ডিএসজে
টানা দুই মাসের স্থবিরতা কাটিয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা গতি ফিরেছে। কৃষি, শিল্প, নির্মাণ ও সেবা—চার খাতেই উন্নতির ইঙ্গিত মিলেছে। কিন্তু কারখানায় নতুন অর্ডার ও উৎপাদন এখনো কমছে। ব্যবসা পরিচালনার বাড়তি খরচ, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং চলতি মূলধনের সংকট নতুন বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পথে বাধা হয়ে রয়েছে।
দেশের ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনের পরিস্থিতি নিয়ে প্রকাশিত অক্টোবরের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে রোববার (৮ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে দেশের সামগ্রিক পিএমআই সূচক দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮ পয়েন্টে। সেপ্টেম্বরে ছিল ৪৮ দশমিক ৬। অর্থাৎ এক মাসে সূচকটি বেড়েছে ৩ দশমিক ২ পয়েন্ট। এর আগে আগস্ট ও সেপ্টেম্বর—টানা দুই মাস অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
পিএমআই হলো ব্যবসা ও উৎপাদনের গতি বোঝার একটি সূচক। এর মান ৫০-এর বেশি হলে আগের মাসের তুলনায় কর্মকাণ্ড বাড়ার ইঙ্গিত পাওয়া যায়। আর ৫০-এর নিচে থাকলে তা কমার ইঙ্গিত দেয়। তবে সূচক বাড়ার অর্থ এই নয় যে একই হারে উৎপাদন, বিনিয়োগ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে।
অক্টোবরের প্রতিবেদনে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কৃষি খাত। এ খাতের সূচক সেপ্টেম্বরের ৫৫ দশমিক ২ থেকে বেড়ে ৬১ দশমিক ২ পয়েন্টে পৌঁছেছে। টানা ১৪ মাস ধরে কৃষিতে কর্মকাণ্ড বাড়ছে। নতুন ব্যবসা, কাজের পরিমাণ ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রবণতা রয়েছে।
শিল্প খাতের সূচকও সেপ্টেম্বরে ৪৪ দশমিক ৮ থেকে বেড়ে অক্টোবরে ৫০ দশমিক ৯ পয়েন্টে উঠেছে। কারখানায় কাঁচামাল ও তৈরি পণ্যের মজুত বেড়েছে। আমদানি এবং কর্মসংস্থানের সূচকেও উন্নতি হয়েছে।
তবে শিল্প খাতের এই উন্নতির মধ্যেই রয়েছে উদ্বেগের কারণ। কারখানায় নতুন পণ্য তৈরির অর্ডার কমছে। বিদেশ থেকেও নতুন রপ্তানি অর্ডার কম আসছে। এমনকি কারখানার প্রকৃত উৎপাদন কার্যক্রমের সূচকও সংকোচনের মধ্যে রয়েছে।
অর্থাৎ শিল্প খাতের সামগ্রিক সূচক বাড়লেও নতুন কাজের চাহিদা এখনো শক্তিশালী হয়নি। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কাঁচামাল ও পণ্যের মজুত বাড়ালেও সেই অনুপাতে উৎপাদন ও বিক্রির নতুন সুযোগ তৈরি হচ্ছে না। এ পরিস্থিতিতে নতুন কারখানা স্থাপন বা বিদ্যমান কারখানার উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।
নির্মাণ খাতেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। সেপ্টেম্বরে এ খাতের সূচক ছিল ৪৮ দশমিক ৫, অক্টোবরে বেড়ে হয়েছে ৫১ পয়েন্ট। কর্মসংস্থানের পরিস্থিতি কিছুটা ভালো হলেও নতুন নির্মাণকাজের চাহিদা এবং নির্মাণ কার্যক্রম এখনো সংকুচিত হচ্ছে। পাশাপাশি নির্মাণসামগ্রীর ব্যয় বাড়ার চাপ রয়েছে।
সেবা খাতের সূচক ৪৯ থেকে বেড়ে ৫০ দশমিক ৩ পয়েন্টে উঠেছে। তবে চার খাতের মধ্যে এ খাতের অবস্থান সবচেয়ে দুর্বল। কর্মসংস্থানের সূচকে উন্নতি হলেও নতুন ব্যবসা ও সেবা কার্যক্রম কমছে। ব্যবসা পরিচালনার খরচও বাড়ছে।
প্রতিবেদনটি বলছে, চার খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেই ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রত্যাশা রয়েছে। কিন্তু এই আশাবাদ এখনো নতুন অর্ডার, উৎপাদন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে শক্তিশালী উন্নতি আনতে পারেনি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাশরুর রিয়াজ বলেন, দুই মাসের কঠিন পরিস্থিতির পর অক্টোবরে অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা উন্নতি ইতিবাচক। বিশেষ করে কৃষি খাতের শক্তিশালী অবস্থান এবং রপ্তানি পরিস্থিতির উন্নতি এতে ভূমিকা রেখেছে।
তবে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া এখনো নাজুক বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন অর্ডার এবং ব্যবসায়িক কর্মকাণ্ড কমছে। একই সঙ্গে উৎপাদন উপকরণের ব্যয় বেশি রয়েছে। ফলে সামগ্রিক চাহিদায় শক্তিশালী উন্নতি দেখা যাচ্ছে না।
নতুন বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন মাশরুর রিয়াজ। এগুলো হলো নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, ব্যবসাপ্রতিষ্ঠানের চলতি মূলধনের সংকট কমানো এবং উৎপাদন ও ব্যবসা পরিচালনার খরচ নিয়ন্ত্রণে রাখা।
চলতি মূলধন বলতে ব্যবসার দৈনন্দিন কার্যক্রম চালানোর অর্থকে বোঝায়। কাঁচামাল কেনা, শ্রমিকের মজুরি দেওয়া ও নিয়মিত খরচ মেটাতে এই অর্থ প্রয়োজন। পর্যাপ্ত অর্থের অভাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পক্ষে উৎপাদন বাড়ানো কঠিন হয়ে পড়ে।
অন্যদিকে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হলে কারখানার উৎপাদন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। এর সঙ্গে কাঁচামাল ও অন্যান্য খরচ বাড়লে নতুন বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়েও উদ্যোক্তাদের অনিশ্চয়তা তৈরি হয়।
মাশরুর রিয়াজের মতে, ভবিষ্যৎ ব্যবসা নিয়ে ইতিবাচক প্রত্যাশাকে বাস্তব বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে রূপ দিতে হলে ব্যবসা পরিচালনার পরিবেশ আরও স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য করতে হবে।
সব মিলিয়ে অক্টোবরের পিএমআই অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা গতি ফেরার বার্তা দিলেও নতুন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় শক্তিশালী চাহিদা ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ এখনো পুরোপুরি তৈরি হয়নি। ফলে এই উন্নতি ধরে রাখার বড় পরীক্ষা হবে নতুন অর্ডার, উৎপাদন ও বিনিয়োগে বাস্তব অগ্রগতি নিশ্চিত করা।











