ছবি: ডিএসজে প্রদায়ক
ইতিহাসের কিছু অদ্ভুত পুনরাবৃত্তি থাকে। এটি কেবল অতীতকে মনে করিয়ে দেয় না, বরং রাষ্ট্রের শাসনব্যবস্থার কদর্য প্রতিচ্ছবিকেও নগ্ন করে তোলে।
২০২৩ সালের ২ নভেম্বরের মধ্যরাতে যখন ঢাকার গুলশানের বাসা থেকে তৎকালীন বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য (বর্তমানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী) আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছিল, ঠিক তখনই সদ্যই শেষ হয়েছিল বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক রাজনৈতিক অবরোধ কর্মসূচি।
সেবার ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবরের হরতাল এবং পরবর্তী তিন দিনের টানা অবরোধের মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল দলের তখনকার মহাসচিব (বর্তমানে রাষ্ট্রপতি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির আরেক সিনিয়র নেতা মির্জা আব্বাসকে।
আর সেই রাজনৈতিক উত্তাপের সমান্তরালেই দেশের প্রধান অর্থনৈতিক খাত তৈরি পোশাক শিল্পের রাজপথে জ্বলছিল আগুনের শিখা। জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয়ের মুখে সেবারও পোশাকশ্রমিকেরা ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরির যৌক্তিক দাবি তুলে রাজপথে নেমেছিলেন।
সেই আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন কয়েকজন শ্রমিক, যার বিপরীতে সরকার সাড়ে ১২ হাজার টাকা মজুরি নির্ধারণ করে দেয়। সেই রক্তক্ষয়ী আন্দোলনের আবহেই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিএনপি-জামায়াতের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের আড়ালে রাজনৈতিক নাশকতার অভিযোগ তুলেছিল।
তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি দাবি করেছিলেন, “রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত এখন গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।” তখনকার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই সুরে অভিযোগ করেছিলেন যে, বিরোধীরা শ্রমিকদের কাঁধে বন্দুক রেখে রাজপথে অগ্নিসন্ত্রাসের ইন্ধন জোগাচ্ছে।
কালের আবর্তে আজ ২ নভেম্বর রাজপথের দৃশ্যপট একেবারেই অভিন্ন। শুধু বদলে গেছে ক্ষমতার চেয়ার এবং অভিযুক্তের নাম। আজকের দিনে দাঁড়িয়ে পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকার ন্যূনতম মজুরির যৌক্তিক দাবি আবারও এক তীব্র রাজনৈতিক বলির পাঁঠা হয়েছে। সাভার, আশুলিয়া, গাজীপুর এবং মিরপুরের রাজপথ যখন শ্রমিকদের আর্তনাদে উত্তপ্ত, তখন অন্তর্ঘাত আর নাশকতার জাল বুনেছে পতিত ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ক্যাডার বাহিনী।
গতকাল ১ নভেম্বর দুপুরে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। ফেসবুকে স্বীকারোক্তিমূলক ভিডিও পোস্ট করে আলোচনায় আসা রাজিব চন্দ্র দাসকে ওই রাতেই উত্তরা থেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরবর্তীতে আজ ২ নভেম্বর তাকে আটকের মধ্য দিয়ে নাশকতার থলের বিড়াল উন্মোচিত হয়।
গোয়েন্দা পুলিশের হাতে একে একে ধরা পড়ে আরও অনেকে। তাদের মধ্যে রয়েছেন জাতীয় শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক মো. কামাল গাজী, যুবলীগ কর্মী মো. রমজান সরকার, আওয়ামী লীগ কর্মী ওলিউল্লাহ অনিক ও আলিফ হোসেন ইমনসহ বেশ কয়েকজন কর্মী। অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য—সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লার নেতৃত্বে বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে বহিরাগতদের এনে শ্রমিক মিছিলে মিশিয়ে দেওয়া হয়েছিল। এই ধ্বংসাত্মক তাণ্ডব চালানোর মূল পরিকল্পনাকারী ছিলেন তাঁরাই।
