রিয়া হবে ডিজিটাল। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ই-ওয়ালেটের মতো মাধ্যম ব্যবহার করে ঋণের আবেদন এবং অর্থ গ্রহণ করতে পারবেন। দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে।

এ ঋণ বিতরণে ব্যাংকগুলোকেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। অংশগ্রহণকারী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বার্ষিক মাত্র ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন পাবে। অন্যদিকে, গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নিতে পারবে। ফলে ব্যাংকগুলোর জন্য এ স্কিমের আওতায় ঋণ বিতরণের আর্থিক সুযোগ তৈরি হবে।

তবে জামানত না লাগলেও আবেদন করলেই ঋণ পাওয়া নিশ্চিত নয়। সংশ্লিষ্ট ব্যাংকের ঋণ অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রাহকদের অর্থ দেওয়া হবে। বিশেষ করে অগ্রাধিকারপ্রাপ্ত জনগোষ্ঠীর কাছে এ সুবিধা কতটা পৌঁছাবে, তা নির্ভর করবে ব্যাংকগুলোর কার্যকর অংশগ্রহণ ও ঋণ বিতরণ ব্যবস্থার ওপর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য। বিশেষ করে যাঁরা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় সহজে ঋণ পান না, তাঁদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ বাড়াতে এ স্কিম সহায়ক হবে।

একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে ঋণ বিতরণের ফলে মোবাইল অ্যাপসহ বিভিন্ন আর্থিক প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সাধারণ মানুষের ডিজিটাল আর্থিক সেবায় অভ্যস্ততা তৈরি হবে এবং নগদবিহীন লেনদেন সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।