ছবি: সংসদ সচিবালয়
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ক্রয়নীতি অমান্য করে লিজ নেওয়া ১৫ বছরের পুরোনো দুই ড্যাশ-৮ উড়োজাহাজ কেনার প্রক্রিয়ায় জড়িতদের তালিকা তলব করেছে সংসদীয় কমিটি। তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির যেসব সদস্য এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি অর্থের অপচয় ঘটিয়েছেন, আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে তাঁদের নাম জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সভায় সংস্থাটির দীর্ঘদিনের প্রযুক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে রাজস্ব ফাঁকি, বাণিজ্যিক সম্ভাব্যতা না মেনে লোকসানি রুট পরিচালনা এবং বিপুল অঙ্কের ঝুলন্ত অডিট আপত্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে জানানো হয়, বিমানে লিজের মেয়াদ শেষে পুরোনো উড়োজাহাজ কিনে নেওয়ার কোনো সুযোগ নীতিমালায় ছিল না। নিয়ম ভেঙে কেনা দুই ড্যাশ-৮ উড়োজাহাজের অতিরিক্ত পরিচালন ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে সংস্থাটি। এ ছাড়া লিজসংক্রান্ত যাবতীয় চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে জমা দিতে বিমান কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার সুবাদে আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে সংগৃহীত টাকা অ্যাকাউন্টিং সিস্টেমে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়ম ও রাজস্ব ফাঁকি বন্ধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় থেকে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু করা হয়েছে। অডিটের স্বার্থে সংস্থাটিকে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের সব তথ্য-উপাত্ত সরবরাহের নির্দেশ দেওয়া হয়।
প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান 'স্যাবর'-এর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী পুরো কার্যাদেশ না পাওয়া সত্ত্বেও সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে। এই চুক্তির অনিয়ম খতিয়ে দেখতে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকের বরাত দিয়ে সংসদ সচিবালয় আরও জানায়, করোনাকালে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে বাড়তি টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার অভ্যন্তরীণ তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা আটকে রয়েছে। ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান আটটির সপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে না পারায় তা প্রত্যাখ্যান করেছে অডিট বিভাগ। এসব অনাদায়ী অর্থ উদ্ধারে এক মাসের মধ্যে সুনির্দিষ্ট সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।
কমিটি মনে করছে, যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়া পরিচালনা পর্ষদের খেয়ালখুশিমতো বিভিন্ন রুট চালুর ফলে বিমান বড় অঙ্কের আর্থিক লোকসানে পড়েছে। বৈঠকে সংশ্লিষ্ট পর্ষদের নথিপত্রসহ প্রতিটি রুটের বিস্তারিত আয়-ব্যয়ের হিসাব চাওয়া হয়েছে।
কমিটির সভাপতি নূরুল ইসলাম মনি সংস্থায় আর্থিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেন। জাতীয় এই প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও লাভজনক সংস্থায় পরিণত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, মোছাঃ তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেনসহ সিএজি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