তবে এই পতিত শক্তির নাশকতামূলক অপপ্রয়াসের মোকাবিলায় বর্তমান সরকার ও ক্ষমতাসীন দলের গৃহীত পদক্ষেপগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি সামলাতে গতকাল ১ নভেম্বর সকালে সচিবালয়ে এক জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে তিনি শিল্পকারখানা সচল ও জননিরাপত্তা নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়ে বলেন, “কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সঠিকভাবে পরিচালিত করতে হবে এবং মানুষের জীবন ও সম্পত্তি নিরাপদ রাখতে হবে। সকলকে সজাগ থেকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”
একই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট করে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ অনুযায়ী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এখন আর এটি শ্রমিকদের স্বাভাবিক আন্দোলন নেই। মুখোশধারী কিছু স্বার্থান্বেষী মহল এতে প্রবেশ করেছে। তাদের সেভাবেই বিবেচনা করা হবে।”
আজ ২ নভেম্বর বিকেলে সচিবালয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় গণমাধ্যমকে ব্রিফ করেন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে মুখে মাস্ক পরে সুযোগসন্ধানী ও পতিত ফ্যাসিস্টের সমর্থকেরা আন্দোলনস্থলে অনুপ্রবেশ করে অস্থিতিশীলতা ছড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের অপপ্রচারে কান না দিয়ে অনতিবিলম্বে কারখানায় ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানান এবং গ্রেপ্তারকৃত নিরপরাধ শ্রমিকদের আইনানুগ মুক্তির আশ্বাস দেন।
অন্যদিকে, সরকারের নীতিনির্ধারণী অবস্থান স্পষ্ট করে আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করা পোশাক শিল্পের উন্নয়ন বেগম খালেদা জিয়ার সময়ও অব্যাহত ছিল এবং বর্তমান শ্রমবান্ধব সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পলাতক অপশক্তির সুযোগ নিয়ে শিল্প ধ্বংসের কোনো পাঁয়তারা বরদাশত করা হবে না।
‘হেলমেট বাহিনী’র নতুন সংস্করণ
২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন কিংবা ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে রাজপথে হেলমেট পরিহিত ক্যাডারদের সন্ত্রাসী তাণ্ডব এ দেশের মানুষের স্মৃতিতে এখনো দগদগে। তৎকালীন ক্ষমতাসীন দল যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছন থেকে লাঠিয়াল লেলিয়ে দিয়ে প্রতিবাদী কণ্ঠ দমনে মেতে উঠেছিল, ২০২৬-এ এসেও সেই ভয়ংকর সংস্কৃতির রূপান্তর দেখা যাচ্ছে।
আজ সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক জরুরি ‘বিশেষ আইনশৃঙ্খলা সভায়’ উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু চক্রান্ত প্রতিহত করতে স্থানীয় নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। সভায় এমপি বাবু নিজেই আন্দোলনস্থলে ‘হেলমেট বাহিনী’র অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু এর পরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিএনপির নেতাকর্মীদের শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়।
সাভার থেকে শুরু করে ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বর কিংবা গাজীপুর—সবখানেই পুলিশের পাশাপাশি লাঠিসোটা হাতে রাজপথে ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের এই উপস্থিতি অতীতের কুখ্যাত ‘হেলমেট বাহিনী’ ও দলীয় লাঠিয়াল সংস্কৃতিকেই পুনরুজ্জীবিত করেছে। কালিয়াকৈরে এমপি মো. মজিবুর রহমানের নেতৃত্বে মহাসড়কে বিএনপি কর্মীদের মহড়া যেমন দৃশ্যমান হয়েছে, তেমনি কোনাবাড়ী বিসিক এলাকায় আন্দোলনকারীদের সংঘাতের মুখে পড়ে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রবিউল আলম রবি ও শ্রমিক দল নেতা সাহাবউদ্দিন হিমুসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন, মাথা ফেটে গেছে দুই নেতার।
তৎকালীন আওয়ামী লীগের ক্যাডারদের এভাবে রাজপথ দখলের প্রবণতাই অতীতে স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও সাধারণ মানুষের ওপর বীভৎস আক্রমণের জন্ম দিয়েছিল। আজ বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার যদি আওয়ামী নাশকতার অসিলায় একই কায়দায় দলীয় লাঠিয়াল বলপ্রয়োগের পথ বেছে নেয়, তবে তা রাষ্ট্র সংস্কারের মুখে বড় ধাক্কা।
জামায়াত-আওয়ামী ঐক্য!
