ঢাকা,  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

আইপিও আবেদন সহজ করতে সিঙ্গেল উইন্ডো

শেষ মুহূর্তে ছয় কোম্পানির ৬১৩ কোটি টাকার আবেদন; স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সমন্বিত পর্যালোচনা, লভ্যাংশের ব্যাংক হিসাবেও ছাড়

পুঁজিবাজার

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫,১০ নভেম্বর ২০২৬

আইপিও আবেদন সহজ করতে সিঙ্গেল উইন্ডো

ডিএসজে

দুই বছরের বেশি সময় ধরে নতুন আইপিওবিহীন পুঁজিবাজারে ছয় কোম্পানির আবেদন জমা পড়ার পর এবার আবেদন যাচাইয়ের পদ্ধতি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নতুন ‘সিঙ্গেল উইন্ডো রিভিউ’ পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সমন্বিতভাবে আইপিও আবেদন পর্যালোচনা করা হবে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন কোম্পানির তালিকাভুক্তি সহজ ও দ্রুত করাই এ উদ্যোগের লক্ষ্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০৩৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র মো. আবুল কালাম।

বিএসইসি জানিয়েছে, আইপিও আবেদন পর্যালোচনা আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালু করা হবে। এ ব্যবস্থায় স্টক এক্সচেঞ্জ আইপিও আবেদন যাচাইয়ের সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা গ্রহণ করবে। এরপর নিজেদের পর্যবেক্ষণের সঙ্গে কমিশনের মতামত পর্যালোচনা ও বিবেচনা করে সংশ্লিষ্ট আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ পাঠাবে।

অর্থাৎ নতুন পদ্ধতিতে আইপিও আবেদন পর্যালোচনার সমন্বয়কারী হিসেবে কাজ করবে স্টক এক্সচেঞ্জ। তবে আইপিও অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্টক এক্সচেঞ্জকে দেওয়া হচ্ছে না। আবেদন যাচাই শেষে তারা কমিশনের কাছে সুপারিশ পাঠাবে।

এমন সময়ে নতুন পদ্ধতি চালুর সিদ্ধান্ত এসেছে, যখন দীর্ঘ বিরতির পর ছয়টি কোম্পানি পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের আবেদন করেছে। গত ২৮ অক্টোবর হিসাব বছর শেষ হওয়ার পর নির্ধারিত ১২০ দিনের সময়সীমা ফুরানোর আগে কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে আবেদন জমা দেয়।

আবেদনকারী কোম্পানিগুলো হলো কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি, পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসি, স্ক্যানডেক্স (বিডি) লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি, ডজিকন টেকনোলজিস পিএলসি ও প্রটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিগুলো সম্মিলিতভাবে ৬১৩ কোটি ৬৫ লাখ টাকা সংগ্রহ করতে চায়। এর মধ্যে শুধু কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির প্রস্তাবিত আইপিওর আকার ৪০০ কোটি টাকা।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পুঁজিবাজারে নতুন কোনো আইপিও আসেনি। রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর আগে জমা থাকা আইপিও আবেদনগুলো বাতিল বা ফেরত পাঠায়। তবে দীর্ঘ মন্দায় বিপর্যস্ত বাজারে নতুন কোম্পানি আনতে সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থা উদ্যোগী হয়েছে। সম্ভাবনাময় কোম্পানিগুলোকে মূলধন সংগ্রহে উৎসাহিত করার পাশাপাশি আইপিও বিধিমালার বিভিন্ন শর্ত শিথিলের উদ্যোগও নেওয়া হচ্ছে।

নতুন আবেদনগুলোর আর্থিক সক্ষমতা, নিরীক্ষিত হিসাবের নির্ভরযোগ্যতা এবং তালিকাভুক্তির যোগ্যতা যাচাইয়ের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে অতীতে দুর্বল মৌলভিত্তির কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়ার অভিজ্ঞতায় আবেদন নিষ্পত্তির গতি বাড়ানোর পাশাপাশি যাচাইয়ের মান বজায় রাখাও নিয়ন্ত্রক সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ।

তবে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতিতে আবেদন পর্যালোচনার কতটি ধাপ কমবে, নিষ্পত্তিতে কত দিন সময় সাশ্রয় হবে কিংবা নতুন পদ্ধতি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

একই কমিশন সভায় তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণের ব্যাংক হিসাব পরিচালনার একটি বিধিনিষেধও শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক একই সঙ্গে যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, সেই ব্যাংকে সংশ্লিষ্ট কোম্পানির লভ্যাংশ বিতরণের হিসাব পরিচালনায় বিধিনিষেধ রয়েছে। নতুন সিদ্ধান্তে ওই বিধিনিষেধ শিথিল করে একই ব্যাংকে লভ্যাংশের হিসাব পরিচালনার সুযোগ দেওয়া হবে।

এ জন্য ২০২১ সালের ১৪ জানুয়ারি জারি করা বিএসইসির নির্দেশনা এবং এর পরবর্তী সংশোধনীগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। সংশোধিত নির্দেশনা জারির দিন থেকে নতুন সুবিধা কার্যকর হবে।

তবে একই ব্যক্তি কোম্পানি ও ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলে সম্ভাব্য স্বার্থের সংঘাত মোকাবিলায় নতুন কোনো বিশেষ শর্ত থাকবে কি না, সে বিষয়ে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।