ছবি- বিবিএস
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানে রাজনৈতিক স্বার্থে কারসাজি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তাঁর দাবি, ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রকৃত হিসাবের তুলনায় জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ৮ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। বিশেষ করে উৎপাদনশিল্পের বিভিন্ন উপখাতে মনগড়া তথ্য যুক্ত করে তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় হিসাব ও শিল্প উৎপাদনের তথ্যের নির্ভরযোগ্যতা পর্যালোচনায় গঠিত বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদনের ওপর মতামত নিতে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় দেখা যায়, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। পরবর্তী ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। অর্থাৎ দুই সময়ের গড় প্রবৃদ্ধির ব্যবধান ১ দশমিক ১২ শতাংশীয় পয়েন্ট। এই বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প থেকে, যার অবদান শূন্য দশমিক ৪৬২৭ শতাংশীয় পয়েন্ট।
পর্যালোচনা প্রতিবেদনে উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে। প্রথম মেয়াদে এ খাতের গড় প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ, যা দ্বিতীয় মেয়াদে বেড়ে ১২ দশমিক ১১ শতাংশ দেখানো হয়। এই বৃদ্ধির প্রায় ৭৯ শতাংশ এসেছে মাঝারি ও বৃহৎ শিল্প থেকে। একই সময়ে জিডিপিতে এসব শিল্পের অংশ ১৫ দশমিক ১৬ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ২৫ শতাংশে পৌঁছায়।
কিন্তু দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের উৎপাদন প্রবৃদ্ধি একই সময়ে উল্লেখযোগ্যভাবে কমেছে। শিল্প উৎপাদনের সূচকে পোশাক খাতের অংশ ৩৪ দশমিক ৮৪ শতাংশ হলেও এ খাতের গড় প্রবৃদ্ধি ১৩ দশমিক ৫৫ শতাংশ থেকে নেমে আসে ৮ দশমিক ৬৯ শতাংশে। বিপরীতে উৎপাদনশিল্পের ২২টি উপখাতের মধ্যে ১৬টিতেই প্রবৃদ্ধি বেড়েছে।
বিশেষ করে সিমেন্ট ও ইট উৎপাদনসংশ্লিষ্ট অন্যান্য অধাতব খনিজ খাতের প্রবৃদ্ধি ২ দশমিক ৩২ শতাংশ থেকে বেড়ে ২৫ দশমিক ৬৭ শতাংশ দেখানো হয়েছে। টেক্সটাইল খাতের প্রবৃদ্ধিও প্রায় শূন্য দশমিক ০৫ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ১৪ শতাংশে পৌঁছায়। পরিবহন সরঞ্জাম, যন্ত্রপাতি ও ইলেকট্রনিকস খাতের প্রবৃদ্ধির পরিবর্তন ছিল যথাক্রমে ৩৮ দশমিক ৯, ৩০ ও ২৮ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট।
বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় শিল্প উৎপাদনের তথ্য সংগ্রহ ও সংকলন পদ্ধতিতেও গুরুতর দুর্বলতা পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে একটি বা অল্প কয়েকটি প্রতিষ্ঠানের উৎপাদনের তথ্যের ওপর নির্ভর করে পুরো শিল্প উপখাতের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। এতে কোনো একটি প্রতিষ্ঠানের অস্বাভাবিক উৎপাদন বৃদ্ধি বা হ্রাস পুরো খাতের প্রবৃদ্ধির হিসাবকে প্রভাবিত করার সুযোগ তৈরি হয়েছে।
উদাহরণ হিসেবে পেট্রোলিয়াম পরিশোধন খাতের তথ্য তুলে ধরা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ৮৭ দশমিক ৪ শতাংশ দেখানো হলেও পরের অর্থবছরে তা ঋণাত্মক ৫০ দশমিক ৩ শতাংশে নেমে আসে। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, এ হিসাবের ক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির তথ্যের ওপর নির্ভরতা ছিল। ফলে একটি প্রতিষ্ঠানের উৎপাদনের পরিবর্তন পুরো উপখাতের প্রবৃদ্ধিতে বড় প্রভাব ফেলেছে।
জাহাজ নির্মাণ খাতেও একই ধরনের অস্বাভাবিকতা পাওয়া গেছে। ২০১৪-১৫ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ২৪২ দশমিক ৪ শতাংশ এবং পরের অর্থবছরে ৯৭ দশমিক ৬ শতাংশ দেখানো হয়। বিশেষজ্ঞদের মতে, একটি বড় সামরিক বা রপ্তানি আদেশের কারণে উৎপাদন সাময়িকভাবে বেড়ে গেলে সেটিকে পুরো শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি হিসেবে বিবেচনা করা বিভ্রান্তিকর হতে পারে।