রাজনীতির এই উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক ময়দানেও। গত ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, "জনগণ আমাদের সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়ব। আমরা সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব।"
জামায়াত আমিরের লংমার্চের সেই বক্তব্য টেনে মো. রাশেদ খাঁন আজ ২ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কড়া তোপ দাগেন। জামায়াত আমিরের বক্তব্য ঘিরে রাজপথে অস্থিরতা সৃষ্টির দায় তিনি জামায়াতের ওপর চাপান এবং অভিযোগ করেন যে, জামায়াত রাজপথ উত্তপ্ত করার সুযোগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনে মিশে ধ্বংসাত্মক কাজ চালাচ্ছে। একই সাথে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার সাথে এই অস্থিতিশীলতার যোগসূত্র রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পরবর্তীতে আজ ২ নভেম্বর পোশাক শিল্পের অব্যাহত অস্থিরতা নিয়ে ফেসবুকে এক পোস্টে জামায়াত আমির স্পষ্ট করেন, “পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।”
একই দিনে সংবাদমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম শ্রমিকদের পক্ষে দাঁড়িয়ে সরকারের কড়া সমালোচনা করে বলেন, “যে রাষ্ট্র শ্রমিকের মজুরির প্রশ্নে রাজপথে বিজিবি নামায়, সে রাষ্ট্র আসলে কার পক্ষে দাঁড়ায়, তা স্পষ্ট।”
তিনি আরও বলেন, "দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই ৪০ লাখ পোশাক শ্রমিকের ঘাম থেকে। তাদের পরিশ্রমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও মাস শেষে তাদের নিজেদের ঘরেই হাঁড়ি জ্বলে না। এটি আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ন্যায্য ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। শ্রমিকের রক্ত ও ঘামের ওপর দাঁড়িয়ে থাকা অর্থনীতিতে এই বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই।"
উল্টোদিকে, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ আজ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মিরপুরে পুলিশ ও ক্যাডারদের ধাওয়ার মুখে সন্তান কোলে মায়ের পালানোর এক মর্মস্পর্শী ছবি পোস্ট করে লিখেছে, “এই ছবিটা গতকাল মিরপুরের। কোলে স্কুলপড়ুয়া সন্তান নিয়ে প্রাণ বাঁচাতে ছুটছেন এক মা, পেছনে তাড়া করছে পুলিশ। তাঁর অপরাধ কী? ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের সমাবেশের আশেপাশে তাঁকে দেখতে পেয়েছে পুলিশ, তাই! অথচ শ্রমিকদের মজুরির এই ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ জমায়েত সংবিধানের ৩৭ ও ৩৮ অনুচ্ছেদের নিশ্চিত করা অধিকার, কোনো দয়া-দাক্ষিণ্য নয় কারো।”
গণহত্যায় অভিযুক্ত দলটি আরও বলেছে, “যে খাতের ওপর দাঁড়িয়ে আছে দেশের রপ্তানির প্রায় ৮০%, যার কর্মীদের বড় অংশ নারী, সেই খাতের মানুষদের দমনের জন্য অবৈধ, দখলদার বিএনপি সরকার বেছে নিয়েছে লাঠিপেটা। পুলিশের সঙ্গে নামানো হয়েছে বিএনপির দলীয় ক্যাডারদেরও। নারী শ্রমিকরা আহত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। মৃত্যুর সাথে লড়ছেন হাসপাতালে অনেকেই।”
