ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে পোশাকশিল্পের উৎপাদন সচল রাখা নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। সরকার মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিকেরা কাজে না ফিরলে এবং বিশৃঙ্খলা অব্যাহত থাকলে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের উদ্যোগ নিতে চান মালিকেরা।
অন্যদিকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) শ্রমিক অসন্তোষ নিয়ে পৃথক বৈঠক থেকে এসব অবস্থান উঠে এসেছে।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে বিকেলে সাধারণ সদস্যদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা করেন সংগঠনটির নেতারা। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। সেখানে শ্রমিক অসন্তোষ, উৎপাদন কার্যক্রম ও কারখানার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
বিজিএমইএর সভাপতি জানান, সভায় কিছু উদ্যোক্তা সোমবার থেকেই কারখানা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিলেন। তবে অধিকাংশ উদ্যোক্তা উৎপাদন চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, শ্রমিক আন্দোলনের নামে ধারাবাহিক বিশৃঙ্খলা চলতে থাকলে কারখানা বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
ফলে সোমবার থেকে সব কারখানা বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতির উন্নতি না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার সম্ভাবনা সামনে এসেছে। এতে চলমান শ্রমিক অসন্তোষের পাশাপাশি উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।
মাহমুদ হাসান খান বলেন, মজুরি বোর্ড গঠন নিয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছিল। সরকার ইতিমধ্যে বোর্ড গঠন করেছে। এখন আলোচনার মাধ্যমে নতুন মজুরিকাঠামো নির্ধারণের দায়িত্ব বোর্ডের। এ অবস্থায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরে আসবেন বলে প্রত্যাশা করেন তিনি।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বলে তাঁরা মনে করবেন।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে রোববার ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে বিপুলসংখ্যক কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। বিজিএমইএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, সাভারের আশুলিয়া ও জিরানী এলাকায় ৫২৯টি কারখানার শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে গেছেন।
এর মধ্যে গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে বেশি ২৭৬টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করেন। সাভার-আশুলিয়া ও জিরানী এলাকায় এমন কারখানার সংখ্যা ১৮৫টি। রাজধানীর মিরপুরে ৬৮টি কারখানায় কাজ বন্ধ করে বেরিয়ে আসেন শ্রমিকেরা।
তবে এসব কারখানার সব কটিতে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে কি না, তা বিজিএমইএর সর্বশেষ তথ্যে পৃথকভাবে উল্লেখ করা হয়নি।
রোববার সকাল থেকে মিরপুর, গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। নিরাপত্তাজনিত কারণে মিরপুরে মেট্রোরেলের তিনটি স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়।
গাজীপুরেও শ্রমিক বিক্ষোভের মধ্যে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়।
দিনভর অস্থিরতার পর সন্ধ্যা ৬টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিকদের মজুরি দাবি, মিরপুরে সংঘর্ষ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান সচল রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শ্রমমন্ত্রী জানান, ডিসেম্বরকে সামনে রেখে সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহলের তৎপরতার অভিযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক দল ও শ্রমিকসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনকে ব্যবহার করে সরকারবিরোধী ষড়যন্ত্রের চেষ্টা চলছে। রাজনৈতিকভাবেই এসব তৎপরতা মোকাবিলা করা হবে বলে জানান তিনি। তবে এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য তিনি প্রকাশ করেননি।
এর আগে রোববার সকালে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয় সরকার। শ্রমিকদের বর্তমান ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তাঁরা তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। অর্থাৎ শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি নির্ধারণ করা হলে বিদ্যমান ন্যূনতম মজুরির তুলনায় ১৪০ শতাংশ বৃদ্ধি পাবে।
তবে মজুরি বোর্ড গঠন মানেই শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন মজুরি নির্ধারিত হওয়া নয়। বোর্ডকে শ্রমিক ও মালিকপক্ষের মতামত, জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের আর্থিক সক্ষমতা বিবেচনা করে সুপারিশ দিতে হবে। নতুন মজুরি কত হবে কিংবা কবে কার্যকর হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
এ অবস্থায় পোশাকশিল্পের সামনে দুটি তাৎক্ষণিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একদিকে শ্রমিকদের কাজে ফিরিয়ে উৎপাদন স্বাভাবিক রাখা, অন্যদিকে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় শ্রমিক ও মালিকপক্ষের আস্থা নিশ্চিত করা। মালিকদের কারখানা বন্ধের হুঁশিয়ারি বাস্তবায়িত হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের আয় ও রপ্তানি আদেশ বাস্তবায়নেও চাপ বাড়তে পারে।
সরকার শিল্পকারখানা সচল রাখার নির্দেশ দিলেও মালিকদের অবস্থান থেকে স্পষ্ট, উৎপাদন অব্যাহত রাখার বিষয়টি এখন অনেকটাই শ্রমিক আন্দোলনের পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করছে। ফলে মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনই এখন পোশাকশিল্পের স্থিতিশীলতা ফেরানোর প্রধান পরীক্ষা।












