ডিএসজে
উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দের পুরোনো ধারা বদলাতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ধীরগতির প্রকল্পের বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন প্রকল্প গ্রহণে কড়াকড়ি আরোপ এবং মূল বাজেটের বাইরে অতিরিক্ত অর্থ দাবি নিষিদ্ধ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ৯ নভেম্বর জারি করা ২০২৬–২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলনসংক্রান্ত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব (বাজেট-১) ড. জিয়াউল আবেদীন। অর্থ বিভাগের ওয়েবসাইটেও সংশোধিত বাজেট প্রণয়নসংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে।
পরিপত্র অনুযায়ী, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) প্রকল্পের সংখ্যা সীমিত রাখতে হবে। সরকারের কৌশলগত লক্ষ্য, নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার বিবেচনায় গুরুত্বপূর্ণ প্রকল্প রাখতে হবে। প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। বরাদ্দ ছাড়া কোনো প্রকল্প আরএডিপির মূল অংশে রাখা যাবে না।
বিশেষ গুরুত্ব পাবে চলতি অর্থবছরে শেষ হওয়ার কথা থাকা প্রকল্পগুলো। পাশাপাশি বৈদেশিক ঋণ ও অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্প, অর্থায়ন নিশ্চিত হওয়া প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কৃষি, বিদ্যুৎ, পরিবেশ ও জলবায়ু এবং দুর্যোগ মোকাবিলাসংক্রান্ত প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে।
বিদেশি ঋণ বা অনুদানের অর্থ ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দও নিশ্চিত করতে বলা হয়েছে। চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার প্রয়োজনীয় অর্থ সংস্থানের পরই কেবল অপরিহার্য নতুন প্রকল্পে স্থানীয় মুদ্রা বরাদ্দের প্রস্তাব করা যাবে। একই সংস্থার অধীনে একই ধরনের একাধিক ছোট প্রকল্প আলাদা না রেখে গুচ্ছ প্রকল্প করার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যয় সংকোচনের ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছে অর্থ বিভাগ। পরিচালন ও উন্নয়ন ব্যয় মূল বাজেটের নির্ধারিত সীমার মধ্যেই রাখতে হবে। কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না। তবে মোট ব্যয়সীমা অতিক্রম না করে প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ বরাদ্দ পুনর্বিন্যাসের সুযোগ থাকবে।
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি কেনা, বিদেশে প্রশিক্ষণ এবং নতুন ভবন নির্মাণে বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসংশ্লিষ্ট স্থাপনায় ব্যতিক্রম রয়েছে। এ ছাড়া কমপক্ষে ৭০ শতাংশ কাজ শেষ হওয়া ভবন নির্মাণ প্রকল্প অর্থ বিভাগের অনুমোদন নিয়ে এগিয়ে নেওয়া যাবে।
যানবাহন কেনার ক্ষেত্রেও সীমিত ব্যতিক্রম রাখা হয়েছে। ১০ বছরের বেশি পুরোনো অনুমোদিত যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় গাড়ি অর্থ বিভাগের অনুমোদনে কেনা যাবে। তবে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া এভাবে কেনা জিপ ও কার হতে হবে সম্পূর্ণ বৈদ্যুতিক। ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পে এ শর্ত শিথিলযোগ্য।
সরকারি অর্থে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে। অত্যাবশ্যকীয় ক্ষেত্রে যথাযথ অনুমোদন নিয়ে সীমিত ব্যতিক্রমের সুযোগ রয়েছে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনার সুদমুক্ত বিশেষ অগ্রিমের জন্যও বরাদ্দ রাখা যাবে না।
সংশোধিত বাজেটের প্রাক্কলন তৈরিতে চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত রাজস্ব আদায় ও ব্যয়ের ধারা বিবেচনা করতে বলা হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরিচালন বাজেটের সংশোধিত প্রাক্কলন আগামী ২৬ নভেম্বরের মধ্যে অর্থ বিভাগে জমা দিতে হবে।
নতুন নির্দেশনার মূল লক্ষ্য সীমিত অর্থ ছড়িয়ে না দিয়ে অগ্রাধিকারপ্রাপ্ত ও দ্রুত শেষ করা সম্ভব এমন প্রকল্পে কেন্দ্রীভূত করা। তবে কোন প্রকল্প থেকে কত বরাদ্দ কমবে, তা সংশোধিত উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত হওয়ার পরই জানা যাবে।