সিমেন্টশিল্পের হিসাবেও গুরুত্বপূর্ণ দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি করা ক্লিংকার, প্রকৃত মূল্য সংযোজন এবং মজুত পণ্যের পরিবর্তন যথাযথভাবে সমন্বয় না করলে উৎপাদনের পরিমাণ ও প্রবৃদ্ধি অতিরঞ্জিত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা পুরো উপখাতের হিসাবকে প্রভাবিত করতে পারে।
অর্থ উপদেষ্টা তিতুমীর বলেন, বিবিএসের নিজস্ব মাঠপর্যায়ের জরিপের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য উৎস থেকে সংগৃহীত উপাত্তে বিকৃতির সুযোগ বেশি ছিল। সেই সুযোগ ব্যবহার করে সাতটি খাতের তথ্যে অসংগতি তৈরি করা হয়েছে। তাঁর মতে, তৈরি পোশাক খাতে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় সেখানে বিকৃতির সুযোগ কম ছিল। অন্যদিকে পেট্রোলিয়াম পরিশোধন, জাহাজ নির্মাণ ও সিমেন্টের মতো খাতে অস্বাভাবিক উৎপাদন ও মূল্য সংযোজন দেখিয়ে সামগ্রিক শিল্প প্রবৃদ্ধি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে।
জিডিপির পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। বিশ্বব্যাংকের ২০২২ সালের এক বিশ্লেষণে স্যাটেলাইটের মাধ্যমে রাতে ধারণ করা আলোর তথ্য থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে চিত্র পাওয়া যায়, তার সঙ্গে সরকারের প্রকাশিত জিডিপি প্রবৃদ্ধির হিসাবে উল্লেখযোগ্য অসামঞ্জস্য দেখা যায়। ২০২৪ সালের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রেও কর আদায়, বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের প্রবৃদ্ধির সঙ্গে ঘোষিত জিডিপি প্রবৃদ্ধির অসামঞ্জস্য তুলে ধরা হয়।
এ ছাড়া ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মূল্যায়নে বাংলাদেশের জাতীয় হিসাব সংকলন কাঠামোকে ‘সি’ গ্রেড দেওয়া হয় বলে পর্যালোচনা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। জাতীয় হিসাব প্রকাশে বিলম্ব এবং প্রাক্কলন পদ্ধতির দুর্বলতাও চিহ্নিত করা হয়। ২০২৫ সালের বিশেষজ্ঞ টাস্কফোর্স জাতীয় হিসাব প্রণয়নে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার অভাব ও প্রশাসনিক প্রভাব বিস্তারের ঝুঁকির বিষয়টি সামনে আনে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান শুধু একটি সংখ্যা নয়; বাজেট প্রণয়ন, রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ, ঋণ ব্যবস্থাপনা, বিনিয়োগ পরিকল্পনা এবং উন্নয়ন নীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। ফলে প্রবৃদ্ধির হিসাব প্রকৃত অবস্থার চেয়ে বেশি দেখানো হলে অর্থনীতির সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। একই সঙ্গে বিনিয়োগ ও নীতিনির্ধারণী সিদ্ধান্তেও তার প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞ কমিটি জাতীয় হিসাবের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে তথ্য সংগ্রহ, যাচাই, সংকলন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কারের সুপারিশ করেছে। বিশেষ করে বিবিএসের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত, শিল্প উৎপাদনের নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে উপাত্তের উৎস, হিসাব পদ্ধতি ও সংশোধনের প্রক্রিয়া প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা বাড়ানোর কথা বলা হয়েছে।
তিতুমীর জানান, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় কোনো প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা পেশাদার পদ্ধতিতে কাজ করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে জিডিপি কোনো সংখ্যা বা রাজনৈতিক হাতিয়ার নয়, জিডিপির সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়।’
সেমিনারে বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. আতনু রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।