দমন-পীড়নে পুরোনো কায়দা
এ যেন এক বিষাক্ত রাজনৈতিক খেলা। বিরোধী শক্তিগুলো মাঠ গরম করার সুযোগ খুঁজছে। আওয়ামী লীগ আগুন নিয়ে খেলছে। আর ক্ষমতাসীন বিএনপি দমন-পীড়নের পুরোনো কায়দা দিয়ে মাঠ দখলে রাখছে। এই ত্রিভুজ রাজনৈতিক সংকটের মাঝে সবচেয়ে আশঙ্কাজনক ঘটনা হলো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা।
সাংবাদিকদের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। আওয়ামী আমলে সত্যের মুখ বন্ধ করতে সাংবাদিকদের ফোন ছিনিয়ে নেওয়া ও হেনস্তা করার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা আজ নতুন বাংলাদেশেও বজায় রয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য এক চরম হুমকি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে। আজ সচিবালয়ে ব্রিফিংকালে নবগঠিত বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার স্পষ্ট করেন যে তারা কোনো ধর্মঘটের ডাক দেননি।
ডিসেম্বরের মধ্যে যৌক্তিক মজুরি কাঠামো চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আপনারা কারখানায় ফিরে কাজে যোগ দিন। বহিরাগতদের উসকানি এড়িয়ে উৎপাদন সচল রাখুন, আপনাদের ন্যায্য পাওনার জন্য আমরা লড়াই করব।” একই সুরে আশ্বস্ত করেছে এমপ্লয়ার্স ফেডারেশন ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতৃত্ব।
যদিও বিজিএমইএ স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে। অসন্তোষ ও হামলা অব্যাহত থাকলে গাজীপুর, সাভার ও আশুলিয়ার ৬ ৭০টিরও বেশি বন্ধ হওয়া কারখানায় মালিকপক্ষ বাধ্য হয়ে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী 'কাজ নেই, বেতন নেই' নীতি বাস্তবায়ন করবে।
সংগ্রামের শেষ নেই
সামনে সরকারকে আরও বড় রাজনৈতিক ও পেশাজীবী অসন্তোষের মুখোমুখি হতে হবে। জীবনযাত্রার ব্যয় এবং অযৌক্তিক বিধিমালার বিরুদ্ধে সংগ্রাম পরিষদের উদ্যোগে আগামীকাল সকাল সাড় ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে তাঁরা সুনির্দিষ্ট সাত দফা দাবি উপস্থাপন করবেন।
যার মধ্যে অন্যতম হলো বর্তমান পরিবহন বিধিমালাকে গাড়ি উচ্ছেদের হাতিয়ার না করে কাঠামোগত পরিবর্তনের জন্য কমপক্ষে দুই বছর সময় দেওয়া। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে অনুমোদন প্রক্রিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও চালকদের লাইসেন্সকে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা এবং অযৌক্তিক নিবন্ধন-নবায়ন ফি কমানো।
পোশাক খাতের আন্দোলন থেকে শুরু করে পরিবহনের এই অসন্তোষ—রাষ্ট্র চালনার এই মেয়াদে এসে সরকার যদি আলোচনার পথ ও প্রাতিষ্ঠানিক সমাধান বাদ দিয়ে দলীয় ক্যাডার দিয়ে রাজপথ ঠান্ডা করার পুরোনো মডেল আঁকড়ে ধরে, তবে এই পরিণতি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
ক্ষমতার রঙ বদলালেও যদি দমনপীড়ন, সাংবাদিকদের মুঠোফোন কেড়ে নেওয়া এবং ভিন্নমত পিষে ফেলার সংস্কৃতি রয়ে যায়, তবে রাষ্ট্র সংস্কারের সব প্রতিশ্রুতিই কেবল কাগজে-কলমে থেকে যাবে।














